ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিস জনসন রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন


বরিস জনসন রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন

রাশিয়া ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে। হামলার ঘটনার কিছু সময় আগে, বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একই রেলপথে অন্য একটি ট্রেনে যাত্রা করেছিলেন। খবর বিবিসির

ইউক্রেনের ইয়াহোদিন এলাকায় সংঘটিত এই হামলায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বরিস জনসন এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা কর্মকর্তারা কিয়েভে একটি সম্মেলন শেষে একই রেলপথে ফিরছিলেন।

আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ

রাশিয়া জানায়, তারা পশ্চিম ইউক্রেনের ‘রেল অবকাঠামোতে’ হামলা করেছে। তবে, ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি উক্রজালিজনিতসিয়া বলেছে, হামলার লক্ষ্য সম্ভবত কূটনৈতিক ট্রেনও হতে পারে।

হামলার সময় ইয়াহোদিন স্টেশনে অবস্থানরত আরেকটি ট্রেনের যাত্রী এবং সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রিয়াস ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, "এটি এমন এক নেতার কাজ, যিনি ইউক্রেনের সাধারণ মানুষকে আতঙ্কিত করতে চাইছেন।"

ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রুশ হামলার আশঙ্কায় নির্ধারিত সময়ের আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। হামলার মাত্র ১৫ মিনিট আগে যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, ইউক্রেন ও পোল্যান্ড—দুই দেশের কর্তৃপক্ষ জানায়, রুশ ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে আঘাত হানে।

আরও পড়ুন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান কাল ৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন

সম্মেলন শেষে একই পথে ফিরছিলেন সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্টও। তিনি জানান, তার ট্রেন থামার পর যাত্রীদের সম্ভাব্য সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। পরে পরিস্থিতি নিরাপদ বলে জানানো হলে ট্রেনটি আবার যাত্রা শুরু করে এবং নিরাপদে পোল্যান্ডের দোরোহুস্ক সীমান্ত স্টেশনে পৌঁছায়।

বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেন, পোল্যান্ড সীমান্তের কাছে একটি স্থির ইউক্রেনীয় ট্রেনে হামলা চালানোর পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কী যুক্তি ছিল, তিনি বুঝতে পারছেন না।

তিনি এটিকে প্রতিদিনের ‘এলোমেলো ও অর্থহীন হামলার’ আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

জনসন ইউক্রেনের মিত্রদের দ্রুত দেশটিকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানান। ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে আরও প্রতিরোধী ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে।

আরও পড়ুন: ইরান কেন নির্মাণ করছে শত শত বাঁধ?

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, ইয়াহোদিনে হামলা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর দরজায় রুশ ‘সন্ত্রাসের কড়া নাড়ার’ মতো। তিনি মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

এদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। তিনি বলেন, রাশিয়ার কর্মকাণ্ড ক্রমেই বাড়ছে এবং তা পোল্যান্ডের সীমান্তের আরও কাছে চলে আসছে।

বরিস জনসন ও ইউরোপের অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা কিয়েভে অনুষ্ঠিত ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি (ওয়াইইএস) সম্মেলন শেষে ফিরছিলেন। প্রতিবছর অনুষ্ঠিত এই সম্মেলনে রাজনীতি, ব্যবসা, নিরাপত্তা ও গণমাধ্যমের নেতৃস্থানীয় ব্যক্তি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

আরও পড়ুন: গণহত্যার রায়, তবু রোহিঙ্গাদের জীবন অনিশ্চয়তায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপিতে ৩ সহকারী কমিশনারের রদবদল, এক কর্মকর্তার বদলি আদেশ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


ডিএমপিতে ৩ সহকারী কমিশনারের রদবদল, এক কর্মকর্তার বদলি আদেশ বাতিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পাশাপাশি, অপর এক কর্মকর্তার পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে এবং প্রশাসনিক প্রয়োজনে এই পদায়ন ও রদবদল সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালনরত মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে কর্মরত মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪)-কে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব পালনকারী মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২)-কে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া, ডিএমপি সদরদপ্তরের ৮ সেপ্টেম্বরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশটি বাতিল করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, অভিযানের সময় ভারতীয় শাড়ি, গরু, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবান জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনার আলোকে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শি জিনপিং মোদির নৈশভোজে অংশ নিলেন না, ক্লান্তির কারণে ফিরে যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


শি জিনপিং মোদির নৈশভোজে অংশ নিলেন না, ক্লান্তির কারণে ফিরে যান

ব্রিকস সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কেন তিনি ওই নৈশভোজে উপস্থিত হননি, সে বিষয়ে তার প্রতিনিধিদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়নি। তবে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকের পর বিশ্রামের জন্য তিনি হোটেলে ফিরে গেছেন।

গত শনিবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করেন শি জিনপিং। একই দিনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করেন। চীনের প্রেসিডেন্ট দিনভর বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন।

এনডিটিভির সূত্রে জানা গেছে, দীর্ঘ বিমানযাত্রার পর সময়ের পার্থক্যের কারণে শি জিনপিং ক্লান্ত অনুভব করছিলেন। এ কারণেই তিনি মোদির আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেননি। শি জিনপিং ছাড়া আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদও নৈশভোজে উপস্থিত হননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য কয়েকজন নেতা এতে অংশগ্রহণ করেন। নৈশভোজে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লার পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও নৈশভোজে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে মধ্য দিল্লির ভারত ম-পমে নৈশভোজের অনুষ্ঠানে যান।

দুই দিনের ব্রিকস সম্মেলন আজ শেষ হবে। এতে ১১টি সদস্য দেশের নেতা ছাড়াও ১০টি অংশীদার দেশের নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদির সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারত-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেন, ‘পার্থক্য যেন বিরোধে পরিণত না হয়।’ বৈঠকে মোদি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ককে পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত করা উচিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে তিয়ানজিনে তাদের সর্বশেষ বৈঠকের পর ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, দুই নেতা তা স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আবারও তেহরানের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করে ওয়াশিংটনের এই অবস্থান তুলে ধরেছেন, এমনটি সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলে তা ইরানের পরমাণু কর্মসূচির ওপর কেন্দ্রীভূত করতে চায়। তবে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনার মূল এজেন্ডায় রাখতে চায় না যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানের প্রতিনিধিরা আঞ্চলিক দেশগুলোর কাছে পরিষ্কার করেছেন যে, হরমুজ প্রণালির সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসতে আগ্রহী নন। এর মধ্যে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত, যেখানে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশ পরিচালিত হয়। এছাড়া, বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই, প্রণালিতে অস্থিরতা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত বন্ধের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, তাসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে, ৮ জুলাই ভোরে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বড় ধরনের হামলা শুরু করে। ওয়াশিংটন অভিযোগ করে যে, হরমুজ প্রণালি নিয়ে হওয়া সমঝোতার শর্ত ইরান লঙ্ঘন করেছে। পরবর্তীতে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের সামরিক চাপের পরিবর্তে নিষেধাজ্ঞার মাধ্যমে অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেয়।

বর্তমানে, যদিও ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচিকে আলোচনার কেন্দ্রে আনতে চায়, তেহরান হরমুজ প্রণালির সংকট ও মার্কিন অবরোধ প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে, দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু হলেও কোন ইস্যু আগে সমাধান হবে, তা নিয়ে মতপার্থক্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র: তাস, সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%