০৯:২২ পি.এম
যশোরের মনিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মনিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং অন্যজন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ের একটি দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি কার্যক্রম পরিচালনা করছিলেন এমদাদুল হক ও আজিবুর রহমান। স্থানীয়দের অভিযোগ, তাঁরা কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির কাজে জড়িত ছিলেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় এমদাদুল হক ও দোকান মালিক মফিজুর রহমান পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে ডাঙ্গা মহিষদিয়া এলাকা থেকে স্থানীয়রা এমদাদুল হককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন