০৫:৪৬ এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম এবং তিনটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এই ঘটনা ঘটে। ওই সময় গুদামগুলোতে তিন হাজার মণ পাট ছিল, যা আগুনে ভস্মীভূত হয়। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই আগুনের শিখা দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বাজারের সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
আরও পড়ুন: নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল বলেন, "রাত ৮টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, ফলে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়। প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়; যার মূল্য প্রায় দুই কোটি টাকা।"
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে পুড়ে যায়।
কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলছে।
আরও পড়ুন: বাঁশের সাঁকোই ১০ গ্রামের ভরসা, নবগঙ্গায় পাকা সেতুর অপেক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন