০২:৩৪ পি.এম
বাগেরহাট, ২২ নভেম্বর, ২০২৬ : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচন ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।
এ আহবান তিনি শনিবার রাতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বাগেরহাট জেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জানান।
সভাটি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলার নয়টি উপজেলা এবং বাগেরহাট, মংলা ও মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির শীর্ষ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এনসিপির চার নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছেন
সভায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কার্যক্রম মোকাবিলায় করণীয় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয়ী একক প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে যোগ্য, জনসম্পৃক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা উচিত।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ব্যক্তিস্বার্থ বা দলীয় বিভেদ নয়, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ করা উচিত।
প্রতিমন্ত্রী রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি ও বিশৃঙ্খলা পরিহার করে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জন করতে হলে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার স্ত্রীর অভিযোগ: স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা
সভায় উপস্থিত নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থী নির্ধারণের বিষয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন