০৬:৫২ পি.এম
খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে সড়ক ও ড্রেনের পাশাপাশি প্রত্যেকের বাড়ি-ঘরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আবশ্যক। ঝোপঝাড় ও বদ্ধ পানি অপসারণের প্রয়োজন রয়েছে।
তিনি উল্লেখ করেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুসরণ করে তিন মাস আগে থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না।
আজ সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
এ সময় নজরুল ইসলাম মঞ্জু বন্ধুমহল ও পরিবারের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা গড়ে উঠলে ডেঙ্গু জ্বরের সংক্রমণ হ্রাস পাবে।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
এতে অন্যান্যদের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন