ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাবানা কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন পরিচালক


শাবানা কেন ‘আম্মাজান’ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন পরিচালক

মা ও ছেলের সম্পর্কের গল্পনির্ভর নির্মিত ব্যবসাসফল সিনেমা প্রয়াত নায়ক মান্নার ‘আম্মাজান’ আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে। এখনো সেই ‘আম্মাজান’ গানটি সিনেমাপ্রেমী দর্শকদের মুখে মুখে শোনা যায়। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ও মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার গান আজও কোটি সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। সম্প্রতি জানা গেছে, কিংবদন্তি অভিনেত্রী শাবানা সেই সিনেমা প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে। তিনি সিনেমাটিতে কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শাবানা? সে বিষয়টি জানালেন নির্মাতা।

কিছুদিন আগে, কেন শাবানা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন সিনেমার বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। যদিও সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে শাবানা অভিনয় না করলেও আরেক বর্ষীয়ান অভিনেত্রী শবনম অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘আম্মাজান’ মুক্তির পর বক্স অফিসে এটি সুপার হিট হয়। তবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

‘আম্মাজান’ সিনেমার পরিচালক কাজী হায়াৎ বলেন, আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। যখন তাকে গল্পটি শোনালাম, তিনি কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন— আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন। কিন্তু পরদিন যখন পরিচালক শিডিউল নিতে শাবানার কাছে গেলেন, ঠিক তখনই অভিনেত্রী অপারগতা প্রকাশ করলেন। কাজী হায়াৎ শাবানাকে প্রশ্ন করেন— কেন তিনি এ সিনেমায় অভিনয় করবেন না?

আরও পড়ুন: মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র

এমন প্রশ্নের উত্তরে শাবানা জানান— মূলত তিনি যে সকল নায়কের বিপরীতে অভিনয় করেন, তারা সবাই সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। কারণ তারা বলেছিলেন— শাবানা যদি মান্নার মা হয়ে যান, তাহলে তো আর তাদের নায়িকা থাকবেন না। এই কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান এ বর্ষীয়ান অভিনেত্রী।

কাজী হায়াৎ বলেন, শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন— হায়াৎ ভাই, আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ে নেতানিয়াহুর জন্য নতুন বিপত্তি সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


রোহিঙ্গা গণহত্যার রায়ে নেতানিয়াহুর জন্য নতুন বিপত্তি সৃষ্টি

মিয়ানমারের সেনাবাহিনীকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছে, তা ইসরাইলের আইন ও সেনা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও একটি দেশের রায় অন্য দেশের জন্য সরাসরি প্রযোজ্য নয়, তবুও মিয়ানমারের এই মামলায় গঠিত আইনি উদাহরণ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের অভিযানের বিরুদ্ধে উত্থাপিত গণহত্যার অভিযোগে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায়টি প্রকাশ করা হয়। গণহত্যা প্রমাণ করার জন্য দেখাতে হয় যে, সহিংসতা পরিচালনাকারীরা একটি জনগোষ্ঠীকে ‘পুরোপুরি বা আংশিকভাবে’ শেষ করার পরিকল্পনা করেছিল। এতদিন আন্তর্জাতিক আইনজীবীরা বলতেন যে, লিখিত কোনো প্রমাণ ছাড়া এই উদ্দেশ্য প্রমাণ করা প্রায় অসম্ভব। কিন্তু আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে আদালত ৯-৬ ভোটে রায় দেন যে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও বিভিন্ন ধরনের ‘পরিস্থিতিগত প্রমাণ’ দিয়েই গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব।

রোহিঙ্গা অভিযানে ১.২ শতাংশ মানুষ নিহত হয়েছে এবং ৭ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এই অভিযানকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করলেও আদালত তা গ্রহণ করেনি। বরং দীর্ঘদিনের অধিকার কেড়ে নেওয়া, বিদ্বেষমূলক বক্তব্য, গণহত্যা, ধর্ষণ, শিশুদের নিশানা করা এবং গ্রাম ভেঙে ফেলার মতো ঘটনার সমন্বয়ে আদালত একে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে।

এই রায় ইসরাইলের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই রায়ে তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে প্রমাণ হিসেবে গৃহীত করা হয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবেই মামলা করেছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত জনগণের একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও পাল্টা আক্রমণ গণহত্যা হতে পারে—আদালতের এই পর্যবেক্ষণ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের পথকে দুর্বল করে দিয়েছে।

আইসিজের এই রায় চূড়ান্ত এবং আপিল অযোগ্য। তবে এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তিদায়ক নয়। এদিকে, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এই ঐতিহাসিক রায়ে উল্লাস প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ইসরাইল ও গাজা মামলার চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দেবে ৫টি সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দেবে ৫টি সমস্যা

ক্রমাগত ক্লান্তি, খিটখিটে মেজাজ অথবা ওজন ও শক্তির মাত্রা বজায় রাখতে প্রতিদিন সংগ্রাম করতে হয় একজন মানুষকে? তাহলে এবার আপনি একটু সাবধান হোন। তা না হলে কম টেস্টোস্টেরনের কারণে এ আচরণ পরিবর্তন হলে খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের দিকে নজর দিতে হবে।

একটু পরিশ্রম করলেই হাঁপ ধরে যাচ্ছে। কথায় কথায় মেজাজ বিগড়ে যাচ্ছে। ওজনকে নিয়ন্ত্রণে রাখা দূরের বিষয়, দিন দিন তা আরও অবাধ্য হয়ে চলেছে। পেশি ক্ষয়ের সমস্যাও রয়েছে। যেসব কাজ করার জন্য আপনি মুখিয়ে থাকতেন, সেগুলো এখন করতে আর ইচ্ছে করে না। তাহলে হয়তো আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করেছে। এটি তারই লক্ষণ। তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন।

এখন প্রশ্ন হচ্ছে— টেস্টোস্টেরন হরমোন কী? এটি একটি যৌন হরমোন, যা যৌন বিকাশ, পেশির ভর ও লোহিত রক্তকোষের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। এটি গোনাড, মূলত অণ্ডকোষে ও নারীর ডিম্বাশয় (সামান্য) থেকে উৎপন্ন হয়। পুরুষের টেস্টোস্টেরন বিপাক হার নারীর তুলনায় ২০ গুণ বেশি।

এ লক্ষণগুলো জানিয়ে দেবে যে, আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেছে—

১. পেটের চর্বি বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি

পুরুষের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা কম হলে ওজন বাড়তে শুরু করে। বিশেষ করে পেটের চারপাশের চর্বি অত্যধিক বেড়ে যায়। স্থূলতার কারণে হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে। ফলে টেস্টোস্টেরনের উৎপাদন কমতে থাকে। চর্বির কোষ টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তর করতে পারে এবং ফলে টেস্টোস্টেরনের মাত্রা আরও কমে যায়।

স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, যেমন শাকসবজি, চর্বিহীন প্রোটিন, বাদাম, জিংক ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি খান। চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত শরীরচর্চা যেমন ভারোত্তোলন, সাঁতার, দৌড়-ঝাঁপ চর্বি পুড়িয়ে পেশি তৈরিতে সাহায্য করে এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে।

২. দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং কম শক্তি

কম টেস্টোস্টেরনের কারণে সারারাত ঘুমের পরও শরীর ক্লান্ত থাকে। শরীরে এনার্জি থাকে না। ডায়াবেটিস বা কিডনি রোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা বাড়ার ফলে ক্লান্তি আরও বাড়ে।

এখন টেস্টোস্টেরন পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করা উচিত। সে জন্য হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম আবশ্যক। প্রয়োজনে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে উচ্চ কর্টিসলের মাত্রা টেস্টোস্টেরনকে দমন করে ফেলে। মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা মাইন্ডফুলনেস মেডিটেশন খুব ভালো কাজ দেয়। নিয়মিত শারীরিক কার্যকলাপ শক্তি বৃদ্ধি করে এবং হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে।

৩. কামশক্তি হ্রাস এবং যৌন অক্ষমতা

যৌন ইচ্ছা ও কার্যকলাপ হ্রাসের সঙ্গে টেস্টোস্টেরন হ্রাস সরাসরি সম্পর্কযুক্ত। এর ফলে অণ্ডকোষের অসাড়তা, বার্ধক্য অথবা পিটুইটারি গ্রন্থি বা হাইপোথ্যালামাসের সঙ্গে সম্পর্কিত হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়।

এটি পুনরুদ্ধারের উপায় হচ্ছে— শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে নিয়মিত শরীরচর্চা। তবে দীর্ঘস্থায়ী অসুস্থতা ও হরমোনের ভারসাম্যহীনতা একমাত্র দূর করতে পারে সঠিক চিকিৎসা। খাদ্যতালিকায় রাখুন অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার।

৪. মেজাজ পরিবর্তন ও মানসিক অস্থিরতা

কম টেস্টোস্টেরন মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করে। যার ফলে বিরক্তি, উদ্বেগ— এমনকি বিষণ্ণতাও দেখা দেয়। মানসিক অস্থিরতা বেড়ে যায়। সে কারণে খাদ্যতালিকার ভারসাম্য বজায় রাখুন। পালংশাক, স্যামন ও আখরোটের মতো ম্যাগনেসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। অতিরিক্ত অ্যালকোহল সেবন হরমোনের ভারসাম্য নষ্ট করে ফেলে এবং মেজাজ পরিবর্তন ঘটায়। তাই অ্যালকোহল সেবন যতটা পারবেন কমিয়ে ফেলুন। নিয়মিত শরীরচর্চা এন্ডোরফিন নিঃসরণ করে, মেজাজকে ভালো রাখতে সাহায্য করে।

৫. পেশির ভর ও শক্তি হ্রাস

পেশি তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য টেস্টোস্টেরন অপরিহার্য। এর মাত্রা কমে গেলে পেশির ভর হ্রাস পেতে পারে। ফলে কায়িক পরিশ্রম করতে কষ্ট হয়।

টেস্টোস্টেরন উৎপাদনকে উদ্দীপিত করার জন্য স্কোয়াট, ডেডলিফ্ট এবং বেঞ্চপ্রেসের মতো শরীরচর্চায় মনোযোগ দিন। পেশি মেরামত ও বৃদ্ধি করতে খাদ্যতালিকায় চর্বিহীন মাংস, ডিম, ডাল এবং দুগ্ধজাত খাবারের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। দীর্ঘক্ষণ বসে থাকা বা শারীরিক নিষ্ক্রিয়তা বিপাকীয় প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে, ফলে পেশী ক্ষয় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু দিবসে সদরঘাটে পথশিশুদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


শিশু দিবসে সদরঘাটে পথশিশুদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের আয়োজন

শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের সৃজনশীলতা বিকাশ এবং শৈশবের আনন্দ ভাগ করে নিতে রাজধানীর সদরঘাটে পথশিশুদের নিয়ে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ব শিশু দিবসের প্রাক্কালে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পথশিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা রঙ-তুলির আঁচড়ে কাগজে নিজেদের কল্পনা, স্বপ্ন ও মনের ভাবনা ফুটিয়ে তোলে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে আনন্দময় সময় কাটান। এছাড়া, শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ, বিভিন্ন উপহার ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাসেল শেখ বলেন, "প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। কিন্তু সুবিধাবঞ্চিত অনেক শিশু সুযোগের অভাবে নিজেদের প্রতিভা বিকাশ করতে পারে না। তাদেরও অন্য শিশুদের মতো আনন্দ করা, স্বপ্ন দেখা ও সুন্দর শৈশব পাওয়ার অধিকার রয়েছে। সেই ভাবনা থেকেই পথশিশুদের নিয়ে এ আয়োজন। শিশুদের মুখে হাসি ফোটাতে পারাই তাঁদের জন্য বড় প্রাপ্তি।"

শাখার সাধারণ সম্পাদক সামিয়া জামান বলেন, "শিশু দিবস প্রতিটি শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকারের দিন। পথশিশুরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করা সবার দায়িত্ব। শুধু বিশেষ দিবসে নয়, সারা বছরই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন।"

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, শিশুদের সুস্থ মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ তৈরি করা জরুরি। পথশিশুদের জন্য এমন উদ্যোগ তাদের প্রতিভা প্রকাশের পাশাপাশি আনন্দময় শৈশবের কিছু মুহূর্ত তৈরি করতে সহায়তা করে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অংশগ্রহণকারী শিশুদের হাতে শিক্ষা উপকরণ, উপহার ও খাবার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাসেল শেখ, নির্বাহী সভাপতি রাকিবুল ইসলাম রিফাত, সিনিয়র সহসভাপতি বুশরাত আক্তার বর্ষা, রতন হোসেন, সহসভাপতি মো. আল-শাহরিয়ার খান, মাহফুজা খানম একা ও আবু মুসা, সাধারণ সম্পাদক সামিয়া জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইখুল আলম রিংকু, খাদিজা খাতুন, ও মালিহা আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহিন, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম শেখ, দপ্তর সম্পাদক রোহান, সহ দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান ও মো. সায়োরার জাহান, অর্থ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক-২ মোহেন খন্দকার, সহ অর্থ সম্পাদক মো. হাসান, নারী বিষয়ক সম্পাদক আফিয়া তাবাসসুম আফসানা, সহ নারী বিষয়ক সম্পাদক আফিয়া আবিদা একা, সানজিদা ইসলাম তমা, মুর্শিদা আক্তার ঋতু, শ্রাবণী চৌধুরী ও তানিয়া খাতুন, শিশু বিষয়ক সম্পাদক মেহেনাজ হোসেন প্রীতি, সহ শিশু বিষয়ক সম্পাদক অঞ্জনা আক্তার নদী, ইকরা জাহান মিম, সাদিয়া আক্তার, আবিদা সুলতানা আখি, লাবনী আক্তার কবিতা, রাইসা সামিহা, ইভেন্ট সম্পাদক শামসুর নাহার মুক্তা, সহ ইভেন্ট সম্পাদক মেহেদি হাসান হৃদয়, এ টি এম হাসনাত হাবিব, হারিবুর রহমান হাসিব, মোছা. ফারজানা আক্তার, রূপা সুলতানা, কর্ম পরিকল্পনা সম্পাদক জুবায়ের, সহ কর্ম পরিকল্পনা সম্পাদক সুমাইয়া, মোছা. সোনালি খাতুন, মো. আবদুল্লাহ, প্রচার সম্পাদক সুহাইল আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা এবং রক্তের স্বাদ রয়েছে, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। এ কারণে, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র এবং গভীর হয়ে উঠেছে। তারা এখনও এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি পার্শ্ববর্তী দেশ থেকে তার অভ্যন্তরীণ অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম তার নির্মম শিকারে পরিণত হয়েছেন।

এ সময় নেতাকর্মীদের আশ্বস্ত করে রিজভী বলেন, অনেক প্রচেষ্টা সত্ত্বেও এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এদের বিচারও হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে কালিয়ায় পৌঁছানোর পর তিনি পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুরের কবর জিয়ারত করেন। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%