মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৯ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা তার জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়েছে। তিনি উল্লেখ করেন, রসায়ন তাকে ভাবনার জগৎকে প্রকাশ করতে সাহায্য করেছে এবং কাজের প্রতি ভালোবাসা ও অদম্য স্পৃহা জুগিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী, তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ বিভাগে ভর্তি হওয়ার পর তিনি অনেক কিছু শিখেছেন। তিনি জানান, কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়, সেই শিক্ষাও তিনি এখান থেকে পেয়েছেন। এ বিভাগের থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে তিনি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করতে হবে এবং নিজেদের উৎকৃষ্টমানের রসায়নবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।
শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি বিবেচনা করতে হবে।
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশিক্ষণ শুধু প্রথাগত হলে চলবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান পরিচালনা করে। ওই সময় স্থানীয় শহিদুল ইসলামের বসতঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন— পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের আছির উদ্দিন (৫৭), শাহ আলম (৪৭), রব্বানী (৩৫), হারুন (৪৫), সরোয়ার হোসেন (৫২) ও শহিদুল ইসলাম (৫৫)।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণের কারণে চতুর্থ একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
সংস্থাটি জানায়, ইরানের অনুমোদনহীন পথে চলাচলের সময় জাহাজটি মাইনের আঘাতে পড়ে।
আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে একই জলপথে নৌমাইনের আঘাতে আরও তিনটি জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে নৌবাহিনীর জনসংযোগ দপ্তর এ তথ্য প্রকাশ করে। তবে চতুর্থ জাহাজটির নাম, এর মালিকানা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে—এমন দাবি করে তেহরান এসব পদক্ষেপ গ্রহণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। তিনি উল্লেখ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আবদুল মুক্তাদির বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে।
জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
আবদুল মুক্তাদির বলেন, একসময় পেঁয়াজে আমদানি নির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সনি মোড় থেকে শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, "এ দেশের মানুষ আর ফ্যাসিবাদকে গ্রহণ করবে না। ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে, নতুন করে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না।"
তিনি আরও উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের শিকার হতে হয়েছে। তিনি বলেন, "প্রতিষ্ঠা করা হয়েছিল আয়নাঘর। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে রাজনীতি, সংসদীয় ব্যবস্থা ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান পরিবর্তনসহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি।"
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, "এর পরিণতিতে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের আন্দোলনে প্রায় ১৪০০ মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে আল্লাহ এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।"
তিনি বলেন, "পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দলের প্রধান, নেতা-নেত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা বিরল। পালিয়ে গিয়ে তারা ভালোই করেছিলেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে একের পর এক উসকানি দিচ্ছেন। মেরে ফেলা, কেটে ফেলা, জ্বালিয়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ কয়েক দিনে আবারও তাণ্ডব চালানো হয়েছে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটেছে। চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ, চালক হত্যা ও লুটতরাজের মধ্য দিয়ে মানুষ আবারও ফ্যাসিবাদের সেই চিত্র দেখেছে।"
তিনি বলেন, "জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরে সংস্কার। সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে।"
বর্তমান সরকারের সমালোচনা করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "যারা এখন সরকারে আছেন, তারা গণভোট ও সংস্কারের পক্ষে কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় এসে আবারও জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন হয়েছিল। মুখে শতভাগ সংস্কারের কথা বললেও কার্যত তারা সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন।"
তিনি আরও বলেন, "এখন সরকারের জাতীয় ঐক্যের কথা মনে পড়েছে। সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর সংসদ নেতাও ঐক্যের কথা বলেছেন এবং জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু জুলাইয়ের শক্তির সঙ্গে সরকার কখনো ভালো ব্যবহার করেনি। জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো রাস্তায় ঘুরছেন। জুলাই জাদুঘরকে দলীয় জাদুঘরে পরিণত করা হয়েছে। 'সবার আগে বাংলাদেশ' নয়, এখন 'সবার আগে বিএনপি' হয়ে গেছে। সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জুলাই এ কারণে হয়নি।"
জামায়াতের এই নেতা বলেন, "ঐক্যের আহ্বানকে তারা সাধুবাদ জানান। তবে শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করতে হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৩৩টি দল আলোচনা করে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তা বাংলাদেশের ইতিহাসের অন্যতম উত্তম ব্যবস্থা। স্বাধীনতা বজায় রাখা, সন্ত্রাস ও বৈষম্য দূর করার জন্য এই প্রস্তাবের আলোকে দেশ গড়ে তুলতে হবে।"
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। একেক মন্ত্রী একেক কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই-একটি ককটেল ফুটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না। কিন্তু কতগুলো ককটেল ফুটলে পরিস্থিতির অবনতি বলা যাবে, তা তিনি বলেননি। তার দলের সংসদ সদস্যরা ঘরছাড়া, বাড়িছাড়া। জনগণের ওপর ক্র্যাকডাউন হচ্ছে। তাহলে কখন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্বীকার করবে?"
তিনি বলেন, "ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে। সরকারি দল ছলে-বলে-কৌশলে তাদের নিজেদের ছত্রচ্ছায়ায় রেখেছে। এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে। যারা মা-বোনদের এতিম করেছে, ভাইদের হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে এবং দেশের অর্থনীতি ও ব্যাংকব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে জাতি আপস করবে না।"
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করাই বর্তমান সমস্যার একমাত্র সমাধান। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট গত সাত মাস ধরে আন্দোলন করে আসছে। সর্বশেষ ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে, এই দাবি কোনো একক দল বা জোটের নয়, এটি দেশবাসীর দাবি।"
তিনি বলেন, "সাত দফা দাবির মূল কথা হচ্ছে, গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশের সার্বিক সংস্কার করে দেশকে স্বাধীন, সার্বভৌম, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলা। ফ্যাসিবাদ, সন্ত্রাস, বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তাদের আন্দোলন।"
যুব বিভাগের নেতা-কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, "জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশ গড়ে না তোলা পর্যন্ত তাদের পদযাত্রা ও আন্দোলন অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে।"
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যুবনেতা ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, মহানগরী যুব বিভাগের সহসভাপতি ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপল ও নাসির উদ্দীন খান সজল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ