ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কৃষকদের দুর্ভোগ কমাতে নলডাঙ্গা কৃষি বিভাগের নতুন ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ


কৃষকদের দুর্ভোগ কমাতে নলডাঙ্গা কৃষি বিভাগের নতুন ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ

পাঁচ বছর আগে সাত বিঘা জমির আলু ও তিন বিঘা জমির সবজি সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়। এর ফলে কৃষক মাহাতাব উদ্দিন ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ওই লোকসানের ধাক্কায় পরবর্তী বছর তিনি আর আবাদ করতে পারেননি। চোখের সামনে কষ্টের ফসল পচে নষ্ট হওয়ার স্মৃতি তাকে এখনও তাড়া করে।

মাহাতাব উদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামের বাসিন্দা। শুধু তিনি নন, তার মতো অনেক প্রান্তিক কৃষকও উৎপাদিত ফসল সংরক্ষণের অভাবে বিপদে পড়েন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের তুলনামূলক কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হতে হয়। আবার কেউ কেউ স্থানীয় পদ্ধতিতে ফসল সংরক্ষণ করতে গিয়ে পচনের কারণে ক্ষতির সম্মুখীন হন।

কিন্তু এবার কৃষি বিভাগ এই দুর্ভোগ কমানোর জন্য উদ্যোগ নিয়েছে। নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে নির্মিত হয়েছে ‘ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ’। ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সংরক্ষণাগারটির উদ্বোধন গত রবিবার দুপুরে করা হয়। নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সেখানে ফসল রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পিরোজপুরে জিআই পণ্য আমড়ার চাষে কৃষকের নতুন স্বপ্ন

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনেই রামশা কাজিপুর গ্রামের ৩০ জন প্রান্তিক কৃষক তাদের উৎপাদিত মশলা, শীতকালীন সবজি ও অন্যান্য ফসল সংরক্ষণের জন্য সেখানে রেখেছেন। এসব ফসলের মধ্যে রয়েছে টমেটো, গাজর, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচ।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মশলা ও বিভিন্ন মৌসুমি ফল সংরক্ষণ করা সম্ভব হবে।

আধুনিক এই মিনি কোল্ডস্টোরেজে কুলিং ও স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফসলের ধরন অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা যাবে। ফলে পচনশীল সবজি ও ফল সাধারণত ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব হবে। এতে মৌসুমের শুরুতে বা অতিরিক্ত সরবরাহের সময় কম দামে ফসল বিক্রি না করে উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রির সুযোগ পাবেন কৃষকেরা। পাশাপাশি বিভিন্ন ফসলের মানসম্মত বীজ সংরক্ষণেও এটি ব্যবহার করা হবে।

কন্টেইনারভিত্তিক এই মিনি কোল্ডস্টোরেজের ভেতরে ছিদ্রযুক্ত প্লাস্টিকের ক্রেটে সাজিয়ে পটোল, করলা, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের তাজা সবজি রাখা হয়েছে। সংরক্ষণাগারের বাইরের অংশে সৌরবিদ্যুৎ প্যানেল ও কুলিং ইউনিট রয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে টানা বৃষ্টিতে কৃষকের রসুন চাষে বড় ক্ষতির শঙ্কা

সংরক্ষণাগারের নির্ধারিত তালিকা অনুযায়ী, ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টমেটো ২০ থেকে ৩০ দিন রাখা যাবে। ক্যাপসিকাম ৭ থেকে ১০ ডিগ্রি এবং কাঁচামরিচ ৭ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় ২০ থেকে ৩০ দিন সংরক্ষণ করা সম্ভব। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রায় ফুলকপি ১৫ থেকে ২০ দিন রাখা যাবে। আলু, পেঁপে, হলুদসহ অন্তত ৩০ ধরনের সবজি ও মশলা জাতীয় ফসল সংরক্ষণের সুযোগ রয়েছে এতে।

সংরক্ষণাগারে ফসল রাখা কৃষক মাহাতাব উদ্দিন, আবেদ আলী, আফসার হোসেন ও মনিরুদ্দিনসহ কয়েকজন উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, নলডাঙ্গা উপজেলার বিলগুলোতে বিভিন্ন ধরনের ডাল, রসুন, পেঁয়াজসহ নানা মসলা জাতীয় ফসল উৎপাদিত হয়। শীত মৌসুমে ব্যাপক পরিমাণে চাষ হয় শীতকালীন সবজিরও। কিন্তু এতদিন এসব ফসল সংরক্ষণের কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় ফসলে পচন ধরতো। এতে লোকসানের মুখে পড়তেন কৃষকেরা। তাই বাধ্য হয়ে দ্রুত কম দামে ফসল বিক্রি করে দিতে হতো।

কৃষকরা বলেন, প্রত্যন্ত গ্রামে সংরক্ষণাগার নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে তারা সেখানে ফসল রাখা শুরু করেছেন। এখন থেকে ফসল পচে নষ্ট হওয়ার ভয় কমবে। পাশাপাশি সংরক্ষণ করে উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তারা আশাবাদী।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সেই লক্ষ্যেই সংরক্ষণাগারটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল সেখানে মজুত করতে শুরু করেছেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরিশালে ১.২০ লাখ একরের ফসল আক্রান্ত

স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষকদের আর্থিক স্বার্থ বিবেচনায় নিয়ে নাটোরে আরও একাধিক সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক স্বতন্ত্র এমপি এবং নিষিদ্ধ ছাত্রলীগের প্রাক্তন নেতা আজিজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি আবাস থেকে তাকে আটক করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে আজিজুল ইসলাম পরিচিত ছিলেন। তিনি একসময় নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে চায় সরকার: মাহাদী আমীন

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করতে চায় সরকার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকলকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় শুরু হওয়া এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমীন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। এনসিপি নেতারা তাঁদের বক্তব্য ও প্রস্তাবনা তুলে ধরেছেন এবং সরকারও তার অবস্থান পরিষ্কার করেছে। তিনি উল্লেখ করেন, "আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।"

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই অর্জিত স্বাধীনতা ও মানুষের অধিকার সুরক্ষার আন্দোলন। দেশকে এগিয়ে নিতে হলে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকতে হবে। সরকারের মূল লক্ষ্য হল গণমানুষের অধিকার ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া।

পতিত রাজনৈতিক শক্তির অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, অপশক্তি দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও দেশের গণতন্ত্রকামী জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "কোনো শর্তের বিষয় ছিল না। নতুন করে ঐক্য গড়ারও কিছু নেই; আন্দোলনের সময়েই যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, তাকে টেকসই রূপ দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করা হবে।"

রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মাহাদী আমীন বলেন, নির্বাচনী ইশতেহার এবং ‘জাতীয় জুলাই সনদে’ দেওয়া অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদীয় অধিবেশনেই রেকর্ডসংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করে সংস্কারের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছে। এই ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একটি টেররিস্ট রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসের সূচনা করেছে। তারা আগুন লাগিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয় এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজ করে।’

সোমবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দুলু।

হুইপ দুলু আরও উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই কারণে আজ আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে। গত ১৭ বছর ধরে নাটোরসহ সারা বাংলাদেশের জনগণকে জিম্মি করে রেখেছিল এই নিষিদ্ধ সংগঠন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। খালেদা জিয়া কখনোই মানুষকে পুড়িয়ে ফেলার রাজনীতি করেননি, তারেক রহমানও তা করবে না। আওয়ামী লীগ যেভাবে মানুষকে জিম্মি করে ও পুড়িয়ে মারার রাজনীতি করছে, গোটা পৃথিবী সেটি দেখছে। তাদের অন্যায় কর্মকাণ্ডের জন্য আজ তারা আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। পৃথিবী বিখ্যাত পত্রিকা নিউইয়ার্ক টাইমস তাদের টেররিস্ট রাজনৈতিক দল হিসেবে সংবাদ প্রকাশ করে তাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবেদন তুলে ধরেছে।’

সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করার জন্য আন্তরিকভাবে কাজ করছে।

এই মন্তব্যটি প্রধানমন্ত্রী তার সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে করার সময় উঠে আসে।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।

বৈঠকের সময় এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা মনোযোগ সহকারে শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। তারা বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে আন্তরিক ও আগ্রহী বলেও জানায়।

এসময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%