ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পুশইনের প্রচেষ্টাগুলো বিজিবি শক্তিশালীভাবে প্রতিরোধ করছে। পাশাপাশি, পুশইন বন্ধ করার বিষয়ে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে এসব তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও বলেন, অবৈধ যারা সীমান্তে রয়েছে, তাদের ফিরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া বিদ্যমান। সেই অনুযায়ী ভারতকে কাজ করতে হবে। পুশইন দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারে বড় ধরনের প্রভাব ফেলবে।

সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিএসএফ বিভিন্ন ব্যক্তিকে, শিশু এবং নারীসহ, ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকাতে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করেছে। তারা ২৪ ঘণ্টা সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন স্থানে স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা প্রদান করছেন।

আরও পড়ুন: হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

এদিকে, সোমবার (৮ জুন) থেকে ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্মেলনে গুরুত্ব পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ

সরকারি ও বিরোধী দলের জন্য দেশে দুর্যোগের আলাদা কোনো মানচিত্র তৈরি হয়েছে কি না, এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন যে, সম্প্রতি দেওয়া টিআর-কাবিখা বরাদ্দে বিরোধী দলের সংসদ সদস্যদের আসনগুলো রাখা হয়নি।

এই অভিযোগের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যেসব সংসদ সদস্য চাহিদাপত্র জমা দিয়েছেন, তারা আগামী কাল-পরশুর মধ্যেই বরাদ্দ পেয়ে যাবেন।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ নিয়ে আলোচনা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে সম্পূরক প্রশ্নের ফ্লোর নিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশের দুর্যোগের ম্যাপে কি কোনো পরিবর্তন এসেছে? তিনি জানান, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা শুধু সরকারি দলের আসনগুলোতে গেছে। বিরোধী দলের কোনো আসনে ওই বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি বলেন, যদি এমন হয়ে থাকে যে দুর্যোগ শুধু সরকারি দলের আসনগুলোতেই আসবে, বিরোধী দলের আসনগুলোতে আসবে না, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু বাস্তবে দুর্যোগ এলে তো সবাই ক্ষতিগ্রস্ত হয়।

ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, গত ৩০ এপ্রিল ৮৫ লাখ টাকা এবং ৯০ টন করে চাল-গম শুধু সরকারি দলের এমপিদের আসনে বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের কোনো আসন এতে অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, জনগণের করের টাকা থেকে এই বরাদ্দ দেওয়া হয়। ফলে বিরোধী দলের আসনের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। তিনি জানতে চান, কবে নাগাদ বিরোধী দলের সংসদ সদস্যদেরও সমতাভিত্তিক বরাদ্দ দেওয়া হবে।

আখতার হোসেনের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টিকে ‘অত্যন্ত মৌলিক প্রশ্ন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যদি অভিযোগটি সত্য হয়, তাহলে তা অবশ্যই অনুচিত। মাননীয় মন্ত্রী বিষয়টি পরিষ্কার করবেন বলে আশা করছি।’

জবাবে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকদের কাছেও নগদ অর্থ ও চালের বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রী বলেন, যেসব এমপি আমাদের কাছে চাহিদাপত্র দেন, তাদের আমরা বরাদ্দ দিয়ে থাকি। তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, কাল-পরশুর মধ্যেই তারা বরাদ্দ পেয়ে যাবেন।’ সংসদে উপস্থিত বিরোধী দলের সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারাও পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা চাহিদাপত্র দিয়েছেন, তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই তা পৌঁছে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের আগে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী : সেলিম ভুঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


ঈদের আগে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী : সেলিম ভুঁইয়া

ঈদুল আজহার আনন্দের মধ্যেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে বিষাদের ছায়া নেমে এসেছে। চলতি জুন মাসের ৮ তারিখ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা মে মাসের বেতন-ভাতা পাননি।

ফলে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে এই বিষয়ে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ঘটনাটি বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য একটি বিশেষ গোষ্ঠীর চক্রান্ত।’ দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

৭১ বিধিতে দেওয়া নোটিশে কুমিল্লা সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বাংলাদেশের ৬ lakh শিক্ষক-কর্মচারী এবার ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। আজ জুনের ৮ তারিখ হওয়া সত্ত্বেও তাদের মে মাসের বেতন দেওয়া হয়নি। বর্তমান সরকারের আমলে শিক্ষকরা ঈদের আগে বেতন পাবেন না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এই সরকারকে বিতর্কিত করার জন্য শিক্ষকদের মাঝে এবং সংশ্লিষ্ট দপ্তরে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। তারা শিক্ষকদের বেতন প্রদান থেকে বিরত রেখেছে।’

অতীতের উদাহরণ ও উৎসব ভাতার প্রসঙ্গ টেনে শিক্ষকদের অধিকার আদায়ের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এ দেশের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ৫০ ভাগ প্রদান করে জাতীয়করণের সূচনা করেছিলেন। পরবর্তীকালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ দেশের শিক্ষকদের জন্য উৎসব ভাতা এবং ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছিলেন।’

অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের আমলের উদাহরণ টেনে বলেন, ‘তৎকালীন সময়ে যদি মাসের ১৫ তারিখেও ঈদ হতো, তবে তার আগেই সেই মাসের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হতো। কিন্তু এখন প্রযুক্তি ও ব্যবস্থার এত উন্নতির পরও কেন প্রতি মাসের বেতন সময়মতো দেওয়া সম্ভব হচ্ছে না?’

সংসদ সদস্য বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট সচল রাখার জন্য প্রায় চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সরকার যখন শিক্ষকদের জন্য এত বড় তহবিল বরাদ্দ দিচ্ছে, তখন মাঠ পর্যায়ে বা প্রশাসনিক গাফিলতির কারণে ৬ লাখ শিক্ষকের বেতন আটকে থাকা অত্যন্ত দুঃখজনক।’

সংসদ সদস্য স্পিকারের মাধ্যমে অবিলম্বে এই আমলাতান্ত্রিক বা চক্রান্তমূলক জটিলতা নিরসন করে ঈদের আগেই শিক্ষকদের মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দ্রুত সমঝোতা স্মারক সইয়ের সম্মতি

মরিশাসে আবার চালু হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


মরিশাসে আবার চালু হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে।

দুই দেশ দ্রুত গতির মধ্যে বাংলাদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করতে একটি সমঝোতা স্মারক (MoU) শিগগিরই স্বাক্ষর করবে।

সোমবার (৮ জুন) জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সম্মতি আসে।

জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এই বৈঠকে মিলিত হন।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের প্রথমে, বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে তার আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য মরিশাস সরকারকে অনুরোধ করেন।

বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা প্রসঙ্গে মন্ত্রী জানান, ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প ছাড়াও, বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার উচ্চ দক্ষ জনশক্তি মরিশাসে পাঠানোর জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

বৈঠক শেষে, তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।

বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী।

বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের প্রসারে প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন।

মরিশাসের মন্ত্রী আশ্বস্ত করেন, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে।

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের গভীর আগ্রহের কথাও বৈঠকে প্রকাশিত হয়।

দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধার নাম সাবিত্রী সরকার (৬৫)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের সুশীল সরকারের স্ত্রী।
 
পারিবারিক সূত্রে জানা গেছে,  ০৮ জুন  সকাল আনুমানিক ৯টার  সময় এই ঘটনা ঘটে। নিহত সাবিত্রী সরকার কিছুদিন আগে ব্রেন স্ট্রোক  করার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের তীব্র যন্ত্রণা এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি চরম অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে।
 
আজ সকালে তিনি নিজের শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে প্লাস্টিকের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তাঁর ছোট ছেলে শ্যামসুন্দর শয়নকক্ষে প্রবেশ করে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসেন এবং রশি কেটে তাঁকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।
 
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট  প্রস্তুত করেন।
পুলিশ ঘটনার প্রাথমিক বিবরণী নথিভুক্ত করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%