০৯:৩১ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী, যা সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), যেখানে জবি ছাড়াও দেশের বিভিন্ন স্থানের প্রতিযোগীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এই আয়োজনের সূচনা হয়। প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগীদের ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম আরটিভিকে জানান, "ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও নান্দনিকতাকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি।" তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।
আরও পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন ‘টিম স্কাইফল’
জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন জানান, "এ আয়োজনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।" তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য।
প্রদর্শনী দেখতে এসে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ মন্তব্য করেন, ‘ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। জকসুর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও হবে বলে আশা করছি।’
উল্লেখ্য, গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা তিনজনের জন্য রয়েছে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে সম্মাননা সনদ।
আরও পড়ুন: বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন