০৮:৫০ পি.এম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, যদিও সেখানে নাইট গার্ড উপস্থিত ছিল। ‘স্মৃতি জুয়েলার্স’ নামে পরিচিত ওই দোকানে শুক্রবার দিবাগত রাতে চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। তারা ড্রিল মেশিন ব্যবহার করে লোহার আলমারি কেটে প্রায় ৯ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গয়না এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র বিশ্বাস জানান, আলমারিতে রাখা স্বর্ণ ও রুপার গয়না এবং নগদ টাকাসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। বাজারে নাইট গার্ড থাকার পরও কীভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির এসআই বিপুল কুমার জানান, বাজারে চুরির ঘটনা ঘটেছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাজারের ব্যবসায়ীরা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে ১ লাখ ১০ হাজার টাকার দুর্ধর্ষ চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন