১০:৩৭ এম
সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করেছেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
শনিবার মিরাটে অনুষ্ঠিত একটি জনসভায় ওয়েইসি মন্তব্য করেন, ‘অখিলেশ এমন একটি স্থানে যাচ্ছেন, যেখানে আমরা ৪০০ বছর ধরে নামাজ আদায় করেছি।’ উল্লেখ্য, ওই স্থানে ১৯৯২ সাল পর্যন্ত বাবরি মসজিদ অবস্থিত ছিল।
উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ওয়েইসি এবং নাগিনার সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদ মিলে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠন করেছেন। তাদের লক্ষ্য হলো মুসলিম ও দলিত ভোটের সমীকরণ কাজে লাগিয়ে বিজেপি, এসপি ও কংগ্রেসের বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা।
আরও পড়ুন: কচুয়ার বিতারা ইউনিয়নকে বিভক্ত করে ২টি নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব
অখিলেশ আগামী ১২ ডিসেম্বর রামমন্দির পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্তব্য করেছেন যে, অখিলেশের উচিত রামভক্তদের কাছে ক্ষমা চেয়ে তার মন্দিরে যাওয়া। ১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলির ঘটনার সময় অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী ছিলেন।
ওয়েইসি প্রশ্ন তুলেছেন, মসজিদ ও মাদ্রাসা ভাঙার ঘটনায় অখিলেশ কোথায় ছিলেন? এসপির পিডিএ (পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু) স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, এর প্রকৃত অর্থ ‘পলট দিয়া অখিলেশ’—অর্থাৎ অখিলেশকে ক্ষমতাচ্যুত করা।
২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গার প্রসঙ্গ উল্লেখ করে ওয়েইসি অভিযোগ করেন, অখিলেশের মুখ্যমন্ত্রিত্বের সময় প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। ১৯৮৭ সালে মিরাটের হাসিমপুরায় ৪২ জন মুসলিম হত্যার ঘটনার কথাও তিনি স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন।
বিজেপিকে পরাজিত করতে মুসলিম ও দলিতদের এসপিকে ভোট দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে ওয়েইসি প্রশ্ন করেন, ২০১৪, ২০১৭, ২০১৯ কিংবা ২০২২ সালের নির্বাচনে এসপি কি বিজেপিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল?
আরও পড়ুন: বিআরটিসি ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে, পাবেন যারা
সভায় তিনি চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান। ওয়েইসি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সামনে আর মাথা নত করব না, কারো কাছে গিয়ে ভিক্ষা চাইব না।’
এছাড়া তিনি কৃষিঋণ মওকুফ, আখের ন্যায্যমূল্য বৃদ্ধি এবং পশ্চিম-উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রতিশ্রুতি দেন। পুলিশের কথিত পক্ষপাতমূলক এনকাউন্টার নিয়েও প্রশ্ন তুলে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
সূত্র: এনডিটিভি
আরএ
আরও পড়ুন: বিশিষ্ট সমাজসেবক রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন