ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, কৃষি ও জনস্বাস্থ্য হুমকির মুখে


লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, কৃষি ও জনস্বাস্থ্য হুমকির মুখে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল, শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় এবং কৃষিজমিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইটভাটা। এসব ইটভাটার বৈধ কাগজপত্র নেই। পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানো হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটার কালো ধোঁয়ায় জনজীবন মারাত্মক হুমকির মুখে। অন্যদিকে, পাহাড় ও কৃষিজমির মাটি কেটে উজাড় করছেন ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা।

পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে এসব অবৈধ ইটভাটার মালিক সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জ্বালানি হিসেবে বনাঞ্চলের কাঠ ব্যবহার করছেন এবং কাঁচামাল হিসেবে ফসলি জমির টপ সয়েল ব্যবহার করছেন। এর ফলে একদিকে বনাঞ্চল উজাড় হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ৩৮০ ভাটার মালিককে ‘লাল নোটিস’ দিয়ে সতর্ক করলেও লোহাগাড়া উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা ইট পোড়ানো শুরু করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় মোট ইটভাটা ৪২৫টি, যার মধ্যে ৭৯টি বৈধ। এসব ভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র রয়েছে। ৩৪৯টি ইটভাটা অবৈধ। বৈধ ৭৯টির মধ্যে ৬০টিতে পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা হয়নি। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, ৩৩৩টি ভাটায় পরিবেশসম্মত জিগজ্যাগ কিলন, হাইব্রিড হফম্যান কিলন ও টানেল কিলন চিমনি রয়েছে। লোহাগাড়া উপজেলায় ৪০টি ইটভাটা থাকলেও অনুমোদন রয়েছে মাত্র একটিতে। ৪০টির মধ্যে ৩০টি ভাটা ইতোমধ্যে চালু হয়ে গেছে, বাকিগুলো চালু করার প্রস্তুতি নিচ্ছে। ২০১৩ সালের ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ (যা ২০১৯ সালে সংশোধিত) অনুযায়ী এসব ইটভাটা পরিচালনা হওয়ার কথা। আইনে ভাটা পরিচালনায় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক হলেও ৮৫ ভাগ ভাটার অনুমোদন নেই। পাহাড়, আবাসিক এলাকা, ফসলি জমি, বনাঞ্চল এবং পৌরসভার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন আইনে নিষিদ্ধ, কিন্তু কোনো ভাটা মালিকই তা মানছেন না। প্রতিটি ভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও কেউ কয়লা ব্যবহার করছে না।

আরও পড়ুন: চাটমোহরে লুট হওয়া ৪১২ বস্তা সার উদ্ধার, তদন্ত কমিটি গঠন

এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনের কাঠ এবং ফসলি জমির টপ সয়েল। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূইয়া বলেন, "পদুয়া রেঞ্জের আওতাধীন এলাকার কোনো ইটভাটায় কাঠ মজুত বা পুড়ালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, "অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা কোনো সুযোগ নেই। চট্টগ্রাম জেলাপ্রশাসককে ইটভাটার মালিকেরা কথা দিয়েছেন তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন না। যদি তারা সে শর্ত ভঙ্গ করেন, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।"

আরও পড়ুন: যশোরে সবজি উৎপাদন থেকে বছরে আয় ২,৬৫৫ কোটি টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল শাহরিয়ার রহমান শুভ্র নামের যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


কড়াইল বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল শাহরিয়ার রহমান শুভ্র নামের যুবকের

ঢাকার কড়াইল বস্তিতে একটি অগ্নিকাণ্ডের ফলে শাহরিয়ার রহমান শুভ্র নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ভোরের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে প্রায় সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলঝেইমারকে কয়েক বছর পিছিয়ে দিতে পারে নতুন ভাষা শেখা! ৭০ বছরেও মস্তিষ্ককে রাখুন কর্মক্ষম! (পর্ব ২)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আলঝেইমারকে কয়েক বছর পিছিয়ে দিতে পারে নতুন ভাষা শেখা! ৭০ বছরেও মস্তিষ্ককে রাখুন কর্মক্ষম! (পর্ব ২)

বয়স বাড়ছে, চুলে পাক ধরছে, এবং স্মৃতিশক্তি আগের মতো নেই। পরিচিত কারও নাম মনে করতে সময় লাগছে, মাঝে মাঝে কোথায় কী রেখেছেন ভুলে যাচ্ছেন। বয়স বাড়ার সঙ্গে এমন অভিজ্ঞতা অনেকের জন্য স্বাভাবিক।

কিন্তু যদি নতুন একটি ভাষা শেখার অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখা সম্ভব হবে।

গবেষণায় দেখা গেছে, একাধিক ভাষা জানা ব্যক্তিদের মধ্যে ডিমেনশিয়ার উপসর্গ তুলনামূলক বেশি বয়সে প্রকাশ পাওয়ার সঙ্গে সম্পর্কিত। বিষয়টি কৌতূহলোদ্দীপক এবং আধুনিক স্নায়ুবিজ্ঞানের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

আলঝেইমার ও ডিমেনশিয়া: নতুন ভাষা কি দিতে পারে বাড়তি সময়?

২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি Bayesian Meta-analysis-এ ১৮টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, একাধিক ভাষা জানা ব্যক্তিদের ক্ষেত্রে ডিমেনশিয়ার উপসর্গ প্রকাশ পাওয়ার বয়স এক ভাষায় কথা বলা ব্যক্তিদের তুলনায় গড়ে প্রায় ৩.৪৫ বছর বেশি হতে পারে।

এর অর্থ হলো, বহুভাষিক ব্যক্তিদের মস্তিষ্কে বয়সজনিত বা রোগগত পরিবর্তন থাকলেও তাঁরা তুলনামূলক বেশি সময় পর্যন্ত স্বাভাবিকভাবে চিন্তা ও দৈনন্দিন কাজ করতে সক্ষম হন।

তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। একাধিক ভাষা জানা মানেই আলঝেইমার হবে না, এমন নিশ্চয়তা নেই। আবার ভাষা শেখা ডিমেনশিয়া প্রতিরোধের প্রমাণিত চিকিৎসাও নয়। গবেষণায় মূলত উপসর্গ প্রকাশে বিলম্বের সঙ্গে বহুভাষিকতার সম্পর্ক পাওয়া গেছে।

অর্থাৎ, ভাষা শেখা মস্তিষ্কের Cognitive Reserve বাড়াতে সহায়ক হতে পারে, কিন্তু এটি কোনো রোগের নিশ্চিত প্রতিরোধক নয়।

৬০ বছর বয়সেও নতুন ভাষা শিখে মস্তিষ্কের উন্নতি সম্ভব!

অনেকে মনে করেন, ছোটবেলায় ভাষা শেখা সহজ, কিন্তু বয়স হলে নতুন ভাষা শেখা প্রায় অসম্ভব। গবেষণা কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে।

২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় ৬৫ থেকে ৭৮ বছর বয়সী ব্যক্তিদের তিন মাসের ইংরেজি ভাষা শেখার কার্যক্রমে যুক্ত করা হয়েছিল।

গবেষণায় দেখা যায়, ভাষা শেখার দলের অংশগ্রহণকারীদের Episodic Memory এবং Cognitive Flexibility-তে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালে Frontiers in Aging Neuroscience-এ প্রকাশিত আরেকটি গবেষণায় ৬০ থেকে ৮০ বছর বয়সী ৪১ জন অংশগ্রহণকারীকে চার মাস নতুন ভাষা শেখানো হয়। এতে মনোযোগ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত Stroop Task-এ তাঁদের পারফরম্যান্সের উন্নতি দেখা যায়।

গবেষণাগুলো ইঙ্গিত দেয়, বয়স বাড়লেও নতুন কিছু শেখার মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

প্রতিদিন ২০ মিনিটের ভাষা চর্চায় শুরু হোক মস্তিষ্কের নতুন যাত্রা

নতুন ভাষা শেখার জন্য বিদেশে যাওয়া কিংবা দামি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। নিজের স্মার্টফোন ব্যবহার করেই শুরু করতে পারেন।

প্রতিদিন ২০-৩০ মিনিট সময় দিলেই একটি নিয়মিত অভ্যাস তৈরি করা সম্ভব।

প্রতিদিন ১০টি নতুন শব্দ শিখুন এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করুন।

১০ মিনিট সেই ভাষার সংবাদ, পডকাস্ট বা ছোট ভিডিও শুনুন।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নতুন ভাষায় কথা বলুন।

প্রতিদিন অন্তত পাঁচটি বাক্য লিখুন।

সপ্তাহে কয়েক দিন অন্য কারও সঙ্গে সেই ভাষায় কথা বলার চেষ্টা করুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু শব্দ মুখস্থ করলেই হবে না। ভাষাটি শুনতে হবে, বুঝতে হবে, বলতে হবে এবং বাস্তব জীবনে ব্যবহার করতে হবে।

শুধু ভাষা নয়, মস্তিষ্ককে সুস্থ রাখতে আরও যা করবেন

মস্তিষ্কের Cognitive Reserve ধরে রাখতে নতুন ভাষা শেখার পাশাপাশি আরও কিছু অভ্যাস গুরুত্বপূর্ণ। নিয়মিত হাঁটা ও ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, সামাজিক যোগাযোগ, বই পড়া এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা মস্তিষ্কের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য উপকারী।

অর্থাৎ, শুধু নতুন ভাষা শিখেই মস্তিষ্কের বয়স থামিয়ে দেওয়া সম্ভব নয়। বরং শারীরিক ও মানসিক সুস্থতার সমন্বিত চর্চাই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর।

শেষ কথা: বয়স বাড়ুক, কিন্তু শেখার ইচ্ছার বয়স যেন না বাড়ে!

আমরা সাধারণত নতুন ভাষা শিখি চাকরি, বিদেশ ভ্রমণ কিংবা যোগাযোগের সুবিধার জন্য। কিন্তু এর পেছনে মস্তিষ্কের জন্যও রয়েছে একটি সম্ভাবনাময় উপকারিতা।

আপনার বয়স ২৫ হোক কিংবা ৭৫, নতুন একটি ভাষা শেখার চেষ্টা মস্তিষ্ককে নতুন চ্যালেঞ্জ দিতে পারে। হয়তো প্রথম দিনেই সাবলীলভাবে কথা বলতে পারবেন না, একই শব্দ বারবার ভুলে যাবেন, উচ্চারণেও ভুল হবে।

কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। কারণ ভাষা শেখার প্রতিটি প্রচেষ্টাই মস্তিষ্কের জন্য নতুন অভিজ্ঞতা। মনে রাখবেন, বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু নতুন কিছু শেখার দরজা কখনো বন্ধ হয়ে যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী

চট্টগ্রামের রাউজানে রহস্যজনকভাবে রিমা দে নামে এক নারীর মৃত্যু ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা ফটিকছড়ি উপজেলার ২ নং কাঞ্চন নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেক বাড়িয়া চা বাগান সংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে–র কন্যা।

পরিবারের সূত্রে জানা যায়, ৪ মাস ৪ দিন আগে রিমা দে এর সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে (২৬) এর বিয়ে হয়েছিল।

প্রভা রাণী দে জানান, শনিবার বিকাল ৩টায় সিঁড়ি থেকে পড়ে আমার মেয়ে আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে আমাকে ফোন করা হয়েছিল। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরী হাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গিয়েও তাদের খুঁজে পাইনি। পরে রাউজানে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মরদেহ পাই। মরদেহ পাওয়ার পর আমাদের জানানো হয় যে, মেয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, মেয়ের নাকের পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তাই তিনি দাবি করেন যে, তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর রিমার স্বামী পালিয়ে গেছে বলেও তিনি জানান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী শ্রুতি হাসান মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত আতঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


অভিনেত্রী শ্রুতি হাসান মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত আতঙ্কে

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের আবাসস্থলে একসময় অদ্ভুত আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। সেখানে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন মাঝে মাঝে নিজে থেকেই স্থান পরিবর্তন করত। প্রথম দিকে বিষয়টি খুব একটা গুরুত্ব না পেলেও, একসময় তা অভিনেত্রীর কাছে ভীতিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আতঙ্কের অবসান ঘটাতে তিনি ম্যানিকুইনটি খুলে ফেলেন। শুধু তাই নয়, বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে তিনি বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।

সম্প্রতি শ্রুতি এক সাক্ষাৎকারে এই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রীর দাবি, কিছু জায়গার পরিবেশে অদ্ভুত কিছু অনুভব করার ক্ষমতা তার রয়েছে। চেন্নাইয়ের বাড়িতে এমন অভিজ্ঞতা না হলেও, মুম্বাইয়ের বাসায় মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে।

শ্রুতির বাড়িতে মানুষের আকৃতির একটি ম্যানিকুইন ছিল, যার নাম তিনি আদর করে রেখেছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা সংকুলান না হওয়ায়, একটি বাড়তি পোশাকও ম্যানিকুইনটির গায়ে পরানো ছিল। বন্ধুরা যখন বাড়িতে আসতেন, তখন ফিওনাকে নিয়ে তারা হাসি-ঠাট্টা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই ম্যানিকুইনই হয়ে ওঠে তার অস্বস্তির কারণ।

শ্রুতির ভাষ্য, একসময় তিনি লক্ষ্য করেন, ম্যানিকুইনটি মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। কীভাবে বা কেন সেটির অবস্থান পরিবর্তন হচ্ছে, তা বুঝতে পারছিলেন না তিনি। বিষয়টি ক্রমেই তার কাছে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি আর সেটি বাড়িতে রাখার সাহস পাননি এবং ম্যানিকুইনটি খুলে ফেলার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’

তবে এর মাধ্যমে তার অস্বস্তির অবসান হয়নি। বাড়ির পরিবেশ শান্ত করার জন্য তিনি হনুমান চালিসা শুনতে শুরু করেন। পাশাপাশি হাতে লবণ নিয়ে কিছু ধর্মীয় আচারও পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে রাখেন। শ্রুতির দাবি, এসবের পর থেকে বাড়ির পরিবেশ আগের চেয়ে শান্ত হয়ে উঠেছে।

সাক্ষাৎকারে শ্রুতি তার ধর্মীয় বিশ্বাস নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবারে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার কিংবা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না। বাবা অভিনেতা কমল হাসানসহ পরিবারের অন্যান্যদের বিশ্বাসের সঙ্গে তার নিজস্ব ধর্মীয় চিন্তার পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন শ্রুতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%