ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুন্না ৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে মোহনগঞ্জে ফিরে এলেন


মুন্না ৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে মোহনগঞ্জে ফিরে এলেন

সারা দেশের ৬৪টি জেলা সাইকেলের মাধ্যমে সফলভাবে ভ্রমণ সম্পন্ন করে অবশেষে নিজ জন্মভূমি মোহনগঞ্জে ফিরে এসেছেন রামজীবনপুর গ্রামের কৃতী সন্তান আশরাফুল ইসলাম মুন্না।

‘ভ্রমণ করলে দেশ, মন থাকবে ফ্রেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি গত ২৬ জুন এই যাত্রা শুরু করেছিলেন। ১৪৫ দিনের দীর্ঘ পথচলায় তিনি দেশের প্রতিটি জেলা পরিদর্শন করেছেন। সমতল ভূমি থেকে শুরু করে দুর্গম পাহাড়ি জনপদ—প্রতিটি জেলার প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রা তিনি খুব কাছ থেকে দেখেছেন।

যাত্রাপথে তার সাইকেলে উড়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। তিনি পথে পথে থেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

মোহনগঞ্জে পৌঁছানোর পর তাকে বরণ করতে উপস্থিত হন সর্বস্তরের মানুষ। এ সময় উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, পৌর জামায়াতের আমির রফিক আহমেদ রাসেল, পৌর সেক্রেটারি মাছুম বিল্লাহ, পৌর অর্থ সম্পাদক নুর মোহাম্মদসহ পৌর জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ বিষয়ে ইউএনও আমিনা খাতুন মন্তব্য করেন, মুন্নার ৬৪ জেলায় সাইকেলে ভ্রমণ যুবসমাজ, বিশেষ করে ভ্রমণপ্রেমীদের উৎসাহিত করবে। তিনি বলেন, "আমি এই তরুণকে ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য। ভবিষ্যতে এ রকম কেউ উদ্যোগ নিলে বিভিন্ন জেলায় থাকা ও প্রশাসনিক সহযোগিতা করার চেষ্টা করব।"

দীর্ঘ এই যাত্রার অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আশরাফুল ইসলাম মুন্না বলেন, "প্রতিটি জেলায় মানুষের যে ভালোবাসা আর আতিথেয়তা পেয়েছি, তা কোনো দিন ভুলব না। সবার দোয়া আর ভালোবাসায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।"

আরও পড়ুন: সিলেটের ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমন, প্রস্তুতি চলছে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও রাঙামাটিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


শীতের আগমন, প্রস্তুতি চলছে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও রাঙামাটিতে

উত্তরের হিমেল হাওয়া শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে। সর্বত্র শীতের প্রস্তুতি চলছে। আবহাওয়া পরিবর্তনের ফলে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে শিশু রোগীদের ভিড় বাড়ছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সকাল ১০টায় সড়কপথে এবং আশপাশের মাঠঘাটে সূর্যের দেখা মেলেনি, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সড়কপথে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে।

তাপমাত্রা কমে যাওয়ার কারণে নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও সূর্য উঠলেও রোদ্দুর মিলছে না।

জেলায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র না থাকায় কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন শীতের তীব্রতা বাড়ছে। রাতের তাপমাত্রা আরো কমতে পারে এবং কুয়াশা ঘন হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার ফলে শিশুসহ বৃদ্ধরা ঠান্ডাজনিত অসুখে ভুগছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশু বিভাগে শতাধিক শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্রহায়ণ মাসের শুরু থেকেই হিম বাতাস বইতে শুরু করেছে। ফলে ঠান্ডা বাড়তে শুরু করেছে। গত দুদিন ধরে এখানে পূর্ণাঙ্গ সূর্যের দেখা মিলছে না। এ জনপদে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।

হিম বাতাস ও রোদহীন পরিবেশে এখানকার ঠান্ডাকাতর মানুষরা রাতে বিছানায় শোয়ার সময় লেপ, কাঁথা ও কম্বল ব্যবহার করছেন। দিনের বেলা শরীরে মোটা শীতের কাপড় জড়াচ্ছেন। এখানে বেশি ঠান্ডায় কাতর হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। এছাড়াও ঠান্ডার আগাম উপস্থিতিতে শিশু, বয়োবৃদ্ধসহ প্রায় সব বয়সের মানুষের মাঝে ঠান্ডাজনিত সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে ধীরে ধীরে শীতের হাওয়া বইতে শুরু করছে। ইতিমধ্যে লেপ-তোশকের কারিগররা সংশ্লিষ্ট কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রাত হলেই শীতের প্রকোপ বাড়ছে। শিশু ও বৃদ্ধদের জন্য গরম পোশাক ক্রয় করছেন লোকজন। এছাড়া কারিগররা শীতের আগেই রেডিমেড লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

কাপ্তাই নতুন বাজার ইলিয়াস বেডিংয়ের পরিচালক জানান, শীতের আগমনে প্রতি বছরের ন্যায় এবারও আমরা রেডিমেড লেপ-তোশক তৈরি করছি। উন্নতমানের জাজিং কাপড় দিয়ে সাত ফুট বাই আট ফুট সাইজের একটি লেপ তৈরিতে ৩,৮০০ টাকা, কারপাস তুলা দিয়ে তৈরিতে একই সাইজের দাম ২,৮০০ টাকা এবং চায়না মেট্রো তৈরিতে ৩,০০০ টাকা করে নেওয়ার কথা জানান তিনি।

লেপ-তোশক তৈরির কারিগর আলা উদ্দিন জানান, আমরা তুলা, কাপড় ও বিভিন্ন ধরনের উন্নত কাপড় সংগ্রহ করে রেখেছি। সামনে শীতের প্রকোপ বাড়লে বেশি অর্ডার পাওয়া যাবে। বর্তমানে কারিগররা রেডিমেড লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে এবারের বেচাবিক্রি এখনও কম।

এছাড়া তুলা ও লেপ তৈরির সরঞ্জামের দাম আগের তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।

বিলাইছড়ি থেকে কাপ্তাইয়ে লেপ-তোশক তৈরি করার জন্য আসা মংসুইনু মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে কাপ্তাই নতুন বাজারে এসেছি শীতের লেপ-তোশক বানানোর জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে বহিষ্কৃত নেতার উপস্থিতিতে ছাত্রদলের দোকান পরিদর্শন, আইনবহির্ভূত বললেন প্রক্টর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


শাবিপ্রবিতে বহিষ্কৃত নেতার উপস্থিতিতে ছাত্রদলের দোকান পরিদর্শন, আইনবহির্ভূত বললেন প্রক্টর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের একটি অংশ ক্যাম্পাসের বিভিন্ন দোকান পরিদর্শন করেছে, যেখানে তারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা এক ছাত্রদল নেতাকে সঙ্গে নিয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের দোকানগুলোতে খাবারের দাম ও মান তদারকির উদ্দেশ্যে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদ, যোগাযোগ সম্পাদক (বহিষ্কৃত নেতা) মো. হাসিবুর রহমান এবং ছাত্রদলের কর্মী হেমন বড়ুয়া ও অন্ত গোপ।

ছাত্রদলের নেতাকর্মীদের এই দোকান পরিদর্শন নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তারা বহিষ্কৃত এবং ক্যাম্পাসে আগামী দুই বছর প্রবেশে নিষেধাজ্ঞা থাকা এক শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

জানা গেছে, চলতি বছরের ২১ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে, তার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

তবে অভিযোগ রয়েছে যে, তিনি এই নিষেধাজ্ঞা অমান্য করে বারবার ক্যাম্পাসে প্রবেশ করছেন। এর আগে তিনি বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের হলগুলোতে মোটরসাইকেল শোডাউনও দিয়েছিলেন।

এ বিষয়ে জানতে মুঠোফোনে হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে, সমাজসেবা সম্পাদক মোস্তফা আহমেদকেও একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, "ক্যাম্পাসের দোকানগুলোতে যারা পরিদর্শন করেছেন, তারা ছাত্রদলের প্রতিনিধি হিসেবে নয়, বরং শিক্ষার্থী হিসেবে পরিদর্শন করেছেন।"

বহিষ্কৃত নেতা হাসিবুর রহমানের বিষয়ে তিনি বলেন, "সে বিষয়ে আমি কিছু বলতে পারি না। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, "বিষয়টি আমি শুনেছি। এটা বিশ্ববিদ্যালয়ের আইনবহির্ভূত। তাদের তদারকি করার কোনো এখতিয়ার নেই।"

বহিষ্কৃত নেতার ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে তিনি বলেন, "এটা আমি জানি না। যদি ক্যাম্পাসে এসে থাকেন, তাহলে তাকে আমরা ডেকে জিজ্ঞেস করব এবং একই সঙ্গে চিঠি দিয়ে নিষেধ করে দেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে, যা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে এসেছে। শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে তিনটি বিশেষায়িত লরির মাধ্যমে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় এটি নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয় চালানসহ মোট সাত চালান পারমাণবিক জ্বালানি কেন্দ্রে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি দেশে আসার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট বিদ্যমান। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ইতোমধ্যে গত ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ ঘটনাকে দেশের জ্বালানি খাতের ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় স্থান করে নিয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মন্ত্রী আরও জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে।

চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। এ সময় রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশাবাদ, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সন্দেহে শিক্ষার্থী দেবজয়কে মারধর, অবরুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সন্দেহে শিক্ষার্থী দেবজয়কে মারধর, অবরুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের একজন শিক্ষার্থীকে ছাত্রলীগের অভিযোগে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। তবে হল ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা বলছেন, তাকে অকারণে মারধর করা হয়েছে। পরে তারা হলের প্রভোস্ট কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং ছাত্রদলের নেতাকর্মীদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় দফায় দফায় উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের নিজ কক্ষ থেকে দেবজয় সরকারকে ডেকে নিয়ে মারধর করা হয়। দেবজয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ২০২২ সালের কমিটির সদস্য ছিলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেছেন, দেবজয় হল শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন এবং এ-সংক্রান্ত প্রমাণও তাদের কাছে রয়েছে। দেবজয় সরকার জানিয়েছেন, তিনি প্রথম বর্ষে হলে আসন পাওয়ার জন্য ছাত্রলীগে যোগ দিয়েছিলেন। তবে তাকে যে পদ দেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।

তিনি বলেন, "আমি প্রথম বর্ষে সিট পাওয়ার জন্য ছাত্রলীগে জয়েন করেছিলাম। তবে আমাকে যে পদ দিয়েছে, সেটাও আমি জানতাম না। আমি চার বছর ধরে এই হলে থাকি। জুলাই গণ-অভ্যুত্থানেও নিজে আন্দোলন করেছি। দুই বছর পর আজ তারা আমাকে রুম থেকে ডেকে নিয়ে অকারণে মারধর করেছে। আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।"

মারধরের পর দেবজয়কে হলের অতিথিকক্ষে (গেস্টরুম) নিয়ে যাওয়া হয়। ঘটনা জানাজানি হলে হল ও অর্থনীতি বিভাগের শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দেবজয় এবং ছাত্রদলের কয়েকজন নেতাকে হলের প্রভোস্ট কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তবে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফুটেজের উদ্দেশ্যে দেবজয়কে ছাত্রলীগের তকমা দিয়ে মারধর করা হয়েছে। এ সময় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং হলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। তারা প্রশাসনের প্রতি দ্রুত ফুটেজ দেখানোর জন্য বারবার আহ্বান জানান। তবে হল প্রশাসন ও প্রক্টর জানান, রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য কোনো টেকনিশিয়ান উপস্থিত নেই। পরদিন সকালে ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হবে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রভোস্ট কক্ষের দরজা ভাঙারও চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় চার ঘণ্টা ধরে চলা আলোচনা ও উত্তেজনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং সকালে সিসিটিভি ফুটেজ দেখানোর আশ্বাস দেওয়া হয়। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে প্রভোস্ট কক্ষ সিলগালা করে বিক্ষোভরত শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, "আমরা তোমাদের কথা শুনেছি। আগামীকাল সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%