বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৬ পি.এম
নেতৃত্বের পরিবর্তন এবং দলে একাধিক পরিবর্তন ঘটেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ভিন্ন এক ভারতকে দেখা যাবে।
আগামীকাল শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিয়মিত অধিনায়ক শুবমান গিলের পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ওয়ানডে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম ম্যাচ হতে যাচ্ছে। টস করতে নামলেই তিনি ভারতের ওয়ানডে ইতিহাসের ২৯তম অধিনায়ক হিসেবে পরিচিতি পাবেন।
আইপিএলে আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস রানার্স আপ হয়েছে। বর্তমানে তিনি ভারত টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক।
অক্টোবরে আইয়ারের নেতৃত্বে ভারত এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক অর্জন করেছে এবং এ মাসে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে। এখন তার সামনে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজের নেতৃত্বগুণ প্রমাণের একটি বড় সুযোগ রয়েছে।
কিন্তু হঠাৎ কেন আইয়ারকে ওয়ানডে নেতৃত্বে আনা হলো? শুবমান গিলকে কেন সরানো হলো? এর পেছনে রয়েছে ভারতের টেস্ট প্রস্তুতির বিষয়টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে ভারত, আর নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে।
আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া সেই সিরিজের প্রস্তুতির জন্য গিলকে শেষ দুই ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে দলের সঙ্গে নেই উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল এবং পেসার অংশুল কাম্বোজও। তারা টেস্টের প্রস্তুতির জন্য ওয়ানডে দল ছেড়েছেন।
গিল, রাহুল এবং কাম্বোজদের অনুপস্থিতিতে ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক ভার্মার মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তাদের পারফরম্যান্সের দিকেও সবার নজর থাকবে।
ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে তারা ২-০ ব্যবধানে এগিয়ে আছে। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ভারতের সিরিজ হারানোর সম্ভাবনা নেই। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়ে গেছেন রাকিবুল ইসলাম লিমন (১৯) নামের একজন প্রতিবন্ধী যুবক। গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ব্রিজের পাশে তিনি নিখোঁজ হন। সারাদিন ধরে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের তল্লাশির পরেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
এদিকে, নাতির নিখোঁজের খবর পেয়ে শিকারীপাড়া ব্রিজের ওপর বসে আছেন তাঁর বৃদ্ধ দাদা মোসলেম। তিনি নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কখনো নদীর পানে চাইছেন, আবার কখনো চোখ মুছে স্মৃতির পাতায় স্বান্তনা খুঁজছেন। নাতির ফিরে আসার অপেক্ষায় কান্নায় ভেঙে পড়ছেন এই প্রবীণ।
দাদা মোসলেম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমার নাতি আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। সব সময় এসে বলতো— 'দাদা খানা খান, দাদা আইয়েন, দাওয়াত আছে খাইয়া যান।' আহ্, ওরে আমি কেমনে ভুলমু!" যে নাতি প্রতিদিন ডেকে নিয়ে খাবার খাওয়াতো, আজ সে-ই নেই। তাই নাতির খোঁজে নদীর পাড় আঁকড়ে পড়ে আছেন অসহায় দাদা।
নিখোঁজ লিমন প্রতিবেশী লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামের জামাল হোসেনের পুত্র। তাঁর বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে হুইলচেয়ারে করে বাড়ি থেকে বের হন লিমন। এ সময় তাঁর পরনে কোনো পোশাক ছিল না। শিকারীপাড়া ব্রিজের ওপর তাঁকে বসে থাকতে দেখে পাশের মসজিদের মুয়াজ্জিন ইলিয়াস পরিচয় জানতে চাইলে লিমন শুধু ‘বাকই’ বলে উত্তর দেন। এরপর মুয়াজ্জিন আজান দিতে মসজিদে চলে যান। আজান শেষে এসে তিনি দেখেন, লিমনের হুইলচেয়ারটি ব্রিজে পড়ে থাকলেও তরুণটি আর সেখানে নেই।
ঘটনাটি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সময় যত গড়ায়, পরিবারের দুশ্চিন্তাও তত বাড়তে থাকে।
লিমনের বাবা জামাল হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই তাঁরা নদী ও আশপাশের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও কোনো খবরের দেখা পাননি।
এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম জানান, নদীর গভীরতা বেশি থাকায় ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে উদ্ধার কাজ চালাতে গিয়ে হিমশিম খায়। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রেখে ডুবুরি দলটি ফিরে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে পুলিশ মারুফ আহমেদ (৫৬) নামের এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার সময় রাজনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে রাজনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মারুফ আহমেদ (৫৬) রাজনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদকও তিনি। মারুফ আহমেদ দক্ষিণ কুবঝাড় গ্রামের ছোয়াব আলীর পুত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার, মেধা ও মননশীলতার বিকাশ ঘটানোর এবং ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ আয়োজন করা হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান। অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহŸায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।
এই অনুষ্ঠানে ‘ক’ শাখায় ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী এবং ‘খ, গ ও ঘ’ শাখায় ৩৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাথমিকে লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ্ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান লাভ করেন। খ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন। গ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় স্থান লাভ করেন। ঘ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাছমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান অধিকার করেন।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, মো. গোলাম রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম জানান, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করা, সেইসাথে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহে বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের পূর্বে এসএসসির ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চারগুণের বেশি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এই অনিয়মের অভিযোগটি উপজেলা সদরের দাপুনিয়ার বেসরকারি ‘আইডিয়াল মডেল একাডেমি উচ্চবিদ্যালয়’ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায়, আগামী ১৬ নভেম্বর থেকে আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর অনলাইনে ফি জমা দেওয়ার নিয়ম রয়েছে। বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতি পত্রের ফি ১২৫ টাকা, ব্যবহারিকের ফি (যদি থাকে) ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা এবং মূল সনদ ফি ১৫০ টাকাসহ একজন শিক্ষার্থীর সর্বমোট ফি ২ হাজার টাকারও কম হওয়ার কথা।
অভিযোগ উঠেছে যে, আইডিয়াল মডেল একাডেমি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে এককালীন ৯ হাজার ৫০০ টাকা করে আদায় করছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বোর্ডের নির্দিষ্ট সময়ের অন্তত এক সপ্তাহ আগে থেকেই ফরম পূরণের জন্য চাপ দিয়ে আসছে। অভিভাবকদের জানানো হয়েছিল, ফরম পূরণের শেষ দিন ১০ নভেম্বর এবং এর মধ্যে টাকা জমা না দিলে বড় ধরনের জটিলতা তৈরি হবে। এই কৃত্রিম তাড়া ও হুমকির মুখে অনেক অভিভাবক চরম আর্থিক কষ্টে দিনমজুরি বা ঋণ করে টাকা জোগাড় করে জমা দিলেও অনেকে এখনো তা দিতে পারেননি।
আইডিয়াল মডেল একাডেমি উচ্চবিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক এস.কে. সরকার টিটু অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘আমরা বেসরকারি স্কুল চালাই, অনেক খরচ লাগে। এ জন্য ৯ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
তবে তিনি ব্যয়ের সুনির্দিষ্ট কোনো খাত বা হিসাব দেখাতে পারেননি।
বোর্ড নির্ধারিত সময়ের আগেই টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, বোর্ডের সময় অনুযায়ীই তারা টাকা নিচ্ছেন। এ বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব মো. এনামুল হক গণমাধ্যমকে জানান, বোর্ডের নির্ধারিত সময়ের আগে ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায় করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ বা সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ