ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোনালদোর ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ১৩ গোল বাকি


রোনালদোর ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ১৩ গোল বাকি

ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছেছেন। পর্তুগিজ মহাতারকা ৯৮৭তম গোলটি করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল সাদকে ২–১ গোলে পরাজিত করে আল নাসরের হয়ে। মঙ্গলবার রাতে রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে জয়ী গোলটি করেন জোয়াও ফেলিক্স।

ম্যাচের ১৩ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন। বক্সের মধ্যে তাঁকে ফাউল করার কারণে স্বাগতিকদের পেনাল্টি দেওয়া হয়। এই গোলের মাধ্যমে ৪১ বছর বয়সী ফরোয়ার্ড তাঁর পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৭-এ নিয়ে যান। এখন তাঁর ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে দূরত্ব মাত্র ১৩ গোল।

তবে আল নাসর বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ২২ মিনিটে মোহাম্মদ ওয়াদের গোলে আল সাদ সমতায় ফেরে। প্রথমার্ধের শেষ দিকে রোনালদো আবারও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভিএআরের কারণে সেটি অফসাইড হিসেবে বাতিল হয়।

আরও পড়ুন: ২০২৬ সালের মধ্যে ১০০০তম গোল পূর্ণ করবেন রোনালদো?

বিরতির ঠিক আগে আল সাদ ১০ জনের দলে পরিণত হয়। আল নাসরের ডিফেন্ডার নওয়াফ বুশালের দিকে থুতু ছোড়ার কারণে গোলদাতা ওয়াদ ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড পান।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আল নাসর এগিয়ে যায়। অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করেন জোয়াও ফেলিক্স। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ওয়েস্ট অঞ্চলে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আল নাসর পঞ্চম স্থানে রয়েছে। প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে রোনালদোর গোলসংখ্যা বেড়ে ১৭ হয়েছে, যা আল নাসরের হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ।

এদিকে রোনালদো ১ হাজার গোলের পথে এগিয়ে চলেছেন। আল সাদের বিপক্ষে গোলটি ছিল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে তাঁর ১৪ ম্যাচে ১১তম গোল।

আরও পড়ুন: ক্রিকেটে রেসলিং বেল্ট: কারা পান কোন পুরস্কার?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-ইসরাইল সম্পর্কের পেছনের কারণ বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


ভারত-ইসরাইল সম্পর্কের পেছনের কারণ বিশ্লেষণ

গাজা যুদ্ধকে গণহত্যা হিসেবে নিন্দা করলেও ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ভারতের প্রতিরক্ষা স্বার্থে ইসরাইলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক অপরিহার্য এবং উন্নত অস্ত্র কেনার বিষয়েও তার সমর্থন রয়েছে।

বিশ্লেষকদের মতে, রাহুলের এই বক্তব্য ভারত-ইসরাইল সম্পর্কের গভীরতাকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে এই সম্পর্ক দৃশ্যমান ও বিস্তৃত হলেও এর ভিত্তি গড়ে উঠেছে কয়েক দশকের মধ্যে। ফলে সরকার পরিবর্তন হলেও এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

নজরদারি ও প্রতিরক্ষা সহযোগিতা

অস্ত্রের পাশাপাশি নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পুলিশি কৌশলে ইসরাইলের ওপর ভারতের নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ইসরাইলের ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দেওয়ার জন্য নিজেদের নিয়ম শিথিল করা হয়েছে।

২০১৯ সালে ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ফোনে নজরদারির অভিযোগ ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কয়েকজন সাংবাদিকের ফোনে এর উপস্থিতি নিশ্চিত করেছে।

বিশ্লেষক আজাদ এশার মতে, গোয়েন্দা নজরদারি, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত নিয়ন্ত্রণে ভারত দীর্ঘদিন ধরে ইসরাইলের পদ্ধতি অনুসরণ করছে।

অস্ত্র বাণিজ্যে ঘনিষ্ঠতা

২০১৪ সালের পর ভারত ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে। ইসরাইলের মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ ভারতে যায়।

ভারতের আদানি গ্রুপ ২০১৬ সালে ইসরাইলের এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথভাবে হায়দরাবাদে ড্রোন তৈরির কারখানা স্থাপন করেছে। এছাড়া, আদানি গ্রুপ ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে মেশিনগানের যন্ত্রাংশ উৎপাদন এবং হাইফা বন্দর কেনার ক্ষেত্রেও যুক্ত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের দুই হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে। তালিকাভুক্ত নয়টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।

কেন ইসরাইলের ওপর নির্ভরতা

বিশ্লেষকদের মতে, ইসরাইলের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের প্রধান সুবিধা হলো তুলনামূলক কম শর্ত এবং প্রযুক্তি সহযোগিতা। পশ্চিমা দেশগুলো অস্ত্র ব্যবহারে নানা বিধিনিষেধ আরোপ করলেও ইসরাইল অনেক ক্ষেত্রে নমনীয়।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলো অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দিলেও ইসরাইল ভারতকে গোলাবারুদ ও যন্ত্রাংশ সরবরাহ অব্যাহত রেখেছিল। পাশাপাশি রাশিয়ার তৈরি সামরিক সরঞ্জামের সঙ্গে ইসরাইলি প্রযুক্তির সমন্বয়ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

ভারত এখন শুধু অস্ত্র কেনার পরিবর্তে দেশে উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরে গুরুত্ব দিচ্ছে। ইসরাইল এ ক্ষেত্রে সহযোগিতা করছে।

আদর্শিক সম্পর্ক, নাকি জাতীয় স্বার্থ

বিশ্লেষকদের মধ্যে ভারত-ইসরাইল সম্পর্কের পেছনে আদর্শিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে। আজাদ এশার মতে, হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যে আদর্শিক সাদৃশ্য এই সম্পর্ককে শক্তিশালী করেছে।

তবে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক কবির তানেজার মতে, সম্পর্কটি মূলত কৌশলগত ও বাণিজ্যিক স্বার্থনির্ভর। ভারতের নিরাপত্তার প্রয়োজন মেটাতে যে দেশ সহযোগিতা করবে, ভারত তার সঙ্গেই কাজ করবে।

মোদির আগেও ছিল সম্পর্ক

ভারত ১৯৫০ সালে ইসরাইলকে স্বীকৃতি দিলেও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে ১৯৯২ সালে, কংগ্রেস সরকারের আমলে। এর আগে ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে ইসরাইল গোপনে ভারতকে অস্ত্র সরবরাহ করেছিল।

অন্যদিকে, ভারত দীর্ঘদিন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। ১৯৭৪ সালে পিএলও এবং ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় দেশটি।

২০০৬ সালে কংগ্রেস সরকারের আমলে ইসরাইলের সঙ্গে ৩৫ কোটি ডলারের বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছায়।

মোদির আমলে পরিবর্তন

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর সম্পর্কের গোপনীয়তা কমে প্রকাশ্য রাজনৈতিক ঘনিষ্ঠতা বেড়েছে। ২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন মোদি। গাজায় ইসরাইলি অভিযানের নিন্দা জানানো থেকেও ভারত আগের তুলনায় অনেকটা সরে এসেছে বলে মনে করেন বিশ্লেষকদের একাংশ।

তবে ভারত এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বলে দাবি করছে। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, ইসরাইলে অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলায় যোগ না দেওয়া এবং দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের মাধ্যমে ভারত তার ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছে।

আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রশ্ন

গাজায় ইসরাইলের সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। জাতিসংঘের তদন্ত কমিশন অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে।

গবেষক আজাদ এশার মতে, ইসরাইলকে সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ভারতও যুদ্ধাপরাধের দায় এড়াতে পারে না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদও ইসরাইলের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

সব মিলিয়ে, ভারত-ইসরায়েল সম্পর্ক এখন আর শুধু মোদি ও নেতানিয়াহুর ব্যক্তিগত ঘনিষ্ঠতার মধ্যে সীমাবদ্ধ নয়। কয়েক দশকের প্রতিরক্ষা সহযোগিতা, অস্ত্র বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তাগত স্বার্থের কারণে এটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ফলে ভারতে সরকার পরিবর্তন হলেও এই সম্পর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে স্ট্রোক করে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী আতাউর রহমানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


সৌদি আরবে স্ট্রোক করে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী আতাউর রহমানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের নিয়াজপুর গ্রামের সন্তান ও সৌদি আরবের রিয়াদপ্রবাসী মো. আতাউর রহমান মারা গেছেন। প্রবাসে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

জীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আতাউর রহমান। সেখানে কর্মরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

মাদারীপুরের কালকিনিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কালকিনি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশালয় বিদ্যানিকেতন কেজি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিশালয় বিদ্যানিকেতনের মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইন্সট্রাক্টর মো. ফিরোজ মিয়া এবং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা হেমায়েত।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশালয় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নারী শূকরের কিডনি প্রতিস্থাপন করে এক বছর বেঁচে রেকর্ড গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


মার্কিন নারী শূকরের কিডনি প্রতিস্থাপন করে এক বছর বেঁচে রেকর্ড গড়লেন

যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর ধরে সুস্থ জীবনযাপন করছেন। এই ঘটনাটি শূকরের কিডনি প্রতিস্থাপনের পর সবচেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকার রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দুই সন্তানের এই মা চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা এবং অঙ্গ প্রতিস্থাপনের সংকট মোকাবেলায় বিশেষজ্ঞদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

২০২৫ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালটির তথ্য অনুযায়ী, ফ্যালকোর কিডনি শৈশবে শনাক্ত হওয়া একটি রোগের কারণে বিকল হয়ে যায়। ২০২৪ সাল থেকে কিডনি রোগের শেষ পর্যায়ে পৌঁছানোর পর তাকে প্রায় ১১ মাস ধরে ডায়ালাইসিস নিতে হয়েছিল।

ফ্যালকো জানিয়েছেন, তিনি ডায়ালাইসিস থেকে মুক্তি পেতে প্রতিস্থাপনের সুযোগের জন্য অপেক্ষা করছিলেন। অস্ত্রোপচারের প্রস্তাব পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যান। চিকিৎসা নিয়ে তার মধ্যে কোনো ভয় বা উদ্বেগ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

অস্ত্রোপচারের এক বছর পর ফ্যালকো তার শারীরিক অবস্থার বিষয়ে সন্তুষ্ট। তিনি বলেন, "এখন আমি বেশ ভালো আছি এবং অসুস্থ বোধ করছি না।" তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে। এ কারণে বাইরে গেলে মাস্ক পরাসহ বিভিন্ন সতর্কতা মেনে চলতে হচ্ছে। তিনি আশা করছেন, শীতকালে সন্তানদের সঙ্গে স্কি করতে পারবেন এবং আগের চেয়ে বেশি সক্রিয় জীবনযাপন করতে পারবেন।

ফ্যালকোর শরীরে প্রতিস্থাপিত কিডনিটি তৈরি করেছে জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনেসিস। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কার্টিস এই ঘটনাকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে অঙ্গের সংকট কমানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিভাগের চিকিৎসক লিওনার্দো ভি. রিয়েলা বলেন, "কয়েক বছর আগে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানুষের শরীরে কাজ করবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল।" বর্তমানে গবেষকদের লক্ষ্য হলো এই কিডনি কতদিন কার্যকর রাখা যায়, তা খুঁজে বের করা।

চিকিৎসকদের চূড়ান্ত লক্ষ্য হলো, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনকে ডায়ালাইসিসের নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে গড়ে তোলা। এর ফলে কিডনি প্রতিস্থাপনের জন্য বছরের পর বছর অপেক্ষা করা রোগীরা উপকৃত হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%