১০:০৩ পি.এম
"ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা।" এই মন্তব্যটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নোবিপ্রবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নাহিদ ইসলাম এবং এনসিপি ও ছাত্রশক্তির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে, জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও ঐতিহাসিক অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, "বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মূলত জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং সেই কঠিন দিনগুলোতে ক্যাম্পাস সাংবাদিকরা আমাদের সবচেয়ে বেশি সাহায্য ও সহযোগিতা করেছেন।" তিনি আরও বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও সংগ্রামের স্বতন্ত্র ইতিহাস ও স্মৃতি রয়েছে, যা যথাযথ ডকুমেন্টেশন বা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অত্যন্ত অস্থির ও সংকটময় সময়েও সংবাদকর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করেছেন, তা জুলাই বিপ্লবের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ফ্যাসিবাদী ও কঠিন সময়েও শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত দাবির পক্ষে সংবাদমাধ্যমের এই সাহসী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে।
মতবিনিময় ও সাক্ষাৎ শেষে, নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি নাহিদুল ইসলাম অতিথিদের হাতে সংগঠনের নিয়মিত বাৎসরিক ম্যাগাজিন ‘ফাউন্টেনপেন’ তুলে দেন। এ সময় এনসিপি ও ছাত্রশক্তির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন