ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য নতুন সিদ্ধান্ত


এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। কারিগরি ত্রুটির কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়েছিল। এই কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি মাথায় রেখে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

এতে আরও জানানো হয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং তা শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় শেষ হয়।

এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে একেকজন একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা দেওয়ায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যমন্ত্রী: পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ এম


বাণিজ্যমন্ত্রী: পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসেছে

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও অস্থিরতা বর্তমানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে গঠিত নতুন মজুরি বোর্ড দ্রুততার সাথে বিচার-বিশ্লেষণ করে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি নির্ধারণ করবে।

শনিবার (৭ নভেম্বর) সিলেট নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এসব মন্তব্য করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সাম্প্রতিক কয়েক দিনের অস্থায়ী পরিস্থিতির ভিত্তিতে কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। তারা জ্বালানির নিশ্চয়তা, ব্যবসায়িক প্রক্রিয়ার সহজতা, বিরোধ নিষ্পত্তির সুযোগ এবং নীতিগত স্থিতিশীলতা বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করেন।

এছাড়া সীমান্ত হাট চালু এবং স্থলবন্দরগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহারের বিষয়ে তিনি উল্লেখ করেন, এটি দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয় এবং বাংলাদেশ ও সংশ্লিষ্ট অন্য দেশের যৌথ উদ্যোগের মাধ্যমে কার্যক্রম পুনরায় চালু ও সম্প্রসারণ করা সম্ভব।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মালিক, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদির লুনা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসার জন্য অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ এম


চিকিৎসার জন্য অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসা এবং এর শর্তাবলী মানার বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিদেশি নাগরিক যারা চিকিৎসার খরচ মেটানোর জন্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এটি ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হবে।

এমনকি এই ধরনের ভুলের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ হতে পারেন। শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে ভ্রমণকারীদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। ভ্রমণের পরিকল্পনা করার আগে নিয়ম-কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ৩১ অক্টোবরের এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের অবশ্যই তাদের পাসপোর্টের ‘অ্যাডমিট আনটিল ডেট’ বা অনুমোদিত শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এশিয়া কাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ এম


এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এশিয়া কাপ

বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আরো এগিয়ে নিতে এবিজি স্পোর্টস সিটি একটি নতুন মাইলফলক অর্জনের পথে। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। এবিজি স্পোর্টস সিটি এই আন্তর্জাতিক আসরের ভেন্যু পার্টনার হিসেবে কাজ করবে। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এই ক্রীড়া কমপ্লেক্সের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

এই টুর্নামেন্ট আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবে এশিয়ার পাঁচটি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশ ও ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এবিজি স্পোর্টস সিটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভেন্যু হিসেবে নিজেদের সক্ষমতার পরিচয় ইতোমধ্যে দিয়েছে। সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে একটি দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর আগে মালয়েশিয়া ক্রিকেট দলও এখানে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের এই অভিজ্ঞতা এবিজি স্পোর্টস সিটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করার সুযোগ পাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ভেন্যু হিসেবে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি আরো বিস্তৃত হবে। আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এই আসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

আন্তর্জাতিক এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রতিষ্ঠানটির মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ।

আয়োজকদের লক্ষ্য হলো, এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে পরিচয়ের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এবিজি স্পোর্টস সিটি দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১২ তে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ এম


মিরপুর-১২ তে যাত্রীবাহী বাসে আগুন, হতাহত নেই

রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসের স্টাফদের তৎক্ষণাৎ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এই আগুনের ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাসটিতে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা সম্ভব হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সময় বাসে কোনো যাত্রী উপস্থিত ছিলেন না। বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%