ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে


পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে

কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে নিশ্চিন্ত করার পাশাপাশি শিশুদের নিরাপদ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের শহর, উপশহর ও জনবহুল এলাকায় আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নবনির্মিত আধুনিক ‘ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার’-এর উদ্বোধন এবং ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী উল্লেখ করেন, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে শিল্প মালিকদের ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। শিশুদের প্রারম্ভিক সুরক্ষায় এই সামাজিক উদ্যোগকে দেশব্যাপী জোরদার করতে শিল্প মালিক ও প্রতিষ্ঠানগুলো চাইলে সরকার প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

 

মন্ত্রী আরও বলেন, কর্মজীবী মায়েরা যদি মানসিকভাবে উদ্বেগমুক্ত ও স্বস্তিতে না থাকেন, তবে তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ সেবা পাওয়া সম্ভব নয়। কর্মজীবী মায়েদের মানসিক স্বস্তি এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ডে কেয়ার সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় আধুনিক এই ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। শিশুদের প্রারম্ভিক সুরক্ষা নিশ্চিত করতে জনবহুল এলাকাতেও পর্যায়ক্রমে ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

 

প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে জনগণের সেবা নিশ্চিত করাই কর্মকর্তাদের প্রধান কর্তব্য।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে শিশুদের নিরাপদ পরিবেশে রেখে নারীদের দায়িত্ব পালনের সুযোগ দিতে সারা দেশে ডে কেয়ার সেন্টারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে আধুনিক ডে কেয়ার সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। সরকারি সেবা পাওয়ার মাধ্যমে জনগণ যেন অনুভব করতে পারে যে তারাই রাষ্ট্রের প্রকৃত মালিক—কর্মকর্তাদের সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন জানান, কর্মজীবী মায়েদের কর্মদক্ষতা ও সেবার মান অনেকাংশেই নির্ভর করে তাদের সন্তানরা কতটা নিরাপদ পরিবেশে রয়েছে তার ওপর। নবনির্মিত ডে কেয়ার সেন্টারটি প্রশিক্ষণার্থী ও কর্মরত মায়েদের কাজের মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী সহকারী কমিশনারদের (ভূমি) সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন।

ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় স্থাপিত ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নারে নারী প্রশিক্ষণার্থীরা তাদের সন্তানদের নিরাপদ হেফাজতে রেখে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। সেন্টারটিতে অভিজ্ঞ ও প্রশিক্ষিত আয়ার সার্বক্ষণিক পরিচর্যা, শিশুদের প্রারম্ভিক বিকাশ ও বিনোদনের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ব্রেস্ট ফিডিং কর্নার এবং শীতাতপ নিয়ন্ত্রিত শিশুবান্ধব পরিবেশ রয়েছে।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে

গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়ন ও ব্যবস্থাপনায় ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৭৫০ বর্গফুট জায়গাজুড়ে সেন্টারটি স্থাপন করা হয়েছে। এর কার্যক্রম প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিনে কেন্দ্রটি বন্ধ থাকবে।

উদ্বোধনের পর মন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন। পরে ৪৮ ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি’র ৭৬তম জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা, ‘দেশকে অনুপ্রাণিত করুন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


মোদি’র ৭৬তম জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা, ‘দেশকে অনুপ্রাণিত করুন’

আজ, ১৭ সেপ্টেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে, বলিউডসহ ভারতের বিনোদন জগতের একাধিক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, মোহনলাল, জ্যাকি শ্রফ ও শিল্পা শেঠি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শাহরুখ খান প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবনে আরো অনেক বছর সুস্বাস্থ্য, সুখ ও পরিপূর্ণতা আসুক। দেশকে অনুপ্রাণিত করার শক্তি ও ইতিবাচকতা সব সময় আপনার সঙ্গে থাকুক।"

 

অক্ষয় কুমারও এক্সে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর জন্মদিনটি সেবার সংকল্পের সঙ্গে পালন করা হচ্ছে। তিনি বলেন, "কারো কাজে আসা, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা কারো মুখে হাসি ফোটানো—জন্মদিন পালনের এর চেয়ে সুন্দর উপায় আর হতে পারে না।" শেষে মোদিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "আমাদের মহান দেশকে অনুপ্রাণিত করতে থাকুন।"

মালয়ালম অভিনেতা মোহনলালও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক্সে তিনি মোদির দেশের অগ্রগতিতে কাজের কথা উল্লেখ করে সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।

অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনেতা জ্যাকি শ্রফও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

 

অভিনেত্রী শিল্পা শেঠি ইনস্টাগ্রাম স্টোরিতে মোদির সঙ্গে একটি পুরনো ছবি প্রকাশ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার পথে তাঁর জন্য শুভকামনা জানান।

এদিকে মোদির জন্মদিন উপলক্ষে ভারতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী একটি কর্মসূচি শুরু করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দায়িত্ব ও জনসেবায় মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ আসামি রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, ৬ আসামি রিমান্ডে

রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা ছয় আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদ এ আদেশটি প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে রয়েছেন জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) এবং মো. মারুফ (৩৮)।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

 

অভিযোগের মধ্যে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় ডিবির মিরপুর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ডিবির দল সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করছিল।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে ডিবি সদস্য পরিচয়ে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ও পোশাক ব্যবহার করে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, চক্রটির বিষয়ে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটন এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ডিএনসির অভিযানে জি-মরফিন ও ইজিয়াম ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বরিশালে ডিএনসির অভিযানে জি-মরফিন ও ইজিয়াম ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

দপ্তরখানায় অভিযান; ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধারের দাবি ডিএনসির
বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার আলীর গলিতে অভিযান চালিয়ে ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশনসহ ইসরাত জাহান স্মৃতি (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা আলীর গলিতে মো. বশিরের বাসার সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই স্থানে তল্লাশি চালিয়ে ইসরাত জাহান স্মৃতির কাছ থেকে ২৪ অ্যাম্পুল জি-মরফিন ও ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসরাত জাহান স্মৃতি দপ্তরখানা আলীর গলি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হারুন আর রশিদ এবং মায়ের নাম শিল্পী বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় ওই আইনের ৫৬ ধারার প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তবে উদ্ধার হওয়া ইনজেকশনগুলো এবং আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক অণুজীব দিবসে ইবি শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


আন্তর্জাতিক অণুজীব দিবসে ইবি শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘অণুজীব জানুন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন শ্রীরামপুরের তমালতলা এলাকায় স্থানীয় জনগণের কাছে সচেতনতা তুলে ধরার মাধ্যমে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

কর্মসূচির শুরুতে সংগঠনের সেক্রেটারি অভিনন্দন পাল সীমান্ত অণুজীবের পরিচয়, দৈনন্দিন জীবনে এর ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হাফসা বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে এলাকার ব্যক্তি ফজলুল হক গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে বক্তব্য দেন। সংগঠনটির বরাত তিনি বলেন, “প্রায় ১০ বছর আগে আমাদের এই নিশ্চিতপুর গ্রামের মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করতেন। কিন্তু এখন অনেকের বাড়িঘর অনুন্নত হলেও প্রত্যেক ঘরে বাথরুম রয়েছে।”

পরে সংগঠনের প্রেসিডেন্ট খন্দকার মেহেদী হাসান অণুজীব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির পরবর্তী পর্বে অর্গানাইজিং সেক্রেটারি মুরশিদা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্ষতিকর অণুজীব, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণ প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করেন। সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপিত এ আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে অণুজীব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত গণমাধ্যমকে জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের অর্জিত বৈজ্ঞানিক জ্ঞান কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি, স্যানিটেশন ও নিরাপদ জীবনযাপন সম্পর্কে সচেতনতা তৈরি করা। শতাধিক মানুষের অংশগ্রহণ কর্মসূচিটিকে একটি অর্থবহ জনসচেতনতামূলক উদ্যোগে পরিণত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%