বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪০ এম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার ফলে চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের পশ্চিমে অবস্থিত এই হাসপাতালে হামলাটি সংঘটিত হয়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ বিষয়ে জানান, হাসপাতাল চত্বরের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরাইলি বিমান আঘাত হানে। এই হামলায় চারজন নিহত হন।
হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলার ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অস্ত্রোপচার বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া, মঙ্গলবারের হামলায় আহত এক ফিলিস্তিনি পরবর্তীতে মারা যান।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বহিরাগতদের দৌরাত্ম্য ও ঘুস-দুর্নীতি যেন একটি নিয়মে পরিণত হয়েছে। তহসিলদার ও কর্মচারীদের আত্মীয়স্বজন এবং দালাল চক্রের মাধ্যমে পরিচালিত এই অবৈধ লেনদেনের ফলে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, সরকার ভূমিসেবা দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ডিজিটাল নামজারি ও অনলাইন করব্যবস্থা চালু করলেও বাস্তব চিত্র ভিন্ন। অনলাইনে আবেদন করার পর মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গেলে টাকা ছাড়া ফাইল নড়ে না। জমির আকারভেদে নামজারির প্রস্তাব পাঠাতে ১ থেকে ১৫ হাজার টাকা এবং ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এছাড়া, মিস কেসের তদন্ত প্রতিবেদন পেতে ১০ থেকে ৩০ হাজার এবং সাধারণ নকল তুলতেও ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। টাকা না দিলে নির্ধারিত সময় শেষে আবেদন বাতিল হয়ে যায়, অথবা প্রতিপক্ষের অনুকূলে প্রতিবেদন দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, জেলার ৭১টি ইউনিয়ন ভূমি অফিসের অধিকাংশে তহসিলদার ও কর্মচারীরা নিজেদের ভাই, শ্যালক, ভাগিনাসহ পরিচিত বহিরাগতদের দিয়ে দাপ্তরিক কাজ করাচ্ছেন। এমনকি, সরকারি সার্ভারের গোপন আইডি ও পাসওয়ার্ডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দিন শেষে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের ভাগ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বহিরাগতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, বয়স্ক কর্মচারীরা কম্পিউটার পরিচালনায় দক্ষ না হওয়ায় স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের দিয়ে কাজ করানো হয়। সেবাপ্রার্থীদের দেওয়া খুশির টাকা থেকে তাদের সামান্য সম্মানী দেওয়া হয়। অন্যদিকে, সরকারি অফিস সহায়কদের অভিযোগ, তাদের বসিয়ে রেখে বহিরাগতদের দিয়ে কাজ করানো হয়। প্রতিবাদ করলে বদলির হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মু. রাসেদুজ্জামান বলেছেন, ‘জেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার পদ শূন্য থাকায় উপসহকারীরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি অফিসে বহিরাগতদের কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। তবে আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ