০৩:২২ পি.এম
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচারসহ যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্ট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বিজিবি আগেও যেভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, বর্তমানে তার চেয়েও দ্বিগুণ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিশেষ করে গুজব ও অপপ্রচার যেন বাস্তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও বাড়তি নজরদারিসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।’
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসের মধ্যেও ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিচ্ছে সরকার: রিজভী
সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবি সক্রিয় রয়েছে উল্লেখ করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন