ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানী জলসীমায় চীনা জাহাজের অনুমোদনহীন জরিপের অভিযোগ


জাপানী জলসীমায় চীনা জাহাজের অনুমোদনহীন জরিপের অভিযোগ

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : মঙ্গলবার জাপানের কোস্ট গার্ড জানায়, চীনের একটি গবেষণা জাহাজ দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)-এ অনুমোদনহীন জরিপ কার্যক্রম পরিচালনা করায় বারবার নির্দেশ দেয়ার পর জাহাজটি ওই এলাকা ত্যাগ করেছে।

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকি দ্বীপের প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) উত্তরের জলসীমায় চীনা জাহাজ ‘কেক্সুয়ে’-কে প্রথম ২৭ সেপ্টেম্বর দেখা যায়।

জাপান কোস্ট গার্ডের মুখপাত্র মাসাশি আসানো বার্তা সংস্থা এএফপিকে জানান, বেতার বার্তার মাধ্যমে ওই জাহাজটিকে গবেষণা কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

আসানো উল্লেখ করেন, তারা জানায় যে জাপানের সামুদ্রিক অঞ্চলে অনুমতি ছাড়া বৈজ্ঞানিক গবেষণা “বরদাশত করা হবে না”।

অবশেষে শুক্রবার জাহাজটি ওই এলাকা ছেড়ে চলে যায়।

আসানো জানান, গত বছরের তুলনায় জাপানের ইইজেড অঞ্চলে চীনা জাহাজগুলোর অনুমোদনহীন গবেষণা কার্যক্রমের সংখ্যা ইতোমধ্যেই দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।

জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী, কোনো দেশের উপকূল থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) পর্যন্ত বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার জন্য ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের অধিকার থাকা দেশের সম্মতি প্রয়োজন।

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

আসানো বলেন, জাপানের ইউজেড অঞ্চলে অনুমোদনহীন গবেষণার ঘটনা ‘হঠাৎ করেই বেড়ে গেছে’, বিশেষ করে জাপান ও ফিলিপাইন সামুদ্রিক সীমান্ত নিয়ে আলোচনা শুরু করার ঘোষণা দেওয়ার সময়ের কাছাকাছি থেকেই এই ঘটনা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত এমন ১৪টি ঘটনা ঘটেছে। গত বছর হয়েছিল ছয়টি এবং তার আগের তিন বছরে প্রতি বছর এক বা দুটি করে ঘটনা ঘটেছিল।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ২৮ মে একমত হন যে, দুই দেশের মধ্যে ‘এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে ও মহীসোপানের সামুদ্রিক সীমানা নির্ধারণের’ জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

যৌথ বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য হলো ‘অঞ্চলে আইনি নিশ্চয়তা বৃদ্ধি করা।’

আরও পড়ুন: কলকাতার পূজামণ্ডপে পদদলনে ২০ জন নিহত, আহত অনেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কোয় ব্যাপক ড্রোন হামলায় নিহত ১, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মস্কোয় ব্যাপক ড্রোন হামলায় নিহত ১, আহত ৬

মস্কো, ৬ অক্টোবর, ২০২৬ : গত রাতে রাশিয়ার রাজধানী মস্কোতে ৬৫০টি ড্রোনের একটি ব্যাপক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ তথ্য মঙ্গলবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি গত দুই বছরের মধ্যে মস্কো ও এর পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত দ্বিতীয় বৃহত্তম ড্রোন হামলা।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই দূরপাল্লার হামলার সংখ্যা বৃদ্ধি করেছে। এসব হামলার লক্ষ্যবস্তুতে জ্বালানি, পরিবহন এবং বন্দর অবকাঠামো ছাড়াও বেসামরিক ও শিল্প স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। কৃষ্ণ সাগরে জাহাজগুলোর ওপরও হামলা চালানো হয়েছে।

মস্কোর উপকণ্ঠের একটি গ্রামে হামলায় ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। তিনি জানান, হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, এই হামলায় ছয়জন আহত হয়েছেন।

রাশিয়া জানিয়েছে, শীতের আগমন উপলক্ষে তারা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে কিয়েভও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশমিকা: বিজয়কে প্রতিদিন ১০ থেকে ১৫ বার ‘ভালোবাসি’ বলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


রাশমিকা: বিজয়কে প্রতিদিন ১০ থেকে ১৫ বার ‘ভালোবাসি’ বলি

প্রেমের বিষয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন থাকলেও কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। অবশেষে বিয়ের মাধ্যমে তারা আট বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, যা দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর, তাদের দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

বিয়ের পর তাদের সংসার কেমন কাটছে? কিভাবে তারা সম্পর্কের মাধুর্য বজায় রেখেছেন? সম্প্রতি বিজয় ও রাশমিকা এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেখানে বিজয় স্ত্রীর ভালোবাসা প্রকাশের পদ্ধতি সম্পর্কে মজার তথ্য দিয়েছেন।

বিজয়ের বক্তব্য অনুযায়ী, রাশমিকা প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার তাকে ‘আই লাভ ইউ’ বলেন। তিনি মনে করেন, সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার কথা মুখে প্রকাশ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় কনটেন্ট নির্মাতা শুভঙ্কর মিশ্রের নেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) সঙ্গে আমার কথোপকথন কেমন। ভালোবাসার বিষয়টা সব সময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। সে এটাও বলে যে এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারের সময় বিজয় ও রাশমিকা একে অপরের পায়ে পা ছুঁইয়ে বসে ছিলেন। তাদের এই মিষ্টি মুহূর্ত সঞ্চালকের দৃষ্টি এড়ায়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে শারীরিক স্পর্শ তাদের সম্পর্কের স্বাভাবিক অংশ।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘এটা আমাদের সব সময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

এদিকে, দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বিজয় ও রাশমিকা। তাদের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তি পাওয়ার কথা আগামী ১৬ অক্টোবর। বর্তমান সময়ে সিনেমাটির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তারা। পর্দার বাইরের রসায়নের পাশাপাশি এবার পর্দায় তাদের জুটি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কের সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার, ( স্টাফ রিপোর্টার)

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কের সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম এর দলীয় পদ স্থগিত করায় এলাকাবাসীর মধ্যে চলছে ব্যাপক অসন্তোষ।
নির্যাতিত সহায় সম্বলহীন চাকুরীচ্যুত দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চাকরি চুতোদের চাকরি ফিরে পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাযায় ।
এ বিষয়ে বিএনপি'র তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
দীর্ঘদিনের রাজপথের সামনের কাতারের সংগ্রামী নেতাদের বারবার কারা নির্যাতিত এই নেতাদের বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন মনে করছেন তারা।
ফেসবুকের মাধ্যমে এই দুই নেতার পদ ফিরে পাওয়ার জন্য নেতাকর্মীরা
মাননীয় মানবিক প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে স্ট্যাটাস দিচ্ছে।

উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের পদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য পোস্ট করেছেন সেখানে তারা উল্লেখ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেকার সমস্যার সমাধানের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছেন সেই সময়ে মিল্কভিটার সহায় সম্বলহীন কর্মকর্তা কর্মচারীদের ছাঁটাই করছে। সেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার অপরাধে দীর্ঘদিনের রাজপথের পরীক্ষীত জিয়ার সৈনিক,
শাহজাদপুর তৃনমুল বি,এন,পির নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসার মানুষ সৎ, মেধাবী, কর্মীবান্ধব নেতা
উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম এর দলীয় পদ স্থগিত দলের নিবেদিত নেতাকর্মীদের প্রানে আঘাত লেগেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি স্থগিতাদেশ প্রত্যাহার করে দিন। মহান রাব্বুল আলামিন মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর সহায় হউন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের শিক্ষকতা করছেন নায়লা শারাফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


প্রকৌশলী-বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে প্রান্তিক শিশুদের শিক্ষকতা করছেন নায়লা শারাফ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন নায়লা শারাফ। পরে তিনি জনতা ব্যাংকের কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। তার সামনে প্রচলিত অর্থে ভালো বেতন, পদমর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠার সুযোগ ছিল। তবে এসবের কোনোটিই তাকে ধরে রাখতে পারেনি।

শেষ পর্যন্ত নায়লা শারাফ বেছে নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা। গত সাত বছর ধরে নেত্রকোনা সদর উপজেলার পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি। প্রান্তিক পরিবারের শিশুদের পড়ানো এবং তাদের মানুষ হিসেবে গড়ে তোলাকেই জীবনের বড় অর্জন মনে করেন এই সাবেক বুয়েট শিক্ষার্থী।

নায়লার শিক্ষাজীবন শুরু হয়েছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এরপর তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু কাজের পরিবেশ এবং কিছু অনিয়মের সঙ্গে আপস করতে না পেরে অল্প সময়ের মধ্যেই চাকরি ছেড়ে দেন।

এরপর তিনি জনতা ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার পদে যোগদান করেন। কিন্তু ব্যাংকের চাকরির যান্ত্রিকতা তাকে টানেনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সেই চাকরিতে যোগদান করেননি। শেষ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন।

উচ্চ বেতন ও সামাজিক মর্যাদার সুযোগ ছেড়ে শিক্ষকতা বেছে নেওয়ার কারণ জানতে চাইলে নায়লা শারাফ বলেন, অর্থ বা খ্যাতির প্রতি তার কোনো মোহ নেই। তিনি অল্পতেই সুখী। নায়লা বলেন, "অর্থ বা খ্যাতির প্রতি কোনো মোহ নেই। আমি সাধারণ জীবন পছন্দ করি। দিন শেষে একটা নিশ্চিন্ত ও পরিতৃপ্তির ঘুম চাই।"

নায়লার পাঠদান শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সত্যবাদী, সাহসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি চেষ্টা করেন। শিশুদের উৎসাহিত করেন যাতে তারা কোনো কাজ সঠিক কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেককে প্রশ্ন করে।

পাঠদানকে আনন্দময় ও সহজ করতে বিদ্যালয়ের সময়ের বাইরেও কাজ করেন নায়লা। নিজের হাতে ছবি আঁকার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রস্তুত করেন।

নায়লার এই সিদ্ধান্ত স্বজন ও পরিচিত অনেকের কাছে একসময় ‘পাগলামি’ মনে হয়েছিল। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং শৈশবে ভিকারুননিসায় যে মানসম্মত শিক্ষার সুযোগ পেয়েছেন, প্রান্তিক পরিবারের শিশুরাও যেন সেই সুযোগ পায়—এটাই তার প্রত্যাশা।

এ প্রসঙ্গে নায়লা বলেন, "অন্য বিভাগে থাকলে হয়তো অনেক টাকার মালিক হতাম, সবাই মেধাবী বলত। কিন্তু এখানে আমি ভালোবাসা পাই। আমি এই ভালোবাসার কাঙাল। বাচ্চারা যখন এসে ভালোবাসা জানায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না।"

দেশের মেধাবী তরুণদের প্রাথমিক শিক্ষায় আসার আহ্বান জানিয়ে নায়লা শারাফ বলেন, প্রতিদানের আশা না করে শুধু দেওয়ার মানসিকতা থাকলেই প্রাথমিক শিক্ষায় আসা উচিত। তার মতে, বিশ্বজুড়ে প্রাথমিক শিক্ষকতা সম্মানজনক একটি পেশা। বাংলাদেশেও এই পেশাকে আরও মর্যাদাপূর্ণ করা সম্ভব, যদি মেধাবী ও আন্তরিক তরুণেরা এতে এগিয়ে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানী ভৌমিক বলেন, "বুয়েটে পড়েও তিনি যেভাবে প্রান্তিক শিশুদের নিজের সন্তানের মতো ভালোবেসে পড়াচ্ছেন, তা সত্যিই বিরল। তিনি আমাদের বিদ্যালয়ের অমূল্য সম্পদ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%