ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

উত্তর প্রদেশে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা


উত্তর প্রদেশে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে দীপাবলি ও হোলি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যে ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর মধ্যে এলপিজি সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এই ঘোষণা করেন।

উজ্জ্বলা যোজনার আওতায় যোগ্য পরিবারগুলোকে সিলিন্ডার রিফিলের ভর্তুকি প্রদানের জন্য ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে আদিত্যনাথ গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম এবং কেন্দ্রীয় সরকারের প্রদত্ত ভর্তুকির হিসাব তুলে ধরেন।

আরও পড়ুন: ইরানে পারমাণবিক হামলা হলে জ্বলবে পুরো বিশ্ব! মধ্যপ্রাচ্য ছাড়িয়ে রাশিয়া-ইউক্রেন ও কোরীয় উপদ্বীপে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের ভয়াবহতা

তিনি উল্লেখ করেন, ‘একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে ভারত সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। আপনাদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি।’

মুখ্যমন্ত্রী জানান, উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলির জন্য একটি করে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তিনি বলেন, ‘আপনারা যে অর্থ সাশ্রয় করবেন, তা দিয়ে দীপাবলির মিষ্টি ও প্রদীপ কিনতে পারবেন।’

বর্তমান সরকারের সময়ে এলপিজি সংযোগ পাওয়ার সুযোগের সঙ্গে কংগ্রেস সরকারের আমলের পরিস্থিতির তুলনাও করেন আদিত্যনাথ।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনের পর চার দেশের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান

তিনি বলেন, ‘কংগ্রেস সরকারের আমলে একটি গ্যাস সংযোগ পেতেও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। আমরা দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে গ্যাস সংযোগ দিয়েছি, আর এটাই সুশাসন।’

এদিকে, মঙ্গলবার আদিত্যনাথ আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠেয় দীপোৎসবকে সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্র করে এ উৎসব।

অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর অযোধ্যা যাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যোগী বলেন, অতীতে জাতপাতের বিভাজনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পরিণত করেছে।

আরও পড়ুন: ‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, হোয়াইট হাউসের বিতর্কিত পোস্ট

তিনি বলেন, ‘বিভিন্ন মানুষের হাতে প্রদীপ জ্বলে, কিন্তু তার আলো পুরো সমাজকে এক করে। দীপোৎসবের বার্তা এটাই।’

যোগী আরও বলেন, ‘জাতপাতের কঠোর বিভাজন সমাজকে ভাগ করে, আর অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি সমাজকে এক সুতোয় গেঁথে রাখে। শ্রী অযোধ্যার দীপোৎসব এই সামাজিক ঐক্যের উজ্জ্বল উদাহরণ। ২০১৭ সালের আগে যেসব সরকার জাতপাতের বিভাজনকে রাজনীতির ভিত্তি করেছিল, তারা সমাজকে ঐক্যবদ্ধ করার এই সাংস্কৃতিক শক্তিকে পুরোপুরি উপেক্ষা করেছিল। ২০১৭ সালে দীপোৎসব শুরু করে ডাবল ইঞ্জিন সরকার সেই মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে এবং রামনগরীর সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার উৎসবে পরিণত করেছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: ট্রাম্পের সুর নরম, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটশাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


ডেমোক্র্যাটশাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর একটি হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ড্যান বনজিনো শো’তে টেলিফোনে যুক্ত হয়ে তিনি নির্বাচনী পরিস্থিতি ও সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করেন।

ডেমোক্র্যাটদের পরিচালিত শহরগুলোর মেয়ররা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালেও, সেখানে ন্যাশনাল গার্ড পাঠানোর বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "প্রয়োজন হলে এমন একটি পরিস্থিতি আসবে, যখন আমি তা করব।"

তবে, এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের গভর্নর অথবা মেয়রের আহ্বান প্রয়োজন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মেমফিস ও নিউ অরলিন্সে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রসঙ্গ তুলে বলেন, ওই শহরগুলোতে গভর্নরের অনুরোধ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানের সঞ্চালক নির্বাচনে সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটদের জয় এবং পুলিশের অর্থায়ন বন্ধের নীতির প্রসঙ্গ তুলে দাবি করেন, এর ফলে ডেমোক্র্যাটশাসিত শহরগুলোতে সহিংস পরিস্থিতি ফিরে আসতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালে অপরাধ দমন ও অভিবাসন সংকট মোকাবিলার যুক্তি দেখিয়ে, মেমফিস ও নিউ অরলিন্সসহ বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ডের সদস্য এবং কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছিলেন ট্রাম্প। এবার মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা জানালেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় পোষ্য কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


বন্যায় পোষ্য কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সেডোনা শহরের ওক ক্রিকের কাছে আকস্মিক ও তীব্র বন্যার কবলে পড়েছিল এক দম্পতি। তবে তারা পোষা কুকুরটিকে ছেড়ে আসার পরিবর্তে, তাকে বাঁচানোর জন্য একটি চমৎকার উপায় খুঁজে বের করেন।

‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, আলেকজান্ডার ডেল, তার স্ত্রী এবং তাদের ভাড়াবাড়িতে থাকা প্রায় ৯ জন অতিথি দ্রুত বাড়তে থাকা ঘোলা জলের কারণে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েন। পালিয়ে যাওয়ার কোনো উপায় না থাকায় তারা বাধ্য হয়ে বাড়ির ছাদে আশ্রয় নেন। সামাজিক মাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়লে, নেটিজেনরা দম্পতিটির সাহসিকতার ব্যাপক প্রশংসা করেন।

আলেকজান্ডার ডেল বলেন, ‘আমরা বুঝতেই পারছিলাম না কী করা উচিত। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না।’

সাহায্যের জন্য প্রায় তিন ঘণ্টা তারা চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করেন। অবশেষে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের নিরাপদে সরিয়ে নিতে সেখানে পৌঁছায়। তবে এরপর দেখা দেয় এক নতুন জটিলতা, যখন উদ্ধারকারী দল জানায় যে তাদের কাছে কুকুরের জন্য কোনো বিশেষ সুরক্ষাবেষ্টনী (K-9 harness) নেই এবং তারা নিশ্চিত নয় যে কুকুরটিকে কীভাবে নিরাপদে বিমানে তোলা যাবে।

ডেল সেই মুহূর্তটি স্মরণ করে বলেন, ‘সেখানে একটি হেলিকপ্টার আসে এবং তাতে একটি বিশাল রশি ঝোলানো ছিল।’ জরুরি সেবার কর্মীরা একে একে সবাইকে হারনেসে আটকে বিমানটিতে তুলে নিচ্ছিলেন, কিন্তু ওই পরিবারের জন্য সেখানে বাঁধে বিপত্তি।

পোষা কুকুরটির কথা উল্লেখ করে ডেল বলেন, ‘উদ্ধারকর্মী আমাকে বললেন, আমাদের কাছে কুকুরের জন্য কোনো হারনেস নেই, তাই আমরা তাকে নিতে পারব কিনা জানি না। তখন আমি বললাম, তাহলে আমরা এখন কী করব?’

কিন্তু কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিলেন না ডেল। তিনি তাৎক্ষণিকভাবে তিনটি সাধারণ হারনেস জোগাড় করেন এবং সেগুলোকে একসঙ্গে শক্ত করে বেঁধে কুকুরের শরীরে উপযুক্ত মাপে সেট করে নেন।

ডেল আরও জানান, ‘আমরা তার গায়ে তিনটি হারনেস পরিয়ে সবগুলো একসঙ্গে আটকে দিলাম। আমি সেই হারনেসে বসে আমার কুকুরটিকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম এবং মনে মনে প্রার্থনা করছিলাম যেন সে কোনো বিপদে না পড়ে।’

শেষ পর্যন্ত নিরাপদেই পোষা কুকুরটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা।

উল্লেখ্য, জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে, পাহাড়ি ঢলের দ্রুত প্রবাহিত পানির কারণে ওই এলাকায় বেশ কয়েকটি জরুরি উদ্ধার অভিযান চালাতে হয়েছে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান। গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

মসিউর রহমান আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেয়া তার বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর বরিশালের উজিরপুরে বিএনপির সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথোপকথনের আংশিক ভিডিও প্রচার করে পরিকল্পিতভাবে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকার। এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর শাখার আহ্বায়ক পলাশ কুন্ডু সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে চালানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পলাশ কুন্ডু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২০০৩ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করেন। এ কারণে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন। হামলা-মামলার ভয় উপেক্ষা করে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের মুখেও জাতীয়তাবাদী আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দিনরাত কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

নিজের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে পলাশ কুন্ডু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে লোভ-লালসা ও ব্যক্তিস্বার্থ উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ক্ষমতা কিংবা পদ-পদবির রাজনীতিতে বিশ্বাসী নন তিনি। মানুষের সেবাকেই রাজনীতির মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করেন।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করার ধারাবাহিকতায় উপজেলার অনেকেই তাঁকে ‘উজিরপুরের গয়েশ্বর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর ভাষায়, ‘রাজনীতি মানে কোনো ক্ষমতা কিংবা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা।’

পলাশ কুন্ডুর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। সম্প্রতি তাঁর একটি কথোপকথনের আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটির আংশিক অংশ প্রচার করে প্রকৃত বিষয় আড়াল করার মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সবশেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শোলক ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন পলাশ কুন্ডু।

তবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%