১০:২৭ পি.এম
ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. ফরহাদ হাসান তিতুন। তিনি শটপুট এবং ডিসকাস থ্রো ইভেন্টে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আলী ইমাম তপনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সোমবার (২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে। চিঠিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিতুনকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন মনোনীত করেছে।
প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে একটি বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে থাকা, খাওয়া এবং প্রশিক্ষণের সকল ব্যয় ফেডারেশন বহন করবে। মনোনীত অ্যাথলেটদের ৯ নভেম্বর বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামের ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি এ বিষয়ে মন্তব্য করেন, “এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। যারা খেলাধুলায় এগিয়ে, তাদের এখানে ভর্তি করালে সহজেই খেলোয়াড় হিসেবে তৈরি করা যায়। অখেলোয়াড়কে খেলোয়াড় হিসেবে তৈরি করা কঠিন। বিদেশে গিয়ে দেশের পতাকা বহন করবে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
তিনি আরও বলেন, খেলাধুলায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া গেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন