০৬:১২ পি.এম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত এ রায় দিয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশও রয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা, একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, সোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন রয়েছেন। আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার বলেন, চর গোজা গ্রামের কৃষক সানোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে সানোয়ার হোসেনের কাছ থেকে মানিক হোসেন ২ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেয়। একপর্যায়ে, সানোয়ার হোসেন পাওনা টাকা ফেরত পেতে হীরাকে চাপ দিতে শুরু করে। এর ফলে উভয়ের মধ্যে বিরোধ চলতে থাকে। এ অবস্থায়, ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় সানোয়ার হোসেনকে মোবাইল করে ডেকে নিয়ে যায় হীরা। এরপর থেকেই সানোয়ার নিখোঁজ হয়ে যায়। পরে, চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদী থেকে সানোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন