০৮:৩৫ পি.এম
কুমিল্লায় প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় 'রিস্টোরিং ফ্যামিলি লিংকস’ (আরএফএল) বা পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক সেনসিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এবং কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া। তিনি উল্লেখ করেন, "যেকোনো দুর্যোগ, যুদ্ধ কিংবা জরুরি পরিস্থিতিতে আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।"
আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক দায়িত্বের প্রশংসা করে তিনি বলেন, এই বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলোকে আরএফএল কার্যক্রমের মাধ্যমে পুনরায় একত্রিত করার কাজ সত্যিই প্রশংসনীয়। কুমিল্লা ইউনিট এই সেবামূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, আজকের কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট সকলে আরও দক্ষ হয়ে উঠবেন এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে।
কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া আরও বলেন, "আমরা কেবল একটি ইউনিট হিসেবে নয়, বরং একটি পরিবার হিসেবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান জামাল খন্দকার, যিনি কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জামিল আহমেদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন।
কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উপ-পরিচালক আব্দুল বারী টেকনিক্যাল সেশনে আরএফএল এর বৈশ্বিক নেটওয়ার্ক, নিখোঁজদের সন্ধান ও পারিবারিক তথ্য আদান-প্রদানের আধুনিক ও কার্যকর কৌশল অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।
আরও পড়ুন: জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তি হস্তান্তর চায় বাংলাদেশ
কর্মশালাটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন কুমিল্লা ইউনিটের সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার ফাহাদ আল নূর সাজিদ এবং অফিস সহকারী মো. নজরুল ইসলাম।
দিনব্যাপী আয়োজিত কর্মশালায় কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট শিক্ষক-শিক্ষিকা, যুব রেড ক্রিসেন্টের ১০ জন সক্রিয় যুব সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। কর্মশালার সমাপনী অংশে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন