ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ৮৫৫ জনের বিরুদ্ধে মামলা


পিরোজপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ৮৫৫ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার নাজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপির কার্যালয়সহ একাধিক স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।

মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি করেন।

আজ বুধবার মামলার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

আরও পড়ুন: নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে হিন্দুদের মানববন্ধন

মামলার এজাহার থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ির ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, মালীখালীর আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ রয়েছে।

এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।

অভিযোগের মধ্যে রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকরা আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বাসসকে জানান, গত ২২ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে হিন্দুদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে হিন্দুদের মানববন্ধন

নড়াইলে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল জেলা সাধারণ হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে হিন্দুরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। আধাঘণ্টা ধরে চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দুরা উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় সম্প্রীতি নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার পর আওয়ামী লীগের কালিয়া উপজেলা সভাপতি কৃষ্ণপদ সাহার বাড়িতে আগুনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এটি ‘সংখ্যা লঘু’ ট্যাগ দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর একটি অপচেষ্টা। বক্তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘নড়াইল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যমণ্ডিত জেলা। এখানে হিন্দু-মুসলমানের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সহ-অবস্থান রয়েছে।’

তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু নেতা মিলন ঘোষ, কল্যাণ মুখার্জী, নিটু বোস, দেব মজুমদার, মদন ব্যানার্জী, স্বপন ঘোষ, নিত্যানন্দ বসুসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরমোনাই পীর ফজলুল করীম ছিলেন ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত: মামুনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


চরমোনাই পীর ফজলুল করীম ছিলেন ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত: মামুনুল হক

মরহুম পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) বাংলাদেশের দ্বীনি শিক্ষা ও ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি দ্বীনি খেদমত ও ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার, পীর সাহেব চরমোনাই (রহ.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের স্মৃতিচারণ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই কথা উল্লেখ করেন।

মাওলানা মামুনুল হক তার পোস্টে লেখেন, পীর সাহেব চরমোনাই (রহ.) ছিলেন এ দেশের দ্বীনি অঙ্গন ও ইসলামী রাজনীতির এক সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৩৫ সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করা এই আলেম শৈশবেই পিতা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.)-এর কাছে দ্বীনি শিক্ষার হাতেখড়ি নেন। পরে তিনি ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে অধ্যয়ন করেন এবং ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

গুরু-শিষ্যের সম্পর্কের কথা উল্লেখ করে মামুনুল হক জানান, লালবাগ মাদরাসায় তার শিক্ষকদের মধ্যে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.) ছিলেন এবং পীর সাহেব চরমোনাই ছিলেন তার আব্বাজানের গুরুত্বপূর্ণ ছাত্রদের একজন।

পীর সাহেব চরমোনাইয়ের কর্মজীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরে পোস্টে আরও বলা হয়, ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর চরমোনাই মাদরাসায় হাদিসের দরসদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। দীর্ঘদিন তিনি সেখানে হাদিসের খেদমত করেন। পরবর্তীতে ১৯৮৭ সালের ১৩ মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ) প্রতিষ্ঠার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক পথচলা এ দেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

কওমি মাদরাসা শিক্ষার সরকারি স্বীকৃতি আদায়ের আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের স্মরণীয় অবদানের কথা স্মরণ করে মামুনুল হক লেখেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে কওমি শিক্ষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, পীর সাহেব চরমোনাই (রহ.) তাতে সক্রিয়ভাবে শরিক হন। ২০০৫ সালে পল্টন ময়দানে কওমি মাদরাসা জাতীয় ছাত্র কনভেনশন এবং পরবর্তীতে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচিতে তিনি শায়খুল হাদীস (রহ.)-এর পাশে দাঁড়িয়েছিলেন। দ্বীনি শিক্ষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল আন্তরিকতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পোস্টের শেষে, মাওলানা মামুনুল হক মরহুম পীর সাহেব চরমোনাই (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুতে শুল্ক ছাড়ের সুফল আটকে দিতে পারে আমলাতান্ত্রিক জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


সৌরবিদ্যুতে শুল্ক ছাড়ের সুফল আটকে দিতে পারে আমলাতান্ত্রিক জটিলতা

সরকার সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য শুল্ক অব্যাহতি ও নীতিগত সহযোগিতা প্রদান করলেও, এর সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পারছে না। কাস্টমসের প্রশাসনিক জটিলতা, ভোক্তা পর্যায়ে ভ্যাট অব্যাহতির অভাব, এনার্জি স্টোরেজ সিস্টেমে নতুন ব্যাটারির সঙ্গে পুরোনো ব্যাটারির সংমিশ্রণ, সরকারি দরপত্রে পুরোনো প্রযুক্তির ব্যবহার এবং নির্দিষ্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিংয়ের শর্ত আরোপ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যদি এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে সৌরবিদ্যুতের নামে দেশে বিশাল প্রযুক্তিগত বর্জ্যের পাহাড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সভাপতি ও সিমপ্লেক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, প্রযুক্তি সরবরাহকারী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আমদানি শুল্ক প্রত্যাহারের পরেও গ্রাহক পর্যায়ে সৌর প্যানেল ও মডিউলের মূল্য কেন কমছে না, এ বিষয়ে প্রশ্ন উত্থাপিত হলে মো. আনোয়ারুল ইসলাম পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, "শুধু আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহার করলেই ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য কমবে এমন ধারণা বাস্তবসম্মত নয়।" তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন ধরনের শুল্ক ও কর অব্যাহতি প্রদান করলেও কাস্টমস কর্মকর্তাদের নানা প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার কারণে ব্যবসায়ীরা প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি ভোক্তা পর্যায়ে ভ্যাট অব্যাহতি না থাকায় পণ্যের মূল্য কমানোর সুযোগও সীমিত হয়ে পড়ছে।

তিনি প্রশ্ন তোলেন, "যদি সরকারের দেওয়া শুল্ক সুবিধা প্রশাসনিক জটিলতা ও করের বেড়াজালে আটকে যায়, তাহলে সাধারণ গ্রাহক সেই সুবিধা পাবেন কীভাবে?" আমদানি থেকে ভোক্তা পর্যন্ত সমন্বিত শুল্ক ও ভ্যাট নীতি কার্যকর না করে শুধু ব্যবসায়ীদের কাছে মূল্য কমানোর প্রত্যাশা কতটা যৌক্তিক?

সভায় এনার্জি স্টোরেজ সিস্টেমে নতুন ও পুরোনো লিথিয়াম ব্যাটারির সংমিশ্রণ নিয়ে অভিযোগ উত্থাপিত হলে এই ব্যবসায়ী নেতা বলেন, "অভিযোগটির বাস্তব ভিত্তি রয়েছে।" তিনি বলেন, যথাযথ মাননিয়ন্ত্রণের অভাবে নতুন ব্যাটারির সঙ্গে ব্যবহৃত ও নিম্নমানের ব্যাটারি সেল সংযুক্ত করে বাজারজাত করার সুযোগ তৈরি হচ্ছে। এতে গ্রাহকের আর্থিক ক্ষতির পাশাপাশি অগ্নিকাণ্ড, বৈদ্যুতিক দুর্ঘটনা ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিও বাড়ছে।

তিনি আরও বলেন, "প্রস্তুতকারকের দেওয়া সার্টিফিকেট কিংবা আমদানিকারকের ঘোষণার ওপর নির্ভর করে প্রযুক্তিনির্ভর পণ্যের গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়।" ব্যাটারির উৎপাদনের তারিখ, প্রকৃত ধারণক্ষমতা, সেল গ্রেড, সাইকেল লাইফ, নিরাপত্তা ও কার্যক্ষমতা স্বাধীনভাবে যাচাই করতে হবে। এ জন্য সৌর প্যানেল, লিথিয়াম ব্যাটারি, ইনভার্টার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে বাধ্যতামূলক থার্ড পার্টি প্রি-শিপমেন্ট ইন্সপেকশন চালুর দাবি জানান তিনি।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদাহরণ তুলে ধরে মো. আনোয়ারুল ইসলাম বলেন, "বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদেশি ক্রেতারা কঠোর মাননিয়ন্ত্রণ ও থার্ড পার্টি ইন্সপেকশনের শর্ত আরোপ করেন।" অথচ বাংলাদেশ যখন বিদেশ থেকে কোটি কোটি টাকার প্রযুক্তিনির্ভর পণ্য আমদানি করে, তখন একই ধরনের মাননিয়ন্ত্রণ সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয় না। বিদেশি ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ কঠোর মাননিয়ন্ত্রণ অনুসরণ করতে পারলে নিজেদের জনগণের স্বার্থ রক্ষায় আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে একই ব্যবস্থা কার্যকর করা হবে না কেন?

তিনি সতর্ক করে বলেন, "এখনই কার্যকর মাননিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত মানহীন সৌর প্যানেল, লিথিয়াম ব্যাটারি ও অন্যান্য প্রযুক্তিনির্ভর সরঞ্জাম অকেজো হয়ে বিশাল ইলেকট্রনিক বর্জ্যের উৎসে পরিণত হতে পারে।" তখন সৌরবিদ্যুতের নামে যে বিপুল বিনিয়োগ করা হচ্ছে, তা জাতীয় অর্থনীতি ও পরিবেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ সার্কেল-১ ও সার্কেল-২ এবং চট্টগ্রামের সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্রের কারিগরি শর্তের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে যখন ৭২০ ও ৭৪০ ওয়াট ক্ষমতার অত্যাধুনিক N-Type TOPCon Bifacial সৌর মডিউল পাওয়া যাচ্ছে, তখন বাংলাদেশের সরকারি প্রকল্পে এখনো ৫৫০ ওয়াটের মডিউলভিত্তিক দরপত্র আহ্বানের যৌক্তিকতা বোধগম্য নয়।"

চীনের সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ক্রমেই উচ্চক্ষমতাসম্পন্ন ও অধিক কার্যদক্ষ মডিউল উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশের সরকারি প্রকল্পের কারিগরি শর্তে সেই প্রযুক্তিগত পরিবর্তনের যথাযথ প্রতিফলন ঘটছে না বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে প্রকল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী আধুনিক হাইব্রিড ইনভার্টার ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রযুক্তির সুবিধা বিবেচনা না করে প্রচলিত নন-হাইব্রিড ইনভার্টারনির্ভর দরপত্র আহ্বানের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। বিশ্ব যখন আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, তখন সরকারি অর্থ ব্যয় করে পুরোনো প্রযুক্তি কেনার যৌক্তিকতা কোথায়? আজকের বিনিয়োগ কয়েক বছরের মধ্যে প্রযুক্তিগত বোঝায় পরিণত হলে তার আর্থিক দায় কে বহন করবে?

সরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্রে নির্দিষ্টভাবে টপ টেন (Top 10) এবং কোয়ার্টার ফোর (Q4) টিয়ার-১ ব্র্যান্ডের শর্ত আরোপ নিয়েও তীব্র প্রশ্ন তোলেন ব্রামা সভাপতি। তিনি বলেন, "চীনে বর্তমানে অনেক নতুন ও সম্ভাবনাময় প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে উঠছে।" এসব প্রতিষ্ঠানের অনেকেই অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে উচ্চক্ষমতাসম্পন্ন এবং উন্নতমানের সৌর প্যানেল উৎপাদন করছে। অথচ দরপত্রে নির্দিষ্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিংয়ের শর্ত বেঁধে দেওয়ায় এসব প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সংকুচিত হচ্ছে।

একটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে, প্রয়োজনীয় সার্টিফিকেশন রয়েছে, স্বাধীন পরীক্ষায় পণ্যের গুণগত মান প্রমাণ করতে সক্ষম এবং প্রতিযোগিতামূলক মূল্য দিতে পারছে, তারপরও শুধু নির্দিষ্ট র‍্যাঙ্কিংয়ে না থাকার কারণে প্রতিষ্ঠানটিকে বাদ দেওয়ার যৌক্তিকতা কোথায়, সে প্রশ্ন তোলেন তিনি।

BloombergNEF-এর Tier-1 শ্রেণিবিন্যাস মূলত প্রস্তুতকারকের অর্থায়নযোগ্যতা বা ব্যাংকেবিলিটি মূল্যায়নের একটি সূচক; এটি সরাসরি পণ্যের গুণগত মানের সনদ নয়। ফলে পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক সার্টিফিকেশন, উৎপাদন সক্ষমতা, কার্যদক্ষতা, ওয়ারেন্টি এবং স্বাধীন মান পরীক্ষার পরিবর্তে নির্দিষ্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিংকে অপরিহার্য শর্ত করা হলে প্রকৃত প্রতিযোগিতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, "সরকারি দরপত্রের উদ্দেশ্য হওয়া উচিত প্রতিযোগিতামূলক মূল্যে সর্বোচ্চ গুণগত মানের পণ্য সংগ্রহ করা।" দরপত্রের শর্ত এমন হওয়া উচিত নয়, যা অযৌক্তিকভাবে প্রতিযোগিতার ক্ষেত্র সংকুচিত করে কিংবা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের জন্য বাজার সংরক্ষণের সুযোগ সৃষ্টি করে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ব্র্যান্ডনির্ভরতার পরিবর্তে গুণগত মান ও প্রযুক্তিগত সক্ষমতানির্ভর দরপত্র প্রণয়ন করা প্রয়োজন।

নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বর্তমান সরকারের নীতিগত সহযোগিতা, শুল্ক অব্যাহতি এবং ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা। তিনি মন্তব্য করেন, "বিগত সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে বর্তমান সরকারের মতো কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশ আজ বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে থাকত এবং জ্বালানি আমদানিনির্ভরতা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হতো।"

চীন, ভারত, ভিয়েতনাম ও পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।" দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, প্রযুক্তিগত পশ্চাৎপদতা ও কার্যকর বাস্তবায়নের অভাবে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ইতিবাচক উদ্যোগ যেন আমলাতান্ত্রিক জটিলতা, প্রতিযোগিতা সংকোচনকারী দরপত্রের শর্ত, পুরোনো প্রযুক্তির ব্যবহার এবং দুর্বল মাননিয়ন্ত্রণের কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, গত ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকা জেলায় সরকারি-বেসরকারি প্রায় ২৮ হাজার ভবনের ছাদে ১৬২ মেগাওয়াট পিক গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ সক্ষমতা স্থাপিত হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে। অফ-গ্রিড স্থাপনাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। জুনের পর ৫৫৭টি নতুন ভবনে প্রায় ২২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে, যার মধ্যে ৭১টি সরকারি ভবনে প্রায় ৭ মেগাওয়াট পিক।

আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকা জেলার আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৯৬টি সরকারি ভবন। লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ সক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে এবং সরকারি ভবনে সৌরবিদ্যুতের সক্ষমতা প্রায় সাড়ে চার গুণ বাড়বে। তবে সৌরবিদ্যুৎ স্থাপিত ভবনগুলোর মধ্যে মাত্র ১ হাজার ৬৮৬টিতে নেট মিটারিং সংযোগ থাকায় এ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, "সৌরবিদ্যুৎ খাতের সফলতা শুধু স্থাপিত মেগাওয়াটের সংখ্যা দিয়ে মূল্যায়ন করলে চলবে না।" এর সঙ্গে প্রযুক্তির আধুনিকায়ন, পণ্যের গুণগত মান, অবাধ প্রতিযোগিতা, সরকারি অর্থের সুরক্ষা, ভোক্তার স্বার্থ এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তার বক্তব্যের সারকথা হলো, বাংলাদেশের প্রয়োজন টেকসই জ্বালানি নিরাপত্তা, নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য সংরক্ষিত বাজার, পুরোনো প্রযুক্তির প্রদর্শনী কিংবা সৌরবিদ্যুতের নামে আমদানিকৃত বর্জ্যের ভাগাড় নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি শিখল বাংলাদেশের ৪০ কিশোর ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি শিখল বাংলাদেশের ৪০ কিশোর ফুটবলার

আজ বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬’। এই ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধান করছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধিদল। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৪০ জন ক্ষুদে ফুটবলার আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পায়। তাদের সঙ্গে ৯০ মিনিটের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন বাফুফে কোচিং স্টাফরাও।

ফুটবল ক্লিনিকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন)।

আর্জেন্টিনা প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ডিরেক্টর মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো। ইতোমধ্যে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশ বাংলাদেশে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%