০৭:৪০ পি.এম
টিকটক ফ্যামিলি পেয়ারিং ফিচারে নতুন সুবিধা যুক্ত করেছে, যা কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের জানাতে সহায়ক হবে। এই পরিবর্তনের মাধ্যমে অভিভাবকরা সহজেই জানতে পারবেন তাদের সন্তানের কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, কত সময় অনলাইনে কাটানো হচ্ছে এবং কোন কনটেন্টে আগ্রহী হচ্ছে। অভিভাবকরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেটিংস পরিবর্তন করার সুযোগও পাবেন।
টিকটকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে। এর মধ্যে প্রাইভেট অ্যাকাউন্ট, বয়স অনুযায়ী উপযুক্ত কনটেন্ট দেখানোর ব্যবস্থা এবং প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট স্ক্রিন টাইমের সীমা অন্তর্ভুক্ত। নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার অভিভাবকদের জন্য আরও সহায়ক হবে।
নতুন ফিচার যা থাকছে
আরও পড়ুন: গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ নিওনের জনপ্রিয়তা বেড়েছে, প্রশংসা করলেন ইলন মাস্ক
নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারের তথ্য অভিভাবক এবং কিশোর-কিশোরীদের জন্য সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এই ফিচারের নতুন ড্যাশবোর্ডে চারটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে।
স্ক্রিন টাইম: অভিভাবকরা দেখতে পাবেন, সন্তান প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করছে এবং ‘স্ক্রিন টাইম’ নিয়ন্ত্রণে কী কী সেটিংস ব্যবহার করা হচ্ছে।
অনলাইন যোগাযোগ: সন্তানদের ফলোয়ার ও ফলোয়িংয়ের সংখ্যা কতটা পরিবর্তন হচ্ছে, কোন অ্যাকাউন্টগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং কোন অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, সেটি ড্যাশবোর্ডের ‘কানেকশন’ অংশে দেখা যাবে।
কনটেন্টের প্রতি আগ্রহ: অভিভাবকরা সন্তান যেসব ভ্যারিফাইড ক্রিয়েটরকে ফলো করে, তাদের কিছু স্যাম্পল কনটেন্ট দেখতে পারবেন। এর মাধ্যমে সন্তানদের ‘কনটেন্ট ইন্টারেস্ট’, অর্থাৎ তারা কোন ধরনের বিষয়ে আগ্রহী এবং কোন অনলাইন কমিউনিটির সাথে যুক্ত, সেটি জানা যাবে।
আরও পড়ুন: কিউসিওয়াইয়ের ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
পোস্ট: সন্তান প্রতি সপ্তাহে যেসব ‘পোস্ট’ পাবলিক ভিউয়ারদের জন্য করবে, সেগুলো অভিভাবকরা দেখতে পারবেন। পাশাপাশি প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে, সেই তথ্যও জানা যাবে।
এছাড়া, নতুন একটি সতর্কবার্তা চালুর জন্য কাজ করছে টিকটক। এই উদ্যোগে বোস্টন চিলড্রেনস হসপিটালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞরা টিকটকের সাথে কাজ করছেন। এতে সেফ অনলাইন স্ট্যান্ডার্ডসের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং জনস হপকিন্স সেন্টার ফর সুইসাইড প্রিভেনশনের সহযোগী শিক্ষক ড. ড্যান রেইডেনবার্গও যুক্ত আছেন। নতুন এই ব্যবস্থায় কোনো কিশোর-কিশোরী যদি বারবার নিজের ক্ষতি করার সাথে সম্পর্কিত শব্দ খুঁজে, তাহলে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছাবে।
স্কুলের জন্য নতুন গাইড
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিকটক নতুন একটি নির্দেশিকা চালু করেছে। এই নির্দেশিকা শিক্ষক এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে। গাইডে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য বিভিন্ন তথ্য এবং টুল তুলে ধরা হয়েছে। টিকটক সেফটি সেন্টারে এডুকেটরস গাইড এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে অন্যান্য তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি: একাধিক সুবিধা ও যোগ্যতার বিস্তারিত
নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি, এডুকেটরস গাইড স্কুলগুলোকে প্রয়োজনীয় তথ্য দেবে। এসব উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে টিকটক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন