০৫:২৮ পি.এম
নরসিংদীতে কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের বীরপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে জীবন আহমেদ (২০) এবং প্রবাসী সেলিম মিয়ার ছেলে নীরব খান (২০)। নীরব দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, অপরদিকে জীবন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র এবং নিহতদের পরিবার জানায়, শুক্রবার রাতে নরসিংদী সরকারি কলেজ মাঠে একটি কনসার্টের আয়োজন করা হয়। সেখানে গান শুনতে রায়পুরা থেকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন নরসিংদীতে আসেন। তাদের মধ্যে নীরব ও জীবন একটি মোটরসাইকেলে ছিলেন, যেখানে জীবন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। রাত ৮টার দিকে কনসার্ট শেষে বাড়ি ফেরার পথে বীরপুর ব্রিজ এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। ঘটনাস্থলে নীরবের মৃত্যু ঘটে। জীবনকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন
জীবনের ভগ্নিপতি মুস্তাকিম ভূঁইয়া জানান, কনসার্ট থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জীবন তার মায়ের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা বলেন। এরপর গুরুতর আহত অবস্থায় জীবনকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, গতকাল রাতে ওই দুই কিশোরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর তিনি বিভিন্ন মাধ্যমে পেয়েছেন। তবে নিহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ তিনি পাননি।
এদিকে, দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। শনিবার সকালে জীবনের এবং বিকেলে নীরবের জানাজা শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: রংপুরে দোলনচাঁপা ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন