০৬:১০ পি.এম
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ মন্তব্য করেছেন যে, ভারতের সহযোগিতায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালিয়ে দেশের নির্বাচিত সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
তিনি রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সভায় এ কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধের উদ্দেশ্যে বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম এই প্রতিবাদ সভার আয়োজন করে।
সুরঞ্জন ঘোষ উল্লেখ করেন, শেখ হাসিনা এবং শেখ পরিবারের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। তিনি বলেন, "এ দেশের ছাত্র-জনতা ৫ আগস্টের মতো আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।" তিনি আরও বলেন, খুন ও মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে হাসিনার পাসপোর্ট ফেরত দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। এ সময় তিনি ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, "ভারত বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে বলে আশা করা হচ্ছে।"
আরও পড়ুন: কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে
সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, "ধর্ম যার যার, বাংলাদেশ সবার।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বেড়ে ওঠা সকল মানুষ যে ধর্মেরই হোক না কেন, তারা সবাই বাংলাদেশি। কাউকে সংখ্যালঘু তকমা দিয়ে জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং গুজব-অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, "ভারতসহ যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ, তবে কোনো আধিপত্য নয়।"
সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন তৈরি না করে সকল নাগরিককে অভিন্ন বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করে সম্প্রীতি ও সমঅধিকার নিশ্চিত করতে হবে। তিনি ভারতের শাসক দলের পক্ষ থেকে বাংলাদেশে ৫ আগস্টের পর ১৪৯ জন সংখ্যালঘু হত্যার বিষয়ে ছড়ানো মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ন্যায় প্রতিষ্ঠা মঞ্চের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির, মো. আল আমিন, মনিরুজ্জামান সোহেল, তালুকদার মনিরুজ্জামান মনির, মো. আল-আমিন (সুমন), শাহজাহান মিয়া, হাজী শাবান ও রমনা মালা প্রমুখ।
আরও পড়ুন: এসপি জাহাঙ্গীরের স্ত্রী: আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন