ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ন্যাটো সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বার্তা


ন্যাটো সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বার্তা

ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইউরোপের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ প্রশমনের আশায় ন্যাটোভুক্ত দেশগুলো মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হওয়া শীর্ষ সম্মেলনে, প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়টি তুলে ধরবে।

তুরস্কের বিশাল প্রেসিডেন্সিয়াল প্রাসাদে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ঠিক এক বছর আগে ট্রাম্পের চাপের মুখে ন্যাটোর সদস্য দেশগুলো জিডিপির ৫ শতাংশ নিরাপত্তা-সংশ্লিষ্ট খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।

আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউরোপীয় দেশগুলো সামরিক বাজেট বাড়িয়ে এবং রাশিয়ার হুমকির মুখে নিজেদের মহাদেশের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি নিয়ে আসার মাধ্যমে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

সম্মেলনের আগের দিন তিনি আঙ্কারায় সাংবাদিকদের বলেন, ‘মাত্র এক বছরের মধ্যেই আমরা রূপান্তরমূলক অগ্রগতি দেখতে পাচ্ছি।’

ট্রাম্পকে সন্তুষ্ট করতে ন্যাটো বেশ কিছু দৃষ্টিনন্দন পরিসংখ্যান তুলে ধরার প্রস্তুতি নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ইউরোপীয় একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘এখনই নিজেদের সক্ষমতা দেখানোর সময়।’

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

মূল সম্মেলনের আগে মঙ্গলবার আয়োজিত প্রতিরক্ষা শিল্পবিষয়ক এক ফোরামে নেতারা কয়েক বিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করবেন। এর মাধ্যমে ট্রাম্পকে দেখাতে চান, তারা শুধু প্রতিশ্রুতিই দিচ্ছেন না, তা বাস্তবায়নও করছেন।

এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার কানাডা ঘোষণা দিয়েছে, তারা নতুন সাবমেরিন বহর নির্মাণের জন্য জার্মানির থিসেনক্রুপ মেরিন সিস্টেমসকে বেছে নিয়েছে। বহু বিলিয়ন ডলারের এই কর্মসূচিকে অটোয়া ইউরোপীয় ন্যাটো মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে।

তবে ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর আক্রমণের জন্য মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় ক্ষুব্ধ ট্রাম্প সম্মেলনের আগে থেকেই মিত্রদের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, তাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো খুব ধীরগতির।

গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘পারস্পরিক সহযোগিতা না থাকলে যুক্তরাষ্ট্রের জন্য এভাবে একতরফাভাবে এগিয়ে চলা হাস্যকর। আমাদের প্রয়োজনের সময় তারা আমাদের পাশে ছিল না!’

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

'মানসিকতায় প্রকৃত পরিবর্তন'-

ইউরোপীয় নেতারা অন্তত এমন কোনো বিরোধ এড়াতে চান, যা অনিশ্চিত প্রকৃতির ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিতে পারে। কারণ, ট্রাম্প আগেও একাধিকবার মিত্রদের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এতে ন্যাটোর বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

কূটনীতিকরা আশা করছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক এবং ন্যাটো মহাসচিব রুটের অব্যাহত কূটনৈতিক তৎপরতা ট্রাম্পকে শান্ত রাখতে সহায়ক হবে।

তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ একাধিক নেতার সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বিরোধের কারণে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

ইরান ইস্যুতে সহযোগিতার আগ্রহ দেখাতে ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালিতে সম্ভাব্য একটি নৌ-অভিযানের পরিকল্পনা করেছে। প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটি দেশ ওই অঞ্চলের কাছাকাছি তাদের যুদ্ধজাহাজও মোতায়েন করেছে।

তবে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ইউরোপীয় দেশগুলো তাদের নৌবাহিনী পাঠানোর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভঙ্গুর চুক্তির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চায়।

ইউরোপীয় নেতারা আশা করছেন, ট্রাম্প সমঝোতার সুরে কথা বলবেন। তবে তারা ধীরে ধীরে এ বাস্তবতাও মেনে নিচ্ছেন যে, যুক্তরাষ্ট্র ক্রমেই তাদের এই জোট থেকে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনছে।

ওয়াশিংটন স্পষ্ট করে জানায়, ইউরোপীয় মিত্রদেরই মহাদেশের প্রচলিত প্রতিরক্ষার নেতৃত্ব নিতে হবে। সম্প্রতি তারা ন্যাটো কমান্ডারদের জন্য বরাদ্দ সামরিক সক্ষমতাও কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

ইউরোপীয় দেশগুলো প্রমাণ করতে চায়, তারা আরও বড় দায়িত্ব নিতে প্রস্তুত। একই সঙ্গে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তিকে যতটা সম্ভব ন্যাটোর সঙ্গে সম্পৃক্ত রাখারও চেষ্টা চালাবে।

'জোরালো সিদ্ধান্ত'-

নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রেও প্রায় পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। কারণ, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সহায়তা কমিয়ে দিয়েছেন।

মঙ্গলবার নেতাদের নৈশভোজে অংশ নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর ইউরোপীয় মিত্রদের কাছে ২০২৬ ও ২০২৭ সালে প্রতি বছর অন্তত ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পাবেন।

আরও পড়ুন: দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী

আঙ্কারা সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কির। রাশিয়ার ভয়াবহ হামলায় প্রায় ৩০ জন নিহত হওয়ার পর তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে ন্যাটোকে ‘জোরালো সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। এরপর জেলেনস্কি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে, যুদ্ধে কিয়েভ পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। একই সঙ্গে মস্কোকে আবারও অর্থবহ শান্তি আলোচনায় ফিরিয়ে আনতে ট্রাম্প যেন চাপ প্রয়োগ করেন, সে আহ্বানও জানাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে এলপি গ্যাসের দাম কমার কারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


দেশে এলপি গ্যাসের দাম কমার কারণ

বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রধান মূল্যসূচক সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় জুলাই মাসের জন্য দেশের বেসরকারি খাতের এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসির আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় সেই প্রভাব দেশীয় বাজারেও পড়েছে। তাই আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিইআরসির প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের জুলাই মাসের জন্য সৌদি আরামকো প্রোপেনের কনট্রাক্ট প্রাইস (সিপি) প্রতি মেট্রিক টন ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেনের সিপি প্রতি মেট্রিক টন ৬০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত বিবেচনায় গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৫৯১ মার্কিন ডলার। আগের মাসে এই গড় মূল্য ছিল ৬৮০ মার্কিন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে গড় দাম ৮৯ মার্কিন ডলার কমেছে।

আন্তর্জাতিক বাজারে এই মূল্যহ্রাসের প্রভাবেই দেশে এলপিজির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি রেটিকুলেটেড ব্যবস্থায় তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার ৭২ পয়সা ৪৮ পয়সা বা প্রতি ঘনমিটার ৭২৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। ফলে জুলাইতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমেছে। এর আগে গত মাসেও ৫৫ টাকা কমানো হয়েছিল। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম দ্রুত বেড়ে যায়। এর প্রভাব পড়ে দেশীয় বাজারেও। দেশের ইতিহাসে গত এপ্রিলে এলপিজির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়। ওই মাসের শুরুতে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়। পরে একই মাসের ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়ানো হলে ১২ কেজির সিলিন্ডারের দাম পৌঁছে যায় ১ হাজার ৯৪০ টাকায়। এরপরের মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমতে শুরু করে। এর ধারাবাহিকতায় জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। সবশেষ জুলাই মাসে আরও ৩৫৭ টাকা কমানো হয়েছে। ফলে গত দুই মাসে দুই দফায় মোট ৪১২ টাকা কমেছে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম।

অন্যদিকে, অটোগ্যাসের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ৮০ পয়সা, যা আগের মাসের তুলনায় কম। নতুন এ দাম ২ জুলাই সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয় করার জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, সুস্পষ্ট ল্যঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে সৈয়দপুর ও রংপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ২৮৩ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


শিবচরে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন

মাদারীপুরের শিবচরে গাভী বিতরনের আয়োজন শনিবার সকালে করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন করা হয়েছে। ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির (ভি ডি এস) স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে গাভী পালনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জানা গেছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে বাঁশকান্দি ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৬টি গাভী বিতরন ও উপকারভোগীদের গাভী পালন প্রশিক্ষণ প্রদান করা হয়। এই সংগঠনটি শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচী সফলতার সাথে সম্পন্ন করে আসছে।

উপকাভোগীদের মধ্যে রয়েছেন ফরিদা খাতুন, মোঃ কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া এবং লতা বেগম।

এই অনুষ্ঠানে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%