০৫:৫৪ পি.এম
গোপালগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৬ : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এস এম জিলানী মন্তব্য করেছেন যে, একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশে নতুনভাবে আবির্ভূত হয়েছে।
তিনি উল্লেখ করেন যে, এই পরাজিত শক্তি দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের সাথে গুপ্ত অবস্থায় থেকে এ দেশে রাজনীতি করে আসছে। একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত এবং ফ্যাসিস্ট একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে।
এস এম জিলানী বলেন, "এই দুই মিলে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরা যেন নতুন করে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।"
আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে যুবদল আয়োজিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আমি ভেবেছিলাম দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল একটি নির্বাচিত সরকারকে দেশ পরিচালনায় অন্তত একটি বছর সময় দেবে। কিন্তু তারা তা না করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিরোধী দলীয় সংসদ নেতা সংসদে বসে এক কথা বলছেন আর সংসদের বাইরে এসে বলছেন ভিন্ন কথা। তারা কখনই বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে ছিল না।"
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে উপজেলা যুবদলের আয়োজনে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বর এসে শেষ হয়।
আরও পড়ুন: বগুড়ায় 'হাত ধোয়ার নায়ক হোন' শ্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
এর আগে এস এম জিলানী উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন