ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় রাষ্ট্রীয় সাইবার হুমকি চীন: এনসিএসসি প্রতিবেদন


নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় রাষ্ট্রীয় সাইবার হুমকি চীন: এনসিএসসি প্রতিবেদন

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডের সাইবার নিরাপত্তা সংস্থা চীনকে দেশের সবচেয়ে সক্রিয় ও সক্ষম রাষ্ট্রীয় সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করেছে। বিদেশি রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার তৎপরতার অভিযোগ উঠেছে সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে, যা স্বাস্থ্য, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতকে অন্তর্ভুক্ত করে।

বৃহস্পতিবার প্রকাশিত ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) বার্ষিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদেশি রাষ্ট্রীয় পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সন্দেহজনক তৎপরতা শনাক্ত করা হয়েছে, যা নিউজিল্যান্ডের স্পর্শকাতর তথ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

প্রতিবেদনে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার কর্মকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন তৎপরতার যোগসূত্র পাওয়া গেছে। বলা হয়েছে, নিউজিল্যান্ডে সাইবার কর্মকাণ্ড পরিচালনাকারী সবচেয়ে সক্রিয় রাষ্ট্রীয় পক্ষ হলো চীন।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, নিউজিল্যান্ডের এ মূল্যায়ন পশ্চিমা দেশগুলোর আরেকটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও চীনের সাইবার গুপ্তচরবৃত্তির বিষয়ে সতর্কবার্তা হিসেবে এসেছে। তবে বেইজিং এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

এদিন প্রকাশিত প্রতিবেদনটির বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মন্তব্য করেছেন, নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ‘মিথ্যা ছড়ানো ও বিরোধ উসকে দেওয়া’ বন্ধ করতে হবে। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বাড়ানোর আহ্বান জানান। চীন সবসময় হ্যাকিং হামলার বিরোধিতা করে এবং আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

এনসিএসসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত এক বছরে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য গুরুত্বপূর্ণ ৩৬৯টি সাইবার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৬টির সঙ্গে রাষ্ট্রীয় মদদপুষ্ট পক্ষের সম্ভাব্য যোগসূত্র পাওয়া গেছে। এসব ঘটনায় সরকারি সংস্থা, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই সাইবার ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে বলে সতর্ক করেছে এনসিএসসি। তারা জানিয়েছে, এ অঞ্চলের বিভিন্ন সরকার ও অবকাঠামোকে লক্ষ্য করে রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার গুপ্তচরবৃত্তির তৎপরতা সম্পর্কে তারা অবগত রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভারতবিরোধী মনোভাব বাড়ছে, উদ্বিগ্ন নয়াদিল্লি

নিউজিল্যান্ডের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এনসিএসসি জানিয়েছে, এ ধরনের সাইবার তৎপরতা দেশটির নাগরিক, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে।

সংস্থাটির মতে, রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হামলাকারীরা সাধারণত অবকাঠামো বা নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান, জরুরি জনসেবা প্রদানকারী সংস্থা কিংবা কৌশলগত সুবিধা দিতে পারে এমন তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে পারে।

এনসিএসসি সতর্ক করেছে যে, সাইবার গুপ্তচরবৃত্তি শনাক্ত করা কঠিন। হামলাকারীরা তথ্য সংগ্রহ বা বিঘ্ন ঘটানোর আগে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কোনো প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশাধিকার তৈরি ও তথ্য সংগ্রহের প্রস্তুতি নিতে পারে। দীর্ঘস্থায়ী এ ধরনের অনুপ্রবেশের ফলে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং ব্যক্তিগত ও করপোরেট তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হতে পারে।

আরও পড়ুন: জাপানে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর হলে ওঠার স্বপ্ন অধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর হলে ওঠার স্বপ্ন অধরা

রাজধানীতে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের স্বপ্ন এবং আশা নিয়ে গঠিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজ।

কিন্তু এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর আবাসন সুবিধা পাওয়ার নিশ্চয়তা নিয়ে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েন।

অসচ্ছল বা নিম্ন আয়ের পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই সমস্যা সবচেয়ে গুরুতর। শহরে থাকা-খাওয়ার উচ্চ ব্যয় বহন করার মতো আর্থিক সক্ষমতা অধিকাংশ শিক্ষার্থীর নেই। ফলে হলে একটি সিট তাদের জন্য শুধুমাত্র একটি সুবিধা নয়, বরং পড়াশোনা চালিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। কিন্তু কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থী সেই সিটের সুবিধা থেকে বঞ্চিত।

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিঠু দাসের গল্প উল্লেখযোগ্য। তিনি দুই মাস আগে বাবাকে হারিয়েছেন। এই ব্যয়বহুল শহরে নিজের খরচ বহন করার জন্য বাধ্য হয়ে ফুডপান্ডায় ডেলিভারির কাজ শুরু করেছেন। যদি হলে একটি সিট পেতেন, তাহলে তার অনেক কষ্ট লাঘব হতো। মিঠু দাসের মতো কলেজের অনেক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।

কলেজের সূত্রে জানা গেছে, ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স মিলিয়ে মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৯ হাজারের বেশি। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সংখ্যা ২৪০০ এবং অনার্স-মাস্টার্সের শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৭ হাজার। অন্যদিকে, কলেজের আটটি হলে মোট সিটের সংখ্যা মাত্র ১ হাজার ৩৬৪। এর মধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ৪৪২টি এবং অনার্স-মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ৯২২টি সিট রয়েছে।

কলেজের আটটি হলের মধ্যে পাঁচ তলাবিশিষ্ট বিজয় ২৪ হলটি সম্পূর্ণরূপে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, যেখানে মোট সিট সংখ্যা ১৬৬টি। অন্য সাতটি হলের মধ্যে উত্তর ও দক্ষিণ হলে ৩২৮টি করে ৬৫৬টি সিট, দক্ষিণায়ন হলে ১৯২টি, আন্তর্জাতিকে ১৩৮টি, পশ্চিম হলে ৯৬টি এবং ফরহাদ হলে ১৬৬টি সিট রয়েছে। কলেজের ইলিয়াস হলটি পরিত্যক্ত ঘোষণা করায় সেখানে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না।

আবাসন সংকটের কারণে অনার্সের শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই হলের আসন পান না। ফলে ঢাকা শহরে উচ্চশিক্ষার জন্য আসা নবীন শিক্ষার্থীদের আবাসন নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সংকটে পড়েন। তাদের পরিবারের সীমিত আয়ের কারণে শহরের মেস বা হোস্টেলের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।

প্রথম বর্ষের শিক্ষার্থী রাশেদুল রশিদ বলেন, "কলেজে এসে জানতে পারি প্রথম বর্ষে নাকি হল সংকটের কারণে সিট দেওয়া হয় না। হলের সিট সংখ্যা পর্যাপ্ত নয়, এখন ভবিষ্যতেও সিট পাব কিনা তাও বুঝতে পারছি না।"

অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, "আমাদের হলে সিট অপর্যাপ্ত। ফার্স্ট ইয়ারে সিট দিলে সে তো পাঁচ-ছয় বছরের মধ্যে আর সিট ছাড়বে না, তখন সিনিয়ররা বঞ্চিত হবে। তাদের প্রয়োজনটা অনেক বেশি। আগে শুধু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পেত। এবারই প্রথম ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সেকেন্ড ইয়ার থেকে সিট দিয়েছি।"

দক্ষিণায়ন হলের প্রভোস্ট ও দর্শন বিভাগের প্রভাষক নাজমুল হাসান নয়ন বলেন, "এটি খুবই দুঃখজনক। মাত্র ৮% শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। তবে এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। একটি ১০ তলা আবাসিক হল নির্মাণের কথাও রয়েছে। আমরা আশা করি, অতিদ্রুত নতুন হল নির্মাণের কাজ শুরু হবে।"

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের আক্তারুজ্জামান ইলিয়াস হলটি ১৯৯৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সর্বশেষ গত বছরের জুলাই মাসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মু. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ছাত্রদের জরুরি ভিত্তিতে অন্যত্র স্থানান্তর করতে বলা হয়।

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, "হল খালি করার জন্য আমরা নোটিশ দিয়েছি, কিন্তু এখনও হলের নিচ তলায় কিছু শিক্ষার্থী রয়েছে। হল খালি হয়ে গেলেই ভাঙার কাজ শুরু হবে। আমরা অলরেডি ডিসিকে হল ভাঙার জন্য চিঠি দিয়েছি।"

আবাসন সংকট নিরসনে নতুন একটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, "আমরা মনে করেছিলাম এটা হবে। পরে আমরা খোঁজ নিয়ে দেখি এটা একেবারেই হাওয়ার ওপরে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদ ফুরালেও পাইকগাছার সেতুর কাজ শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


মেয়াদ ফুরালেও পাইকগাছার সেতুর কাজ শেষ হয়নি

খুলনার পাইকগাছায় শিবসা নদীর ওপর নির্মাণাধীন ৭৪৮ মিটার দীর্ঘ সেতুর কাজ প্রায় ৭৬ শতাংশ সম্পন্ন হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মাণকাজ শেষ করার জন্য আরও ছয় মাস সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে। লক্ষ্য করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ সেতুটির কাজ সম্পন্ন হতে পারে।

তবে সেতুর নির্মাণকাজ এগিয়ে চললেও, ভারী ট্রাকের চাপের কারণে গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে সংযোগ সড়কের অবস্থান নিয়ে কিছু আপত্তি রয়েছে।

লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, "সেতুর নির্মাণসামগ্রী বহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।" তিনি উল্লেখ করেন, বাইনতলা বাজারের সংযোগ সড়ক সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, গিলাবাড়ীর পরিবর্তে গড়ইখালীর সঙ্গে সংযোগ সড়ক হওয়ায় লস্কর ইউনিয়নের অনেক মানুষ সেতুটির প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

প্রকাশ সরকার সংশয় প্রকাশ করে বলেন, "আগামী ছয় মাসের মধ্যে মূল ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।" তিনি জানান, সড়কের জন্য জমি অধিগ্রহণ এখনও করা হয়নি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্রিজ হলেও সংযোগ সড়ক নির্মাণে কত বছর লাগবে, সেটাই ভাবছেন তিনি।

স্থানীয় বাসিন্দা লাভলু সানা বলেন, "প্রথমে ব্রিজের সংযোগ সড়কটি খড়িয়া খালপাড় হয়ে বগুড়ারচক দিয়ে গিলাবাড়ি পর্যন্ত হওয়ার পরিকল্পনা ছিল।" কিন্তু বর্তমানে শুধুমাত্র ব্রিজ নির্মাণ হচ্ছে, সংযোগ সড়ক হচ্ছে না। এতে কয়রা উপজেলায় মানুষ এ ব্রিজের সুবিধা ভোগ করতে পারবে না।

এছাড়া, সেতু নির্মাণের ফলে শিবসা নদীতে পলি জমে নাব্য কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কয়েকজন। তাঁদের ধারণা, এতে ভবিষ্যতে জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি বাড়তে পারে। তবে এ আশঙ্কার পক্ষে কোনো কারিগরি সমীক্ষার তথ্য পাওয়া যায়নি।

সেতুটির অবস্থান পাইকগাছা জিসি-লস্কর বাজার, বাইনতলা, বগুড়ারচক, শুড়িখালী, ভান্ডারপোল ও গিলাবাড়ী জিসি সড়কের ২ হাজার ৩০০ মিটার চেইনেজে। লস্কর ও গড়ইখালী ইউনিয়নের লস্কর গ্রামের শিবসা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭৪৮ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮ মিটার।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এনডিই) ২০২৩ সালের সেপ্টেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু করে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, সেতুটির ২৪০টি পাইলের সবগুলোর কাজ সম্পন্ন হয়েছে। দুই পাড়ে প্রায় ২ দশমিক ৭১ একর জমি অধিগ্রহণের প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জমি পরিদর্শনের কাজও সম্পন্ন হয়েছে।

বর্তমানে প্রকল্পের ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল চুক্তি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হচ্ছে না। ফলে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম ও ব্যবসায়ী তেজেন মণ্ডল বলেন, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে তাঁদের খুলনায় যেতে দীর্ঘ পথ ঘুরতে হয়। শিবসা নদী পারাপারের বর্তমান ব্যবস্থা এবং শিববাটী সেতু হয়ে যাতায়াতের কারণে সময় ও খরচ দুটোই বাড়ে। নতুন সেতু চালু হলে এ দুর্ভোগ কমবে।

ব্যবসায়ী আলীমুজ্জমান বলেন, সেতুটি দ্রুত চালু হলে ঘেরের মাছসহ কৃষি ও ব্যবসাপণ্য সহজে খুলনায় নেওয়া যাবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও বাড়বে।

পল্লী সড়ক (সিআইবিআরআর) প্রকল্পের আওতায় নির্মিত এ সেতু চালু হলে পাইকগাছার সঙ্গে খুলনা শহরের সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি আশপাশের কয়েকটি উপজেলার মানুষও এর সুফল পাবেন।

প্রকল্পের ম্যানেজার সাহেব আলী জানান, সেতুর প্রায় ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। চলতি বছরের শেষ নাগাদ নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

উপজেলা প্রকৌশলী শাফীন সোহেব ও উপসহকারী প্রকৌশলী সজল বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। লস্কর প্রান্তে তিন রাস্তার মোড়ে একটি গোলচত্বর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে যানবাহন চলাচল সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সেতুটি চালু হলে একাধিক উপজেলার মানুষের যোগাযোগ সহজ হবে। নির্মাণকাজ শেষ করে দ্রুত সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নির্মাণকাজে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা হবে। একই সঙ্গে সংযোগ সড়কের অবস্থান নিয়ে স্থানীয়দের আপত্তিও বিবেচনায় নেওয়া হবে। তাঁদের মতে, শুধু সেতু নির্মাণ শেষ করলেই হবে না, নিরাপদ ও কার্যকর সংযোগ সড়ক নিশ্চিত হলেই এর সুফল মানুষের কাছে পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী

সরকার দেশজুড়ে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে। এই আকস্মিক ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি এও আশ্বাস দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধান হলে সরকার আবারও তেলের দাম কমিয়ে দেবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস প্রদান করেন।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। দেশে জ্বালানি তেল উৎপাদন হয় না। যে অঞ্চল থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে, সেখানে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর প্রভাব সারা বিশ্বের জ্বালানি বাজারে পড়েছে। ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে।"

তিনি উল্লেখ করেন, "বৈদেশিক মুদ্রার মাধ্যমে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বীমা প্রিমিয়ামসহ আমদানি ব্যয়ও বেড়েছে। ফলে দীর্ঘ সময় জ্বালানি তেলের দাম সমন্বয় না করে রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়েছিল।"

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "সরকার প্রথমে প্রায় ছয় মাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো বিকল্প না থাকায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশাবাদী। সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে খুব দ্রুত দেশের বাজারেও দাম সমন্বয়ের চেষ্টা করা হবে।"

এর আগে, বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীনগরে খাল ভরাটে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


শ্রীনগরে খাল ভরাটে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে পিটুনি

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি জমি অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে বাধা দেওয়ার কারণে ভূমি কার্যালয়ের কর্মচারীদের উপর মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

অভিযুক্ত নেতাদের মধ্যে রয়েছেন— উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ এবং সদস্য অনিক ইসলাম অভি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকার রবি টাওয়ারের সামনে সরকারি খালের জমি অবৈধভাবে ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানার পর সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করতে বলেন।

এ সময় নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা ভূমি অফিসের দুই কর্মচারী এবং অটোরিকশাচালক সোহেলকে মারধর করে আহত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে অবৈধ ড্রেজারটি ধ্বংস করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদলের নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভিকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%