ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীনগরে খাল ভরাটে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে পিটুনি


শ্রীনগরে খাল ভরাটে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে পিটুনি

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি জমি অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে বাধা দেওয়ার কারণে ভূমি কার্যালয়ের কর্মচারীদের উপর মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

অভিযুক্ত নেতাদের মধ্যে রয়েছেন— উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ এবং সদস্য অনিক ইসলাম অভি।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকার রবি টাওয়ারের সামনে সরকারি খালের জমি অবৈধভাবে ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানার পর সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করতে বলেন।

এ সময় নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা ভূমি অফিসের দুই কর্মচারী এবং অটোরিকশাচালক সোহেলকে মারধর করে আহত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখানে অবৈধ ড্রেজারটি ধ্বংস করা হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদলের নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভিকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠালেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠালেন আদালত

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এই দিনে কিশোরের পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় আজান আলী শরীফ গাড়ির চালকের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো হলেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়।

জামিন আবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৯ লাখ টাকা নগদ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে, আইনের সংঘাতে জড়িত শিশুকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. আরিফীন ইসলাম।

আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের চালকের আসনের দরজা খুলে আজান আলী শরীফকে বের হতে দেখা যায়। তদন্তে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক সত্যতাও পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এদিকে, মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলায় প্রাইভেটকারটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের একজন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আকাশ মারক বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ রাজ্যের ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি, বাংলায় ২৮৭ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


পাঁচ রাজ্যের ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি, বাংলায় ২৮৭ কোটি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মোট ৫২৯ কোটি ৩৮ লাখ টাকা খরচ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ব্যয় হয়েছে প্রায় ২৮৭ কোটি টাকা। পাঁচ রাজ্যের মোট নির্বাচনি ব্যয়ের অর্ধেকেরও বেশি বাংলার ভোটে ব্যয় হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, আসামে বিজেপির ব্যয় ৯৬ কোটি ২৬ লাখ টাকা, কেরালায় ৮২ কোটি ৬৭ লাখ, তামিলনাড়ুতে ৫১ কোটি ৫৬ লাখ এবং পুদুচেরিতে ১১ কোটি ৮৯ লাখ টাকা খরচ হয়েছে। বাংলায় বিজেপির মোট ব্যয়ের মধ্যে ২১৭ কোটি ১৬ লাখ টাকা গেছে দলের সাধারণ নির্বাচনি প্রচারে। প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত খাতে ব্যয় হয়েছে ৬৯ কোটি ৮৩ লাখ টাকা, যার মধ্যে প্রচারের জন্য প্রার্থীদের দেওয়া হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ টাকা।

বিজেপির বাংলাকে ঘিরে এই বিপুল খরচ নির্বাচনি ব্যয়ের হিসাবে বিশেষভাবে নজর কেড়েছে। পাঁচ রাজ্যের মোট ৫২৯ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে বাংলায় খরচ হয়েছে প্রায় ৫৪ শতাংশ। অন্য চার রাজ্যে মিলিয়ে দলের ব্যয় হয়েছে প্রায় ২৪২ কোটি টাকা। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া ব্যয়ের হিসাব অনুযায়ী, নির্বাচনের সময় বিজেপির কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এসেছে। নির্বাচনি পর্বে দলের প্রাপ্তির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৯৪ কোটি টাকা। ভোটপর্ব শেষ হওয়ার পর ব্যাংকে থাকা অর্থ এবং হাতে থাকা নগদ মিলিয়ে দলের তহবিলে ৭ হাজার ৬৮৯ কোটি ৬ লাখ টাকা ছিল বলে হিসাবপত্রে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে প্রার্থীদের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ সীমা থাকলেও রাজনৈতিক দলের সামগ্রিক নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে একই ধরনের নির্দিষ্ট সীমা নেই। নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনি ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। প্রচার, সভা, যাতায়াত, বিজ্ঞাপন এবং নির্বাচনি প্রচারসামগ্রীসহ বিভিন্ন খাতে হওয়া খরচ এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে।

পশ্চিমবঙ্গ বিজেপির জন্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ রাজ্য। দলের জমা দেওয়া হিসাবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। পাঁচ রাজ্যের ভোটে দলের মোট ব্যয়ের অর্ধেকের বেশি বাংলায় খরচ হওয়া নির্বাচনি গুরুত্বের একটি আর্থিক চিত্র তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড দলে নেই রাচিন রবীন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ভারতের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড দলে নেই রাচিন রবীন্দ্র

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, তবে ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে দলে রাখা হয়নি।

রবীন্দ্র ডান কাঁধে চোট পেয়েছেন, যা বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার ফলে হয়েছে। এই ইনজুরির কারণে তিনি ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।

নিউজিল্যান্ড ২২ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। সিরিজ শুরুর প্রায় এক মাস আগে রবীন্দ্রকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার।

তিনি মন্তব্য করেন, ‘রাচিনের জন্য আমরা মর্মাহত। এবারের গ্রীষ্ম মৌসুমে আমাদের জন্য বড় ভূমিকা পালন করবে সে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুনর্বাসনে যেন তাড়াহুড়া না করা হয়।’

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে ১৪ মাস পর ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে। তিনি দেশের হয়ে ৫৬ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন।

মিলনের সাথে নিউজিল্যান্ডের পেস আক্রমণে আরও ছয় পেসার রয়েছেন। তারা হলেন- লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস এবং নাথান স্মিথ।

গোড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় পেসার বেন সিয়ার্সকে দলে বিবেচনা করা হয়নি।

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে কোচ রব ওয়াল্টার বলেন, ‘নিজ মাঠে ভারতকে স্বাগত জানানো দারুণ ব্যাপার। ভারত খুব ভালো দল এবং শক্তিশালী প্রতিপক্ষ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি। রোমাঞ্চকর সিরিজ হবে। আমরা শুনেছি, সিরিজের বেশিরভাগ ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। নিঃসন্দেহে দারুণ সব মুহূর্ত উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘দলে প্রায় পূর্ণ শক্তির খেলোয়াড়রা রয়েছেন। যারা সব দিক সামাল দিতে সক্ষম। বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কেমন লড়াই হয়, সেটি দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে। ওয়ানডে সিরিজ ৩ নভেম্বর থেকে এবং টেস্ট সিরিজ ১৮ নভেম্বর থেকে শুরু হবে।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লুকি ফার্গুসন, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, এডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, নাথান স্মিথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাধ্যমিক শিক্ষায় পুরো শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে এবং কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। নতুন কারিকুলাম ২০২৮ সাল থেকে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় কঠোর অবস্থান গ্রহণ করছে। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য একটি শক্তিশালী ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, ‘সম্প্রতি আমরা মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। শিক্ষা খাতে কীভাবে আরও উন্নতি করা যায় তা নিয়ে আমরা কাজ করছি। মোনাশ ইউনিভার্সিটি আমাদের দেশে একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরা এটি বাস্তবায়ন করব।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উন্নত পরিবেশ সৃষ্টি করব। এভাবেই আমরা শিক্ষার উন্নয়ন সাধন করব এবং শিক্ষাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের জাতির সাফল্যের চাবিকাঠি এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আমাদের অনেক অবদান রাখছে।’

শিক্ষা মন্ত্রণালয়ে সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগে এটি আমাদের জিডিপির মাত্র ১.৩৯ শতাংশ ছিল, এখন আমরা অনেক বেশি পেয়েছি। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এই বাজেট ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবেন। তাই বাজেট আমাদের জন্য কোনো সমস্যা নয়। আমরা আমাদের শিক্ষাব্যবস্থাকে চীন বা পশ্চিমা দেশগুলোর মতো উন্নত করতে পারি এবং আমরা তা করে দেখাব—এটিই আমাদের মিশন।’

এহছানুল হক মিলন সমাজে তরুণদের পথভ্রষ্ট হতে দেখা যাচ্ছে উল্লেখ করে বলেন, ‘আমরা রাজনীতি নয়, সমাজ পরিবর্তনের একটি কর্মসূচি চাই। এই সমাজকে পরিবর্তন করবে কে? প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কেবল শিক্ষা খাতই তা করতে পারে। আমাদের দেশকে ভালোবাসতে হবে এবং নেতিবাচকতার ধারা বন্ধ করতে জাতিকে সাহায্য করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%