ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা


ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম (আরবিওপি)’ এর সভাপতি ও সাবেক সচিব জনাব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব খন্দকার মো. কবিরুল ইসলাম তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ অক্টোবর সফররত বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে কতিপয় দুষ্কৃতকারীর অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।’

তারা আরও বলেন, একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) হুইলচেয়ারে চলন্ত অবস্থায় তার সাথে যে অপমানজনক ও অসদাচরণ করা হয়েছে, তা চরম ধৃষ্টতাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত। তারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি করা এ ঘৃণ্য ও কাপুরুষোচিত দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন: চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার, তবে একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের পথ আটকে তাঁর প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, ‘অধিকন্তু তাঁর বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। বরং জুলাই বিপ্লব-পরবর্তী জাতির চরম ক্রান্তিকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে জাতিকে রাজনৈতিক সংকট থেকে উদ্ধার করেছেন এবং একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর কর্মযজ্ঞ সফলভাবে শেষ করার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি জাতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী। তারা দেশবাসীকে আহ্বান জানান, ভবিষ্যতে ফ্যাসিবাদের মদদপুষ্ট অন্ধ, জ্ঞানপাপী, গণতন্ত্র ও দেশদ্রোহীদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার এবং জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার জন্য।

অনতিবিলম্বে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশের সম্মানহানিকারী এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে তারা জোর দাবি জানান।

আরও পড়ুন: ‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— ছাত্রলীগ নেতার বক্তব্য পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ এম


শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকের হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালতের বিচারক জানিয়ে দেন, মামলার শুনানির পূর্বে অভিযোগপক্ষের আইনজীবীরা নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে তাদের দায়িত্ব পালন করেননি। তবে বাসফিল্ডের বিরুদ্ধে নতুন অভিযোগ আনার সুযোগ রয়েছে, যদি অভিযোগপক্ষ চাই।

৬৯ বছর বয়সী বাসফিল্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুই যমজ শিশুকে অনুচিতভাবে স্পর্শ করেছেন। তিনি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। নিউ মেক্সিকোর দ্বিতীয় বিচার বিভাগীয় অ্যাটর্নি কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ের পর তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।

অভিযোগপক্ষের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ক্লিনিং লেডি’র শুটিং চলাকালীন সময়ে দুই শিশুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটে। তখন তাদের বয়স ছিল ৭ ও ৮ বছর। প্রায় দুই বছর ধরে শুটিংয়ের বিরতির সময় এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে ওই যমজ শিশুর বয়স ১১ বছর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চারটি অভিযোগের ভিত্তিতে একটি অভিযোগপত্র গঠন করে বাসফিল্ডের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে একটি শিশুকে যৌনভাবে স্পর্শ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। তবে বাসফিল্ড এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। তার আইনজীবীরা মামলাটি খারিজ করার জন্য আবেদন জানান।

শুক্রবারের (১৬ অক্টোবর) রায়ে বিচারক জোসেফ মনতানো উল্লেখ করেন, অতিরিক্ত সাক্ষী হাজির করার বিষয়ে অভিযোগপক্ষের আইনজীবী বিচারকদের সঠিক নির্দেশনা দেননি। বিশেষ করে, সাক্ষী হাজির করার অনুরোধে অন্তত আটজন বিচারকের সম্মতি প্রয়োজন বলে তিনি ভুল তথ্য দিয়েছিলেন।

বিচারক আরও বলেন, অভিযোগপক্ষের আইনজীবীর এই আচরণ ন্যায়সংগত ও নিরপেক্ষ ছিল না। এর ফলে বিচারকদের অনুরোধ করা সাক্ষীদের হাজির করার সুযোগ কার্যত এককভাবে আটকে দেওয়া হয়েছিল।

টিমোথি বাসফিল্ড ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকে হোয়াইট হাউসের একজন সংবাদদাতার চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। তিনি ‘থার্টিসামথিং’ ধারাবাহিকে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবেও কাজ করেছেন। এছাড়া কেভিন কস্টনার অভিনীত ‘ফিল্ড অব ড্রিমস’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ এম


ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং স্কাউট সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।

ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে প্রধানমন্ত্রী আজ রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিকভাবে যান।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

হাসপাতাল পরিদর্শনকালে সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন।

এরপর প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে যান। সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বছরের এ সময়, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন, অনেকের মৃত্যুও হয়। ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। আর এ জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এই কাজে আমি তোমাদের সাহায্য চাই।"

তিনি আরও বলেন, "ঢাকা একটি বিশাল শহর। এখানে দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাঁদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। দেশের বিপুলসংখ্যক তরুণ যদি নিজেদের বাসা, স্কুল, পাড়া ও আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব।"

যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, "নগরীর বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো হলেও তা চুরি হয়ে যাচ্ছে, একইভাবে লাগানো গাছের চারাও চুরি হচ্ছে।" এসব অপকর্ম প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতিবছর নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, "একসময় ঢাকায় অনেক বেশি গাছপালা ও খোলা জায়গা ছিল। এখন সেখানে বহুতল ভবন গড়ে ওঠায় শহরে গরমের অনুভূতি বেড়েছে। গাছ যত বাড়বে, আমরা তত বুক ভরে শ্বাস নিতে পারব। তোমার জন্মদিনে, ভাইবোনের কিংবা নানা-নানির জন্মদিনে একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। গাছগুলো যখন বড় হবে, তোমরাও তখন বড় হবে। আমরা সবাই মিলে গাছ লাগালে শহরের তাপমাত্রাও কিছুটা কমিয়ে আনা সম্ভব।"

শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন- এই তিনটি ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

"চোরের ১০ দিন গোরস্তের ১ দিন" কথাটি সত্য প্রমাণিত হলো পুলিশের গ্রেফতারের মাধ্যমে উজ্জল নামের এক চোরের।

গোদাগাড়ীতে প্রায় প্রতি রাতে গরু ও মহিষ চুরির খবর পাওয়া যাচ্ছে। গোয়াল ঘরের তালা ভেঙে কিংবা রাস্তার পাশে খামার থেকে গরু নিয়ে পিকআপে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। গরু চোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গোদাগাড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়, ফলে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শুধু গোদাগাড়ী নয়, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গরু মহিষ চুরির ঘটনা ঘটেছে।

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু মহিষ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উজ্জল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া উজ্জল নওগাঁ জেলার মান্দা থানার শালদহ গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ তনজেব আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন থানায় মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। চার জেলায় গরু চুরির অভিযোগ রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, গ্রেপ্তার উজ্জল তাঁর সহযোগীদের নিয়ে একটি সক্রিয় চোর চক্রের মাধ্যমে পিকআপ গাড়ি ব্যবহার করে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গরু চুরির কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ চক্রের সদস্যরা সাধারণ কৃষকদের গবাদিপশুকে লক্ষ্যবস্তু করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রামাঞ্চলের কৃষক ও ক্ষুদ্র খামারিদের কাছে গরু তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। অনেক পরিবার কৃষিকাজ, দুধ উৎপাদন ও গবাদিপশু পালন করে সংসারের ব্যয় নির্বাহ করে। গরু চুরির ঘটনা ঘটলে কৃষকদের আর্থিক ক্ষতির পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হয়।

বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য গরু হারানো বড় ধরনের আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়। ফলে আন্তঃজেলা গরু চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট পিকআপ গাড়ি আটক হওয়া অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উজ্জলের বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব মামলার সঙ্গে বর্তমান গরু চুরির অভিযোগের সম্পর্ক কী, তা বিস্তারিতভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করা এবং তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নিশ্চিত করা। একই সঙ্গে তাঁর সহযোগী হিসেবে সন্দেহভাজন অন্য ব্যক্তিরা জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উজ্জলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আটক পিকআপ গাড়িটি গরু চুরির ঘটনায় কীভাবে ব্যবহৃত হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় রয়েছে।

তদন্তের স্বার্থে চক্রটির সম্ভাব্য অন্য সদস্যদের শনাক্ত করা, বিভিন্ন এলাকায় সংঘটিত গরু চুরির ঘটনার তথ্য যাচাই করা এবং চুরির শিকার কৃষকদের অভিযোগ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কতটি গরু চুরির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, কোনো গরু উদ্ধার করা হয়েছে কি না এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আন্তঃজেলা গরু চুরির অভিযোগে উজ্জলকে গ্রেপ্তার ও পিকআপ গাড়ি আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে অপরাধ দমনে আশার সঞ্চার হয়েছে। তবে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং চুরির ঘটনাগুলো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি।

সাধারণ কৃষকের কষ্টার্জিত সম্পদ রক্ষা, গবাদিপশু চুরি প্রতিরোধ এবং আন্তঃজেলা অপরাধ চক্রের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন কৃষক ও এলাকাবাসী।

বিএনপির গোদাগাড়ী উপজেলা সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, "গরু মহিষ চোরের উপদ্রব নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনা হয়েছে। কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। গরু চোর গ্রেফতার ও পিকআপ ভ্যান উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই। আগামীতে পুলিশ আরও তৎপর হবে বলে আমি আশাবাদী।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে  এক যুবককে গুলি করে হত্যা
 
 
রাজবাড়ীতে পিয়ারুল সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের স্বজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭টা‌র দি‌কে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। এ অবস্থায় তাঁর স্বজনেরা তাঁকে ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। পিয়ারুলের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%