০৯:০৯ পি.এম
স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড অ্যাসোসিয়েশনের (ব্রুবা) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ পরান গাঙ্গু এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাফায়েত হোসেন শুভ।
সোমবার (২ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ৩০ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমোদনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সামিউল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. শেখ ওমর ফারুক জিহাদ ও মো. আতিক হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আল আমিন প্রামাণিক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম বিল্লাহ ও মো. রাজিব মাহমুদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিনার হোসেন নয়ন।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক
এ ছাড়া কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক, অর্থবিষয়ক সম্পাদক, সহ-অর্থবিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহদপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্যাম্পেইনবিষয়ক সম্পাদক, ক্রীড়াবিষয়ক সম্পাদক, রক্তদানবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শুভ বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি সম্মান ও কর্তব্য হিসেবে গ্রহণ করছি। সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই মূলমন্ত্রকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা, রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’
নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন মানবতার সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
আরও পড়ুন: ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ
উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক রক্তদানকারী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা তৈরি, জরুরি প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন