০২:২৭ পি.এম
বরিশাল, ৭ অক্টোবর, ২০২৬ : বরিশাল জেলায় ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে এই সভার আয়োজন করে বিভাগীয় প্রশাসন।
সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে সহায়ক হবে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ
সভা থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ, ব্যবসায়ী, মৎস্যজীবী, গণমাধ্যম ও সাধারণ জনগণকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হয়।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
প্রধান অতিথি বলেন, "ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিত করা মানে আগামী দিনের মৎস্য সম্পদকে নিরাপদ রাখা। প্রজননের সময় মাছ ধরা পড়লে ভবিষ্যতের ইলিশের সংখ্যাই কমে যায়। তাই এ সময়ের সংরক্ষণ কোনো সাময়িক বিধিনিষেধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ।"
তিনি আরও বলেন, "মা ইলিশ রক্ষা শুধু মৎস্যজীবী বা মৎস্য বিভাগের দায়িত্ব নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণ। সবার সম্মিলিত অংশগ্রহণই এ উদ্যোগের সাফল্যের চাবিকাঠি।"
আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব, বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন