০২:২৮ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের আট শিক্ষার্থী ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ লাভ করেছেন। এই পুরস্কারের মধ্যে দুজনকে গবেষণা পুরস্কার দেওয়া হয়েছে এবং ছয়জনকে গবেষণা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে অর্থ আত্মসাত: ইনু ও হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা এবং সমাজের অনেকের অবদান থাকে। তাদের সেই অবদানের প্রতিদান দিতে হবে এবং ভবিষ্যতে সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করা সম্ভব নয়। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বেসরকারি অংশীদারিত্ব এবং অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানের পর্যায়ে নেওয়ার সম্ভাবনা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্ব দেন।
এ বছর ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার’ লাভ করেছেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি। পাশাপাশি ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি’ পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুয্জাম্মিল হক।
আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন