০৫:১৫ পি.এম
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেছেন, বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে একটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে, পণ্য পরিবহনে গতি সঞ্চার হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এসব মন্তব্য করেন। বৈঠকে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগ এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী আরও বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী
বৈঠকে হাইকমিশনার ডেরেক লো চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং টার্মিনাল পরিচালনার বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে পিএসএ ইন্টারন্যাশনাল প্রস্তুত রয়েছে।
হাইকমিশনার মন্তব্য করেন, বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এর ফলে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরো গতিশীল হবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন