ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে


নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে

মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একইসাথে, পুলিশের অতিরিক্ত সদস্য ও বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও বাসযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম মন্তব্য করেন, "গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।"

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ সদস্য গ্রেফতার: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ সদস্য গ্রেফতার: ডিএমপি

রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশ ধারণ করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপল বিক্রি ও মুনাফায় বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


অ্যাপল বিক্রি ও মুনাফায় বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়েছে

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফলে বিশ্লেষকদের পূর্বাভাসকে অতিক্রম করেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি ও বিভিন্ন সেবা থেকে আয় বৃদ্ধির ফলে কোম্পানিটি রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জন করেছে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতে ব্যয়ের বৃদ্ধি আগামী প্রান্তিকে কোম্পানির মুনাফার হার কমিয়ে দিতে পারে।

এ বিষয়ে খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস মন্তব্য করেন, ‘আমরা আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী পণ্যসম্ভার নিয়ে বছরের শেষের দিকে এগিয়ে যাচ্ছি।’ গত সেপ্টেম্বরে টিম কুকের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর এটি তার নেতৃত্বে কোম্পানির একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিবেদন।

সোমবার বিকেলে বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনা সভায় টার্নাস ছুটির মৌসুমে কোম্পানির নতুন পণ্যের বিক্রি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। নতুন পণ্যের মধ্যে রয়েছে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন ‘ডুও’।

অন্যদিকে, অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেভান পারেখ সতর্ক করে বলেন, বছরের শেষ প্রান্তিকে কোম্পানির মোট মুনাফার হার (গ্রস মার্জিন) সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় কিছুটা কমে যেতে পারে। সেপ্টেম্বর প্রান্তিকে এ হার ছিল ৪৭ দশমিক ৯ শতাংশ।

পারেখ বলেন, ‘আমরা আশা করছি, মোট মুনাফার হার ৪৫ থেকে ৪৬ শতাংশের মধ্যে থাকবে। এর প্রধান কারণ মেমোরি চিপের দাম বৃদ্ধি এবং সিরি এআই প্রযুক্তির সম্প্রসারণে কিছু অতিরিক্ত ব্যয়।’

গত জুনে গুগলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অ্যাপল তাদের ডিজিটাল সহকারী সিরিতে বড় পরিবর্তন আনে। নতুন সিরি এআইয়ের সক্ষমতা বাড়াতে গুগলের জেমিনি মডেল ব্যবহার করা হয়েছে।

এআই খাতে বাড়তি ব্যয়ের কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ কমানোর চেষ্টা করছে অ্যাপল। পারেখ বলেন, ‘আমরা মনে করি, এআই গ্রাহকদের নতুন প্রযুক্তির সুবিধা পেতে নতুন ডিভাইস কেনা বা পুরোনো ডিভাইস পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেরণা তৈরি করবে। পাশাপাশি তৃতীয় পক্ষের অ্যাপ, অংশীদারত্ব এবং অ্যাপলের নিজস্ব পণ্য ও সেবার ক্ষেত্রেও এআইয়ের নতুন ব্যবসায়িক সুযোগ রয়েছে।’

গত সেপ্টেম্বরে অ্যাপল তিনটি নতুন স্মার্টফোন বাজারে আনে। এগুলো হলো আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং কোম্পানির প্রথম ভাঁজযোগ্য ফোন ‘ডুও’। একই সময়ে প্রতিষ্ঠানটি দুটি নতুন ডেস্কটপ কম্পিউটারও উন্মোচন করে।

অক্টোবরে সিরি এআই-চালিত নতুন স্মার্ট ডিসপ্লে ‘হোমভিউ’ এবং প্রথমবারের মতো টাচস্ক্রিন সুবিধাসম্পন্ন ম্যাকবুক প্রো উন্মোচন করে অ্যাপল।

এ ছাড়া গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ‘অ্যাপল আপগ্রেড’ নামে একটি কিস্তিভিত্তিক ডিভাইস কেনার কর্মসূচি চালু করে প্রতিষ্ঠানটি। এর আওতায় গ্রাহকেরা আইফোনসহ অন্যান্য অ্যাপল ডিভাইস মাসিক কিস্তিতে ব্যবহারের জন্য নিতে পারবেন।

চিপ সংকট ও এআই খাতে ব্যয়ের হিসাব

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় পিছিয়ে থাকার অভিযোগ অ্যাপলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রয়েছে। তবে এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগের কারণে প্রতিষ্ঠানটি পরোক্ষভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারে। কারণ, নিজস্ব বিনিয়োগ তুলনামূলক কম রেখেও অন্য কোম্পানির তৈরি অবকাঠামো ও প্রযুক্তিগত অগ্রগতির সুফল নিতে পারে অ্যাপল।

বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, গত সেপ্টেম্বরে শেষ হওয়া ১২ মাসে অ্যাপলের মূলধনি ব্যয় প্রায় ১১ বিলিয়ন ডলার হতে পারে। সেপ্টেম্বরেই কোম্পানির অর্থবছর শেষ হয়।

অন্যদিকে, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন ও মেটা চলতি বছরে সম্মিলিতভাবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি বিনিয়োগের পথে রয়েছে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, এ অর্থের বড় অংশই ব্যয় হবে এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণে। বিনিয়োগের এই পরিমাণ আর্জেন্টিনা বা বেলজিয়ামের মতো একটি দেশের পুরো অর্থনীতির আকারের কাছাকাছি।

গত জুলাইয়ে মেটা জানায়, ২০২৬ সালে তাদের ব্যয় ১৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা আগের বছরের ব্যয়ের প্রায় দ্বিগুণ।

গত সপ্তাহে অ্যামাজন জানায়, চলতি বছরে তাদের বিনিয়োগ ব্যয় ২২০ বিলিয়ন ডলার হতে পারে। একই সময়ে মাইক্রোসফট জানায়, বছরের শেষ নাগাদ তাদের বিনিয়োগ ব্যয় ১৭০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে অ্যালফাবেট ২০২৬ সালে ১৯৫ থেকে ২০৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে।

এদিকে, এআই খাতে ঘনিষ্ঠ অংশীদারদের একজনের সঙ্গেই আইনি বিরোধে জড়িয়েছে অ্যাপল।

গত জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির অভিযোগ, নিজস্ব ভোক্তাপণ্য তৈরির উদ্যোগের অংশ হিসেবে ওপেনএআই তাদের বাণিজ্যিক গোপন তথ্য চুরির জন্য পরিকল্পিত প্রচারণা চালিয়েছে।

ওপেনএআইয়ের জনপ্রিয় এআই সেবা চ্যাটজিপিটি ২০২৪ সাল থেকে অ্যাপলের বিভিন্ন পণ্যে যুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসমান হাদি হত্যা মামলার সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


ওসমান হাদি হত্যা মামলার সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : আদালত আগামী ৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেছেন।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।

ওই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।

তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, চেম্বারের সভাপতি আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহেদ হাসান টগর, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বিআরটিএর সহকারী পরিচালক কেশব কুমার দাস এবং এনজিও সমন্বয়কারী প্রমুখ।

সভায় আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দিবসটি উদযাপনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%