০৪:০৮ পি.এম
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ১৬ জনকে উদ্ধার করেছে। তবে, নৌকাটিতে থাকা আরও ১১ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নৌকাটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়।
দুর্ঘটনাটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে ঘটে। নৌকাটি ডুবে যাচ্ছে জানিয়ে শুক্রবার রাত ১টার দিকে বিপৎসংকেত পাঠানো হয়। খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছায়। এরপর উদ্ধারকর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাগর থেকে ১৬ জনকে উদ্ধার করেন।
যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা সান্তিয়াগো তাম্বুরিনি জানান, উদ্ধার হওয়ার আগে লোকজন একে অপরকে এবং নৌকার ভাঙা অংশ আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই মেক্সিকোর নাগরিক বলে সান ডিয়েগোতে অবস্থিত মেক্সিকোর কনস্যুলেট জানিয়েছে।
আরও পড়ুন: ‘চেহারায় নয়, যোগ্যতায় নজর দিন’: কেটি জাকারিয়া বিতর্কে ট্রাম্পকে স্পাইসার
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের হাঙরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে ঠান্ডায় আক্রান্ত হওয়ার চিকিৎসা দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের হেলিকপ্টারে করে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সান ডিয়েগোর স্ক্রিপস মার্সি হাসপাতালে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে হাঙরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা থাকা ব্যক্তি এবং ঠান্ডায় আক্রান্ত দুজন রয়েছেন। আরও তিনজনকে স্ক্রিপস মেমোরিয়াল হাসপাতালে পরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে সর্বোচ্চ ২৭ জন ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ জীবনরক্ষাকারী জ্যাকেট পরেছিলেন। তবে, নৌকাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি; শুধুমাত্র ভাঙা অংশ পাওয়া গেছে। এটি কী ধরনের নৌকা ছিল, কোথা থেকে এসেছিল কিংবা কোথায় যাচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ ১১ জনের সন্ধানে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দুটি হেলিকপ্টার, একটি বিমান, একটি টহলজাহাজ এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দিয়ে সাগরের প্রায় ৩ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। মেক্সিকোর নৌবাহিনীও এনসেনাদা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: ইউরোপে উগ্রপন্থার উত্থান, মধ্যপন্থি রাজনীতির জনসমর্থন দুর্বল হচ্ছে
যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা রব টাকার জানান, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা যতক্ষণ থাকবে, ততক্ষণ তল্লাশি চালানো হবে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সাগরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১৮ দশমিক ৫ কিলোমিটার বেগে বাতাস বইছিল। ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দেড় মিটার। পানির তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস।
দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের পাচারের জন্য ব্যবহৃত একটি সন্দেহভাজন সমুদ্রপথের কাছে অবস্থিত। তবে, ওই নৌকায় থাকা ব্যক্তিরা কী উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই এলাকায় মাছ ধরার নৌকা ও বিনোদনের জন্য ব্যবহৃত নৌযানও চলাচল করে।
যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা তাম্বুরিনি বলেন, নৌকাটি পথ হারিয়েছিল, ইঞ্জিন বিকল হয়েছিল, স্রোতে ভেসে গিয়েছিল, নাকি পরিকল্পনা করেই এত দূরে গিয়েছিল—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ১১০ ডলার ছাড়িয়েছে
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে স্থলসীমান্তের কঠোর নজরদারি এড়িয়ে সমুদ্রপথে যাওয়ার চেষ্টা বেড়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছোট নৌকায় করে রাতের আঁধারে বাজা ক্যালিফোর্নিয়া থেকে উত্তরের দিকে যাত্রা করেন অভিবাসনপ্রত্যাশীদের কেউ কেউ। এ পথে নৌকাডুবির একাধিক ঘটনাও ঘটেছে।
২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের প্রায় ৫৬ কিলোমিটার উত্তরে একটি ছোট নৌকা উল্টে অন্তত তিনজনের মৃত্যু হয়। ২০২৩ সালে সান ডিয়েগোর উপকূলে ঘন কুয়াশার মধ্যে দুটি নৌকা তীরে পৌঁছানোর চেষ্টা করলে একটি উল্টে যায়। ওই ঘটনায় আটজন নিহত হন।
এছাড়া ২০২২ সালে সান ডিয়েগোর এক বাসিন্দাকে ৩২ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা চালানোর দায়ে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রবল ঢেউয়ে নৌকাটি ভেঙে পড়লে তিনজন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হন।
সূত্র: এপি
আরও পড়ুন: বিষ্ণোইয়ের গ্যাংস্টার হওয়ার নেপথ্যে কী, কেন সালমানের সঙ্গে দ্বন্দ্ব?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন