ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার উদ্যোগ


টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার উদ্যোগ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনার শক্তিশালীকরণ এবং ভোক্তাদের জন্য পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুদামজাতকরণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থাটি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজেদের পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা করছে।

এ লক্ষ্যে, টিসিবি নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যা বৃদ্ধি করছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজেদের গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।’ বর্তমানে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন, যা নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে, নতুন বাজার খুঁজে বের করার সুপারিশ

টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা দীর্ঘমেয়াদে নির্ধারণ করা হয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করার কথা রয়েছে। ফয়সল আজাদ বলেন, ‘আমরা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি পরিকল্পনা করছি।’

গুদাম সম্প্রসারণের পাশাপাশি, পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুত বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংস্থাটি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই সমীক্ষা সম্পন্ন হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’ এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুত নিশ্চিত করা। একই সঙ্গে, বেশি পরিমাণে পণ্য সংগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বিতরণের ক্ষেত্রে টিসিবির সক্ষমতা বৃদ্ধি পাবে।

টিসিবি তার নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা মেটানোর মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: গোয়াইনঘাটে তুচ্ছ বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক জাহাঙ্গীর আলম নিহত

বিশেষ করে, পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন হয়। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে আগেভাগে বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ করা সহজ হবে।

বর্তমানে, নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করে আসছে টিসিবি। এ কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর ভিত্তি করে গুদামের চাহিদা নির্ধারিত হয়।

নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে স্বল্পমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টক বাড়ানোর পরিমাণ ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হবে।

টিসিবির এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। পাশাপাশি, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় দরপতন এবং ইরানের হামলার বৃদ্ধি ঘটানোর জন্য। তিনি দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, যা তিনি পূর্বে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে তিনি দুটি বিষয় আগেই উল্লেখ করেছিলেন। প্রথমত, তিনি বলেছিলেন যে, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে। দ্বিতীয়ত, তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে, ইরান হামলার মাত্রা বাড়িয়ে আরও আক্রমণাত্মক হয়ে উঠবে।

ট্রাম্পের মতে, তার উল্লিখিত দুই পূর্বাভাস বাস্তবে ঘটেছে। তিনি দাবি করেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তিনি উল্লেখ করেছেন যে, এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী হিসেবে মনে করেন। তবে তিনি এমন পরিস্থিতি কোনোভাবেই ঘটতে দেবেন না বলে জানান।

ট্রাম্প বলেন, তেলের দাম বেশি রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা’ চালিয়েছে। তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে বলে তিনি দাবি করেছেন।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের পক্ষে বিস্তারিত তথ্য বা প্রমাণ তুলে ধরা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

ভারতের পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর কারণে বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং সনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

এটি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর একটি ভিডিও বলে দাবি করা হচ্ছে, যেখানে অমিতাভ বচ্চন পাঞ্জাবের থানায় বোমা হামলা সম্পর্কে প্রশ্ন করছেন। এই ভিডিওর ভিত্তিতে আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা উল্লেখ করেছেন যে, অনুষ্ঠানে এমন প্রশ্ন পাঞ্জাবের সুনাম ক্ষুণ্ণ করছে। তিনি ভিডিওটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, যদি ভিডিওটি সত্যিই কেবিসির কোনো পর্বের অংশ হয়, তাহলে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে তিনি জানিয়েছেন।

ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

অরোরা জানিয়েছেন, তিন-চার দিন আগে তার এক মক্কেল তাকে স্ক্রিনশট ও প্রায় দুই মিনিটের ওই ভিডিওটি দেখান। কথিত ভিডিওতে দেখা যায়, ১২.৫ লাখ রুপির প্রশ্ন করতে গিয়ে অমিতাভ বচ্চন জানতে চাইছেন—সাম্প্রতিক সময়ে ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে থানায় বোমা হামলা চালিয়েছে?

প্রশ্নটির চারটি অপশনে উত্তর প্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব রাখা হয়েছে। এরপর প্রতিযোগীকে ৫০:৫০ লাইফলাইন নিতে দেখা যায়, যাতে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদ পড়ে। শেষে অমিতাভ বচ্চনকে সঠিক উত্তর হিসেবে পাঞ্জাবের নাম বলতে শোনা যায়।

আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার মতে, এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন হতে পারে না; বরং একটি রাজ্যকে ছোট করার চেষ্টা। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়নি এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন; এটি একটি রাজ্যের বদনাম করার সরাসরি চেষ্টা।’

পাঞ্জাবে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ার সময় এমন ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, অমিতাভ বচ্চন ও সনি টিভির জবাব এলেই আসল ঘটনা বোঝা যাবে।

ভিডিওটি ভুয়া প্রমাণিত হলে যারা এটি বানিয়েছে বা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হবে বলে তিনি জানিয়েছেন।

তবে সেই প্রশ্নটি সত্যিই ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে করা হয়েছিল কিনা, তার কোনো প্রমাণ এখনো মেলেনি। এ বিষয়ে অমিতাভ বচ্চন বা সনি টিভির কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

ভিডিওতে কী দেখা যাচ্ছে?

সূত্র: দ্য স্টেটসম্যান / এএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%