বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫২ পি.এম
আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও নিহত জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার পরিবারে এখন চলছে শোকের মাতম। স্বান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। দুই নেতা হত্যার বিচার চান ভুক্তভোগীদের পরিবারসহ দলীয় নেতাকর্মীরা।
নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, যারা আমার ছেলেটা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। এখন আমি করব। শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম বলেন, আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব। স্বামী হত্যার দ্রুত বিচার চাই।
নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, আমার ভাইয়ের অপরাধ কী ছিল। নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচীতে গিয়েছিলাম।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মামলা দায়ের হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে মোট ৪৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতভর নগরীর কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় হেরোইন, ইয়াবা, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ২৭ হাজার টাকা জব্দ করা হয়। একই দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইন, চারপিস ইয়াবা ও মাদক বিক্রির ২৭ হাজার টাকা সহ জুলেখা বেগমকে (৫০) গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ খড়খড়ি এলাকা থেকে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা সহ ওছিরন বেগমকে (৫০) গ্রেফতার করে।
এ ছাড়া বেলপুকুর থানা পুলিশ ৩১পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা সহ মাসুম আলী (২২) ও মিজানুর রহমানকে (৪১) গ্রেফতার করে। শাহমখদুম থানা পুলিশ তিন লিটার চোলাই মদ সহ পরিতস পাহাড়ী (২৯) ও শরিফুল ইসলামকে (৩৭) গ্রেফতার করে। মতিহার থানার মির্জাপুর ফাঁড়ি পুলিশ ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ফাইসালকে (২১) গ্রেফতার করে।
শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তিনি শিক্ষার্থীকে বলেন, ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়।’
এই ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার সরকার ভুক্তভোগী শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান। পরদিন সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীকে একজন বান্ধবীসহ দেখা করতে বলেন।
অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থী বান্ধবীকে নিয়ে শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর দীপক কুমার ব্যক্তিগত আলোচনা করার জন্য বান্ধবীকে কক্ষের বাইরে অপেক্ষা করতে বলেন।
এরপর দীপক কুমার শিক্ষার্থীকে প্রশ্ন করেন, তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো? শিক্ষার্থী বাবার নাম বললে, তিনি বাবার দিব্যি দিয়ে পরবর্তী কথাগুলো কাউকে না বলার জন্য বলেন। এরপর অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, পরে তিনি শিক্ষার্থীকে বিকালে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়ার এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে তার হাত ধরে হ্যান্ডশেক করে বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’
এই ঘটনার পর শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানান। অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও অবহিত করলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, ২০২৬ সালের ১৭ জানুয়ারি ভাইভার সময় ক্লাসের সিআরের মাধ্যমে তাকে আবারো শিক্ষকের কক্ষে ডাকা হয়। পরিবার ও স্ত্রীকে বিষয়টি জানানোর কারণে দীপক তাকে হুমকি দেন।
অভিযোগকারী দাবি করেন, ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। দীর্ঘদিন ক্লাস করতে পারেননি। পরবর্তী সময়ে নানা ধরনের হয়রানির কারণে পরীক্ষার ফলও খারাপ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে দীপক কুমার অভিযোগ অস্বীকার করেছেন। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত না। এমন কিছু তো আমি করিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের নিরাপত্তা ও টহল জোরদার করার জন্য সিনিয়র জেল সুপার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছেন। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরে চিঠিটি প্রেরিত হয়।
এ বিষয়ে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে মোট চারটি কেন্দ্রীয় কারাগার অবস্থিত। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগারটি সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান। এই কারণে চারটি কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন বলে কারা কর্তৃপক্ষ মনে করছে।
চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কারা কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই পত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিটি সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানিয়েছেন, কাশিমপুর কারাগার কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। কারাগারের নিরাপত্তা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরে কারা কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে জেলার সবগুলো কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের নতুন মৌসুম শুরুর অপেক্ষায় ছিল। কিন্তু মাঠে বল গড়ানোর পূর্বেই সূচিতে পরিবর্তন আনতে হলো।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০২৬-২৭ মৌসুমের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর।
আজ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে রবিবার (২২ নভেম্বর)।
সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিসিডিএম জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো প্রতিটি ম্যাচ যেন সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ আয়োজন করা যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয় অথবা খেলা শেষ না হয়, তাহলে দলগুলোর মধ্যে পয়েন্ট ভাগাভাগির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি এড়াতে খেলা শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরিবর্তিত সূচি দ্রুত ক্লাব প্রতিনিধিদের কাছে পাঠানো হবে। একই সঙ্গে নতুন সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ক্লাবগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে সিসিডিএমের পক্ষ থেকে।
ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত দলগুলো। এখন নতুন সূচি অনুযায়ী ২২ নভেম্বর মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ