বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
প্রায় ৮০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে পাবনা থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানোন্নয়ন এবং রেলপথ প্রসারিত করার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচলের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনের পর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায়।
উদ্বোধনকালে সাংবাদিকদের শেখ রবিউল ইসলাম বলেন, ‘পাবনাবাসীর জন্য এটি নিশ্চিতভাবেই একটি আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এটি একটি নিরাপদ যাত্রা হবে। এটি সরকারের অঙ্গীকার ছিল; পাশাপাশি এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরাও জনগণের আস্থার মর্যাদা রাখলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই, আগামীতে বাংলাদেশের রেলের মান, এর সার্ভিস এবং রেলযাত্রা আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় ট্রেনটি ছেড়ে গেলেও আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নতুন সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ-এর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিককে ফোন করে সার্বিক খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার, ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে ফোনালাপের বিষয়টি জানান।
ফোনালাপে বিরোধীদলীয় নেতা মুসাদ্দিকের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। মুসাদ্দিক জানায়, ডা. শফিকুর রহমান তাকে এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন এবং মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেন। এ সময় তিনি মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।
দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, শাসকদের নৈতিক ভিত্তির দুর্বলতার কারণে সরকার রাষ্ট্রীয় প্রশাসন যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।
ডাকসু নেতার বিবৃতি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, জুলাই-পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের সংশ্লিষ্টদের অনিয়ম, অবৈধ উপার্জনের পথ সুগম করা এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধির স্বার্থে জুলাই গণহত্যায় অভিযুক্তদের সঙ্গে সমঝোতা ও পুনর্বাসনের প্রচেষ্টা দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অন্যতম কারণ। এর মাধ্যমে ২০২৪ সালের জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফোনালাপের শেষে, ডা. শফিকুর রহমান দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ ও জাতির হেফাজত কামনা করেন। অন্যদিকে, সার্বিক খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ