ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মেয়র মামদানি


বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের প্রেক্ষিতে মেয়র জোহরান মামদানি পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই ঘোষণা দিয়েছেন সোমবার (১৬ নভেম্বর)।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) মামদানির ঘোষণার পর পুলিশের কৌশলগত প্রতিক্রিয়া দল বিলুপ্ত করে এর প্রায় ৫০০ সদস্যকে আগামী বসন্তের আগে পুলিশের অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হবে। নতুনভাবে গঠিত দলটি বড় বিক্ষোভ সামাল দিতে নিরস্ত্র এবং গ্রেপ্তারের ক্ষমতাহীন বেসামরিক কর্মীদের নিয়ে গঠিত হবে।

২০২০ সালে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভের সময় ওই বিশেষ ইউনিটের বিরুদ্ধে মরিচের গুঁড়া ছিটানো এবং গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে ২০২৩ সালে একটি আইনি সমঝোতাও হয়েছে।

আরও পড়ুন: ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা

তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে, নতুন নামে পুলিশের আরেকটি দল গঠন করে পুরোনো ইউনিটের কার্যক্রম অব্যাহত রাখা হতে পারে। অন্যদিকে, পুলিশ ইউনিয়ন বলছে, এই সিদ্ধান্তের ফলে কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ এম


কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ

প্রকৃতিতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। যদিও উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হয়েছে, রাজধানী ঢাকা এতদিন তেমন শীতের দেখা পায়নি।

তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর আকাশ ও চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাস নগরজীবনে শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে।

সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকায় কুয়াশার ঘনত্ব চোখে পড়ার মতো। কোথাও দূরের স্থাপনা স্পষ্ট দেখা যাচ্ছে না, আবার কোথাও কয়েক হাত দূরের যানবাহনও কুয়াশার কারণে ঝাপসা হয়ে পড়ছে। ফলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দৃষ্টিসীমা নেমে এসেছে ৫০০ মিটারের কাছাকাছি।

শীতের সকালের এমন আবহাওয়ার মধ্যেও নগরজীবন থেমে নেই। জীবিকার তাগিদে কেউ কর্মস্থলে ছুটছেন, কেউ সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছেন, আবার কেউ জরুরি প্রয়োজনে বের হয়েছেন। তবে ঘন কুয়াশার কারণে সড়কে স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে সকালে কুয়াশার চাদরে মোড়ানো রাজধানীর চিত্রে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতির এই পরিবর্তনে অনেকের কাছে শীতের আগমনী অনুভূতি মিলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ এম


ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাজ্য

ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ দেশটির জন্য কোনো সুফল বয়ে আনেনি, এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে অনুষ্ঠিত লর্ড মেয়রের ভোজসভায় দেওয়া বক্তৃতায় তিনি উল্লেখ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ইইউর সঙ্গে সম্পর্ক নতুন করে ঢেলে সাজানো অত্যন্ত জরুরি।

বার্নহ্যাম তাঁর বক্তৃতায় ২০১৬ সালের গণভোটের মাধ্যমে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের বিখ্যাত রূপকথা ‘সম্রাটের নতুন পোশাক’-এর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, "রূপকথার মতো ব্রেক্সিট নিয়েও কেউ সত্য কথা বলতে সাহস পাচ্ছেন না।" তাঁর মতে, গত ১০ বছরে যুক্তরাজ্য যা অর্জন করেছে, তার চেয়ে বেশি হারিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বার্নহ্যামের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্যের দীর্ঘদিন অবহেলিত অঞ্চলগুলোর মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সম্মেলনের পর ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করতে চান বার্নহ্যাম।

সম্মেলনে খাদ্য ও পানীয় পণ্যের বাণিজ্য সহজ করা, জ্বালানি ও কার্বন নিঃসরণ নিয়ে সমঝোতা এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের তরুণদের জন্য নির্দিষ্ট সময়ের কাজের সুযোগ চালুর বিষয়ে আলোচনা হতে পারে।

বার্নহ্যামের অভিযোগ, ব্রেক্সিটের পক্ষে প্রচারণার সময় সীমান্ত, আইন ও অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি। বরং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য অনেক কমে গেছে। এর ফলে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, ব্রেক্সিট বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের প্রবণতা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এতে রাশিয়া ও অন্যান্য শত্রুপক্ষ লাভবান হয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্রেক্সিটের পর গত এক দশকে যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে। এই অবস্থায় ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানে পরিবর্তন আনতে পারে।

উল্লেখ্য, ব্রেক্সিট (Brexit) বলতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াকে বোঝায়। শব্দটি ‘ব্রিটেন’ (Britain) ও ‘প্রস্থান’ (Exit) শব্দের সমন্বয়ে তৈরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুতিদের কাছে বিপর্যয়ের পর সৌদি আরবে সেনাপ্রধানের পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ এম


ইয়েমেনে হুতিদের কাছে বিপর্যয়ের পর সৌদি আরবে সেনাপ্রধানের পরিবর্তন

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের সামরিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে সৌদি আরব সামরিক জোটের প্রধান পরিবর্তন করেছে। সোমবার (১৬ নভেম্বর) এক রাজকীয় ফরমানের মাধ্যমে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক কমান্ডার পরিবর্তনের বিষয়টি ঘোষণা করা হয়।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সোমবার (১৬ নভেম্বর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ববর্তী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেশের সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের কাছে বেশ কিছু এলাকা হারিয়েছে। রোববার (১৫ নভেম্বর) বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে সরকারি বাহিনীর প্রধান লক্ষ্য দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে হুতি বিদ্রোহীরা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ উপকূলীয় খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন যে, সংঘাত আরও ছড়িয়ে পড়লে এডেনের জন্য বড় হুমকি তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সরকার ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে, মুনাফা ৭.৫%

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ এম


বাংলাদেশ সরকার ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে, মুনাফা ৭.৫%

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামি বন্ড বা সুকুক ইস্যু করতে যাচ্ছে। এই সুকুকের মেয়াদ হবে ১৮২ দিন। বিনিয়োগকারীরা এই সুকুকের মেয়াদপূর্তিতে বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা অর্জন করবেন। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সুকুকের নিলাম।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ নভেম্বর এ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে ইজারা পদ্ধতিতে (সুকুক আল-ইজারা) এই বিনিয়োগ সুকুক ইস্যু করা হবে। সুকুকটির অভিহিত মূল্য ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন।

নির্ধারিত শর্ত অনুযায়ী, ১৮২ দিনের জন্য বিনিয়োগকারীদের মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা মুনাফা প্রদান করা হবে। এই অর্থ মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে। বার্ষিক মুনাফার হার ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শারিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) ব্যবহার করে আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুত করা প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি এ নিলামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ডের বিনিয়োগের সুযোগ রয়েছে।

তবে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে হবে।

বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং এর গুণীতক পরিমাণে সুকুক কেনার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শারিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে বিড জমা দিতে হবে।

নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল দরদাতাদের জন্য বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকাল ৩টায় সংশ্লিষ্ট এসআই আইডিতে জানানো হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা অনুমোদনের মাধ্যমে নিলাম আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%