ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার পরিস্থিতি নিয়ে জাপানের উদ্বেগ


পশ্চিম তীরে সহিংসতা ও গাজার পরিস্থিতি নিয়ে জাপানের উদ্বেগ

জাপান পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং গাজার বন্যা ও শীতের কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি টোকিওর সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সোমবার, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব উদ্বেগের কথা জানান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মোতেগি বলেন, "পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এবং বন্যা ও তীব্র শীতের কারণে গাজার মানবিক পরিস্থিতির আরো অবনতি হওয়ায় জাপান গভীরভাবে উদ্বিগ্ন।" তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় টোকিওর অবিচল সমর্থন রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে গৃহকর্মী নির্যাতন: আইন থাকলেও সুরক্ষা নেই

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি পূর্ব এশীয় সহযোগিতা সম্মেলন (সিইএপিএডি) এবং জেরিকো কৃষি-শিল্প পার্কের মতো উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

গাজার পুনর্গঠনে জাপান সক্রিয় ভূমিকা রাখবে বলেও মোতেগি জানান। এ ক্ষেত্রে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা বলেন তিনি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তীব্র আর্থিক সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন মোতেগি। তিনি পশ্চিম তীর ও গাজার জন্য সম্প্রতি অনুমোদিত মানবিক সহায়তার বিষয় উল্লেখ করেন। এই সহায়তার আওতায় জরুরি স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক ও ভূমি উন্নয়নের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী গাজা ও পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জাপানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজার পুনর্গঠনে টোকিওর উদ্যোগের প্রশংসা করেন।

আরও পড়ুন: পাকিস্তানে স্বর্ণখনন স্থগিত, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় জাপান

ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘটনায় মোতেগি গভীর হতাশা প্রকাশ করেন। তিনি দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানান।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, এসব সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা তুলে ধরতে হবে।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী নির্বাচন স্থগিতের কারণ, ভোট আয়োজনের প্রস্তুতি এবং প্রশাসনিক সংস্কারের অগ্রগতি সম্পর্কে জাপানকে অবহিত করেন।

আরও পড়ুন: ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা

আলোচনায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে এবং যত দ্রুত সম্ভব জাপান-ফিলিস্তিন উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ আয়োজনের বিষয়ে দুই নেতা একমত হন।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সাড়ে ৩শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগও রয়েছে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে এই বিষয়গুলো উঠে আসে।

বৈঠকে হাইকমিশনার জানিয়েছেন, ফিজির জনসংখ্যা প্রায় ৯ লাখ ৩০ হাজার। প্রতিবছর এখানে ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা পূরণ করতে দেশটি প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করে। এ কারণে ফলমূল ও শাক-সবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সুযোগ পাওয়া যেতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও রয়েছে।

এছাড়া, প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা:

বৈঠকে ফিজিতে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। হাইকমিশনার জানান, দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি বিদ্যমান। উন্নত আয়ের আশায় ফিজির অনেক দক্ষ কর্মী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ফিজিতে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়ে দেশটির ইতিবাচক মনোভাব রয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এছাড়া, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইটি খাতে দক্ষতা বাড়াতে মিরপুর-১১-এ চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


আইটি খাতে দক্ষতা বাড়াতে মিরপুর-১১-এ চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

রাজধানীর মিরপুর-১১-তে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’ চালু করছে এক্সচেঞ্জকরি টেক একাডেমি। আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে এই কোর্সটি শুরু হচ্ছে। নভেম্বর মাসে কোর্সটির প্রথম দুটি ব্যাচের কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাঠপর্যায়ে ১৭ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ কর্মসূচিটি তৈরি করা হয়েছে।

আয়োজকদের মতে, বড় প্রতিষ্ঠানে আলাদা আইটি বিভাগ থাকলেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কম্পিউটার মেরামত, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, প্রিন্টার ও সিসিটিভিসহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ একজন কর্মীকেই সামলাতে হয়। কোর্সটির উদ্দেশ্য হলো এসব কাজের জন্য বহুমুখী কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করা। সব ক্লাস সরাসরি শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য ও যন্ত্রপাতি ব্যবহার করা হবে।

কোর্সের পাঠ্যসূচিতে বিদ্যুৎ নিরাপত্তা, ডেস্কটপ কম্পিউটার সংযোজন, ল্যাপটপ মেরামত এবং মাদারবোর্ডের ত্রুটি নির্ণয়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া শেখানো হবে উইন্ডোজ ও ম্যাকওএস পরিচালনা, তথ্য পুনরুদ্ধার, ল্যান কেব্‌লিং, রাউটার ও ওয়াইফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার স্থাপন, ইউপিএস ও আইপিএস ব্যবস্থাপনা, সিসিটিভি, হাজিরা মেশিন এবং স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস স্থাপন।

কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, দূরবর্তী প্রযুক্তিগত সহায়তা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং এআই টুল ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, "বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন খাতে চাকরির ধরনে পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে এমন ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন, যা সহজে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব নয়।" তিনি আরও বলেন, "এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণেও কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজন হবে। কোর্সটিতে এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।"

প্রথম পর্যায়ে দুটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে একটি ব্যাচের ক্লাস সপ্তাহের কর্মদিবসগুলোতে অনুষ্ঠিত হবে, অন্য ব্যাচের ক্লাস হবে শুধুমাত্র শুক্র ও শনিবার, যা চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ব্যাচে আসনসংখ্যা ২০টি। কোর্স সম্পর্কে বিস্তারিত জানা ও ভর্তির তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ektabd.com থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে চায় চীন, উপাচার্যের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ঢাবিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে চায় চীন, উপাচার্যের আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং একই দূতাবাসের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। সাক্ষাৎকালে প্রতিনিধিরা ঢাবিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর প্রতি আগ্রহ প্রকাশ করেন। এই বিষয়ে উপাচার্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।

বৈঠকের সময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর জানান, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য চীনা শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহী। এ বিষয়ে তিনি উপাচার্যের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দীর্ঘকালীন ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতিবিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%