ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গভীর রাতে কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালের বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ


গভীর রাতে কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালের বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের (এসপিএল) রিফাইনারি স্থাপনের আবেদন পূর্বে চূড়ান্তভাবে বাতিল করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের সেই চূড়ান্ত বাতিলের আদেশের চিঠিটি গায়েব হয়ে গেছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষ কর্মকর্তাদের এবং তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে অবৈধ এই রিফাইনারিকে দ্রুত বৈধতা দেওয়ার জন্য নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোটি টাকার এই ঘুষ বাণিজ্যের কারণে তদন্ত কমিটির সদস্যরা রবিবার (১৫ নভেম্বর) রাত ৩টা থেকে সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত বিপিসি কার্যালয়ে গোপন বৈঠক করে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক প্রতিবেদন প্রস্তুত করার কাজ চালিয়ে গেছেন।

সুপার পেট্রোকেমিক্যালের আবেদন বাতিলের অকাট্য প্রমাণ অনুসন্ধানে উঠে এসেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা চিঠির স্মারক নম্বর হলো: ২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯ এবং তারিখ: ১৬ নভেম্বর ২০২৫।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে এসপিএলের ব্যবস্থাপনা পরিচালককে স্পষ্টভাবে জানানো হয় যে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের ক্ষেত্রে তাদের আবেদন বিবেচনার জন্য কোনো সুযোগ নেই। চিঠির ২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড (এসপিএল)-কে ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ এর আওতায় এই বিভাগ থেকে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়নি।

আরও পড়ুন: দরপত্র মূল্যায়নে বারিত প্রতিষ্ঠান যাচাই বাধ্যতামূলক: বিপিপিএর নতুন নির্দেশনা

মন্ত্রণালয়ের এমন কঠোর সিদ্ধান্ত থাকার পরও বিপিসির বর্তমান বিতর্কিত তদন্ত কমিটি এসপিএলকে অনুমতি দিতে টাকার পাহাড়ের কাছে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এর আগে গঠিত দুটি তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে এসপিএলের বিভিন্ন পর্যায়ে জালিয়াতি ও অসংগতির প্রমাণ পেয়েছিল। দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ওই দুই কমিটি প্রতিষ্ঠানটিকে অনুমতি না দেওয়ার পক্ষে জোরালো সুপারিশ করেছিল।

কিন্তু সেই জালিয়াতির প্রমাণ ও প্রতিবেদনগুলোকে ধামাচাপা দিয়ে গত ১০ নভেম্বর তড়িঘড়ি করে ৭ সদস্যের নতুন বিতর্কিত কমিটি গঠন করা হয়। বিপিসির অভ্যন্তরীণ একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়ার এই ‘মিশন’ সফল করতে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। বিপুল অঙ্কের এই টাকার জোরেই মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিষেধাজ্ঞার স্মারকযুক্ত চিঠিটি ফাইল থেকে গায়েব করে নতুন করে বৈধতা দেওয়ার নাটক সাজানো হচ্ছে।

সূত্র আরও জানাচ্ছে, সরকারি অনুমোদন ছাড়া রিফাইনারির বিশাল কর্মকাণ্ড পরিচালনা এবং বিপিসির অনুমোদন ছাড়াই শত শত কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানি করার মতো বড় অপরাধগুলো টাকার বিনিময়ে এড়িয়ে যাচ্ছে কমিটি। রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসির মতো একটি সরকারি দপ্তরে তদন্ত কমিটির এই অস্বাভাবিক অবস্থান ঘুষ লেনদেনের অভিযোগকে আরও প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন: পুঁজিবাজারে আসতে আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

খাতসংশ্লিষ্টরা বলছেন, যেখানে আগের কমিটিগুলো জালিয়াতি ধরেছে, সেখানে রাতের আঁধারে নতুন কমিটির এই প্রতিবেদন তৈরির চেষ্টা সন্দেহজনক। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে একটি অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়া হলে, তা দেশের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। অবিলম্বে সরকারের উচ্চ মহল থেকে এই রাতের আঁধারের তৎপরতা ও টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০০ এম


কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই আয়ের সুযোগে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা প্রয়োজন।

সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর দ্য আল্ট্রা-পুওর কমিউনিটি’র আওতায় প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘প্রশিক্ষণ দেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে পারেন, সেটি নিশ্চিত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত’।

তিনি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন, যাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে ব্যবধান কমানো যায়।

প্রতিমন্ত্রী তরুণদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, উদীয়মান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সময়োপযোগী হতে হবে। তাহলে প্রশিক্ষণের সুফল বাস্তবে পাওয়া সম্ভব হবে।

মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির সাফল্য তুলে ধরা হয়।

মুহসিন সিদ্দিকী কর্মসূচির অগ্রগতি তুলে ধরে জানান, ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে মোট ১৯ হাজার ৩৯১ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। তাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল সেলাই, কম্পিউটার পরিচালনা, গ্রাফিক ডিজাইন, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন, অটোমোবাইল মেকানিকস, গাড়ি চালনা, মোবাইল ফোন মেরামত এবং মোটরসাইকেল মেরামত।

তিনি জানান, প্রশিক্ষণার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ, নমনীয় শিক্ষার সুযোগ এবং আত্মকর্মসংস্থানে সহায়তার জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) প্রকল্প সমন্বয় কার্যালয়ের প্রকল্প বিশেষজ্ঞ মনজুর মুর্শিদ বলেন, কোভিড-১৯ মহামারির কারণে নানা বিঘ্ন ঘটলেও কর্মসূচিটি লক্ষ্য অর্জনে সফল হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই।

মনজুর মুর্শিদ বলেন, ‘বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলেই দেশের জনসংখ্যাকে বড় সম্পদে পরিণত করা সম্ভব।’

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাওশার চৌধুরী দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারে কর্মীদের প্রস্তুত করতে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘দক্ষতা প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় একটি ভাষা শিখতে পারলে কাজের সুযোগ আরও বাড়বে।’

নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান ড. নাজনীন। চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে কয়েকজন প্রশিক্ষণার্থী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বৃত্তিমূলক প্রশিক্ষণ তাদের জীবিকার উন্নতির সম্ভাবনা তৈরি করেছে।

এতে আরও বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ এম


বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

 ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রের


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. হাবিবুল্লাহকে সভাপতি, মোহাম্মদ বেলায়েত হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া তারেক আল ইমরানকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ খান রনিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি নতুন এ কমিটির অনুমোদন দেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বের সাংগঠনিক কার্যক্রম শুরু হলো। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%