০২:৫১ পি.এম
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার উপকরণ যুক্ত করা হচ্ছে। এই তথ্যটি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে খেলার ছলে ও হাতে-কলমে কাজ করে বিজ্ঞান শিখবে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
আজ রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)’ সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া, বিজ্ঞানভিত্তিক উপকরণের সঙ্গে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক ধারণা সহজে আয়ত্ত করতে সক্ষম হবে।
ভিত্তিগত শিক্ষার (ফাউন্ডেশনাল লার্নিং) ঘাটতি দূর করার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর মৌলিক পড়া, লেখা ও গণিতের ভিত্তি মজবুত করা। প্রাথমিক পর্যায়ে শিক্ষার ভিত্তি দুর্বল থাকলে পরবর্তীতে তা শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
‘আউট অব স্কুল চিলড্রেন’ বা বিদ্যালয়-বহির্ভূত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার পাশাপাশি ঝরে পড়া রোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো এই ‘বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা থেকে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে, সেইগুলো সংশোধন করে বাস্তবসম্মত ও কার্যকর বাস্তবায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে একটি শক্তিশালী মনিটরিং এবং মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন