বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫০ পি.এম
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সম্প্রতি উচ্চতর বেতন স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি লাভ করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৩তম সিন্ডিকেট সভায় তার পদোন্নতির বিষয়টি আলোচনায় আসার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দেয়। জকসুর নেতাসহ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতারা পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, স্থগিত এবং জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার উপাচার্যের কনফারেন্স কক্ষে উচ্চতর স্কেল গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ ধরনের আয়োজন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে উন্নীত হন। গ্রেড-২ পাওয়া শিক্ষকদের তালিকায় অধ্যাপক জাহাঙ্গীর হোসেনও অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। ওই সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক মো. নূর নবীকে ডিবি পুলিশের মাধ্যমে আটক করানোর অভিযোগও ওঠে। বিশেষ করে ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলনকারীদের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তৎকালীন প্রক্টর আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
এ কারণে তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ পদোন্নতির সিদ্ধান্ত স্থগিতসহ তিন দফা দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনের পক্ষে আয়োজিত একটি মিছিলে অংশ নেওয়ার পর শিক্ষার্থী সিয়ামকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি তার বাবা-মাকেও হুমকি দেওয়া হয়েছিল যে, তার লাশ বুড়িগঙ্গায় পাওয়া যাবে। ওই মিছিলে তিনিও উপস্থিত ছিলেন বলে দাবি করেন আকাশ।
আকাশ আরও বলেন, ১৪ জুলাই রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা হামলার শিকার হওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিসের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে গিয়ে শিক্ষার্থীদের মারধর এবং নূর নবীকে কারাগারে পাঠানোর ঘটনাও তুলে ধরেন তিনি। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
তার তিন দফা দাবির মধ্যে রয়েছে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের পদোন্নতির সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করা, জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে নিরপেক্ষ ও প্রকাশ্য তদন্ত করা এবং পদোন্নতির সুপারিশ ও অনুমোদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জনসমক্ষে সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ও বর্তমানে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ জানান, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় তৎকালীন প্রক্টরের ভূমিকা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দেওয়ায় তারা হতাশ। এ ঘটনায় ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
জবি শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিষয়ে তাদের সংগঠনের অবস্থান কঠোর। সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানান তিনি।
একই সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ পদোন্নতির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। ‘রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ বিতর্কিত পদোন্নতির সিদ্ধান্ত’ শিরোনামে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে, তাদের ভূমিকা ও কর্মকাণ্ড ভুলে যাওয়ার সুযোগ নেই। তাদের কারণে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতন, অধিকারবঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
জাফর আহমেদ বলেন, শহীদদের আত্মত্যাগ, আহত শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বেদনা এখনো কাটেনি। এমন সময়ে তৎকালীন প্রক্টরের দায়িত্বে থাকা অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। পদোন্নতি নিয়মতান্ত্রিক ও বিধিসম্মত হলেও সিদ্ধান্ত নেওয়ার সময়টি উপযুক্ত ছিল কি না, তা বিবেচনা করা প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু নিয়ম নয়, সময়, পরিবেশ, জনমত ও শিক্ষার্থীদের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানান।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) জিএস ও জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ অভিযোগ করেন, প্রক্টরের দায়িত্বে থাকার সময় অধ্যাপক জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। তার দাবি, আন্দোলনের সময় সমন্বয়ক নূর নবীকে ক্যাম্পাসের সামনে থেকে আটক করা হলেও তৎকালীন প্রক্টর কার্যকর ভূমিকা নেননি। এমন একজন শিক্ষককে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন বলে তারা মনে করেন। তার ভাষ্য, এমন একজন বিতর্কিত শিক্ষককে বর্তমান উপাচার্য যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করা হয়েছে।
রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘উপরে উপরে স্বৈরাচারবিরোধী র্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।’ সমাজে ভালো সাজতে উপাচার্য অভিনব কৌশল অবলম্বন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন দ্য ঢাকা ডায়েরিকে বলেন, এটা যেভাবে আমাদের ক্রাইটেরিয়া আছে, তার ভিত্তিতেই হয়েছে। পদোন্নতির সিদ্ধান্ত পুনঃতদন্তের কোনো বিধান বা সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং দাবি করেন যে এটি সঠিক হয়নি, তাহলে বিশ্ববিদ্যালয় বিষয়টি দেখবে। তিনি আরও বলেন, প্রয়োজনে পুনঃতদন্তের জন্য আমরা ব্যবস্থা নিব।
তবে পদোন্নতি প্রাপ্তদের সকল শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলছিলেন, কোনো কাজের যথাযথ স্বীকৃতি কর্মোদ্যম ও উৎসাহ বৃদ্ধি করে। শিক্ষকদের সর্বোচ্চ গ্রেডে উন্নীত হওয়ার অর্জনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। তিনি ‘টিম জগন্নাথ’ হিসেবে সবকিছুর ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তবে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের পদোন্নতি নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এছাড়াও এ বিষয়ে জানতে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
সব মিলিয়ে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের পদোন্নতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত, জুলাই আন্দোলনে তৎকালীন প্রক্টর অফিসের ভূমিকা এবং অভিযোগগুলোর তদন্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীদের একাংশের দাবি, পদোন্নতির প্রক্রিয়া নিয়মতান্ত্রিক হলেও জুলাই আন্দোলনের সময়কার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া, কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের সনদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধ সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য ইউজিসিতে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করবে। এর ফলে শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তাদের শিক্ষাজীবনের তথ্য কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।
তিনি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রি করে, যা অনিয়মের মধ্যে পড়ে। এই ধরনের অনিয়ম বন্ধ করার জন্য ভর্তি থেকে শুরু করে সনদ প্রদানের পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি অপরিহার্য।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকরা অনিয়ম করেন না। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করতে চান। এজন্য যেসব স্থানে অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর নগরীতে এক সেনা সদস্যের ভাড়া বাসা থেকে পুলিশ আরিফুল ইসলাম নামের এক অটোচালকের মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার নগরীর ভগিবালাপাড়া সবুজবাগ এলাকার ওই বাসার স্টোররুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাসেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি ভগিবালাপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর সেনা সদস্যকে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হেফাজতে নিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সেনা সদস্য শাহিন শেখকে পুলিশের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গত সোমবার অটোচালক আরিফুল ইসলাম নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে মহানগর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেই সূত্র ধরে নগরীর ভগিবালাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে তদন্ত চালায় পুলিশ। ওই বাড়িটি সেনা সদস্য শাহিন শেখ ভাড়া নিয়েছিলেন। পরে বাড়ির স্টোররুম থেকে গলা অর্ধেক কাটা এবং মাথায় শিলপাটা দিয়ে আঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে দেশি শিলপাটা দিয়ে মাথা থেঁতলে ও গলা কেটে অটোচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার এক বন্ধুকেও আটক করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, এক সেনা সদস্যের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ওই সেনা সদস্য বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।
পুলিশ কমিশনার আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা উভয়েই মাদক ও অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত কোনো ভুল বোঝাবুঝির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা যুদ্ধ চলাকালে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার কথা স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একাধিক সেনা ও কমান্ডার। তারা এই স্বীকারোক্তি দেন ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’-এর এক দীর্ঘ অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে।
প্রামাণ্যচিত্রটি প্রচারের পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও আইডিএফ বরাবরই দাবি করে আসছে যে এ ধরনের চর্চা নিষিদ্ধ, তবে যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের আটক করে ভবন ও সুড়ঙ্গ পরিদর্শনের কাজে পাঠানো হতো বলে আগেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৪ সালের আগস্টে ‘হারেৎজ’ পত্রিকা প্রথম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে এবং এরপর আইডিএফ অন্তত ১০টি ফৌজদারি তদন্ত শুরু করে।
‘মশা’ ও অন্যান্য ছদ্মনাম
কান-এর নিয়মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘জমান এমেত’-এর এক ঘণ্টার ওই বিশেষ পর্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের রেকর্ডকৃত সাক্ষ্যসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়, নিজস্ব সেনাদের ঝুঁকি কমাতে বিভিন্ন ইউনিট কোনো তদারকি ছাড়াই নিরীহ ফিলিস্তিনিদের তল্লাশি ও নজরদারির কাজে বাধ্য করত। উচ্চপদস্থ কমান্ডাররা বিষয়টি জেনেও না জানার ভান করতেন।
বিভিন্ন ইউনিটে এসব ফিলিস্তিনিকে ‘হিউম্যান প্ল্যাটফর্ম’, ‘শাউইশ’ (নিম্নপদস্থ সেনা বোঝাতে ব্যবহৃত অপশব্দ) এবং ‘মশা’ বা ‘মসকিটো’ নামে ডাকা হতো। ঠিক কতজন ফিলিস্তিনিকে এভাবে ব্যবহার করা হয়েছে তার সুনির্দিষ্ট হিসাব না থাকলেও, প্রামাণ্যচিত্রে কিছু সেনা দাবি করেন যে কোনো কোনো ইউনিটের প্রতিটি কোম্পানিতেই অন্তত একজন করে ‘মশা’ থাকত।
বিস্ফোরক ও সক্ষমতার ঘাটতির অজুহাত
প্রামাণ্যচিত্রে বলা হয়, গাজার প্রায় প্রতিটি বাড়িতে হামাসের পেতে রাখা বোমা ও ফাঁদের কারণে সেনাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছিল। শুরুতে ট্যাংকের গোলা, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র, ডি-৯ বুলডোজার, ওকেৎজ ইউনিটের কুকুর বা ছোট ড্রোন ব্যবহার করে ঝুঁকি কমানোর চেষ্টা করা হতো। কিন্তু সময়ের সঙ্গে এসব সরঞ্জাম ও সক্ষমতায় ঘাটতি দেখা দেয়।
কিরইয়াতি রিজার্ভ সাঁজোয়া ব্রিগেডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) এলিতজাফান গ্রানেভিচ বলেন, সে সময় সব সক্ষমতাতেই ঘাটতি ছিল, কুকুরগুলো প্রাণ হারিয়েছিল এবং ড্রোনও এখনকার মতো সহজলভ্য ছিল না। তার ভাষ্য অনুযায়ী, কমান্ডার হিসেবে তখন সেনাদের ঝুঁকি যতটা সম্ভব কমানোর উপায় খোঁজা হচ্ছিল। একইভাবে গিভাতি পদাতিক ব্রিগেডের সাবেক চিফ অব স্টাফ কর্নেল (অব.) এলি গিনো সীমিত সম্পদের বিষয়টি তুলে ধরেন।
নিষিদ্ধ চর্চার বিস্তার
সাক্ষ্য দেওয়া সেনাদের মতে, ২০২৪ সালের শুরুতে দক্ষিণ গাজার খান ইউনিসে অভিযানের সময় বিশেষ বাহিনীর সঙ্গে কাজ করতে গিয়ে পদাতিক ও সাঁজোয়া ইউনিটগুলো এই পদ্ধতি দেখে। রিজার্ভ বাহিনীর মেজর পদমর্যাদার এক পদাতিক কর্মকর্তা জানান, বিশেষ বাহিনীর সদস্যরা নিজেরা আগে না ঢুকে সামনে একজন ফিলিস্তিনিকে পাঠাতেন।
আইন অনুযায়ী, শিন বেত ও সামরিক গোয়েন্দা ইউনিট-৫০৪ নির্দিষ্ট শর্তে আটক ফিলিস্তিনিদের জিজ্ঞাসাবাদ বা সুড়ঙ্গের অবস্থান শনাক্তের মতো কাজে ব্যবহার করতে পারে। কিন্তু পুরো এলাকা দখলের দায়িত্বে থাকা সাধারণ পদাতিক বাহিনীর জন্য এ ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও বাস্তবতা ও ক্লান্তির অজুহাতে ধীরে ধীরে এই চর্চা ছড়িয়ে পড়ে।
প্রামাণ্যচিত্রে এক সার্জেন্ট জানান, মানবিক করিডোরের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালনকালে তিনি কোম্পানি কমান্ডারকে বেতারবার্তায় ‘দুটি মশা ধরার’ নির্দেশ দিতে শোনেন। পরদিন এক জিজ্ঞাসাবাদকারী প্রায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ দুজন ফিলিস্তিনিকে তাদের হাতে তুলে দেন। হাত পেছনে বাঁধা অবস্থায় তাদের রাতে রাখা হতো এবং পরদিন অভিযানে যাওয়ার আগে চোখের বাঁধন খুলে ভবনে পাঠানো হতো। ভাষা না জানায় ওই দুজন কেবল ‘রাফাহ’ এবং ‘হামাম’ (টয়লেট) শব্দ দুটিই বারবার বলতেন বলে জানান ওই সার্জেন্ট।
আরেক কর্মকর্তা জানান, ‘মোহাম্মদ’ নামের ২০ বা ৩০ বছর বয়সী এক ফিলিস্তিনিকে প্রায় দুই সপ্তাহ ব্যবহারের পর ছেড়ে দেওয়া হয়েছিল। আরেকজন জানান, একটি ব্যাটালিয়ন কুকুর বা ট্যাংকের গোলার বিকল্প হিসেবে ‘শাউইশ’ ব্যবহার করে দ্বিগুণ দ্রুততায় কাজ সারত।
তদারকির অভাব ও প্রাণহানি
শিন বেতের এক কর্মকর্তা এক পর্যায়ে ব্রিগেডের অস্থায়ী সদর দপ্তরে এসে এ ধরনের ব্যবহারের বৈধতা ও অপেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে জানান ওই মেজর। একটি ঘটনায় ক্যামেরাসহ পাঠানো এক ফিলিস্তিনি কোনো বিপদ না দেখার পর সেনারা ভেতরে ঢুকলে হামাসের অতর্কিত হামলায় এক সেনা নিহত হন।
লেফটেন্যান্ট কর্নেল গ্রানেভিচ স্বীকার করেন, আটক এসব মানুষের বিষয়ে কোনো স্পষ্ট নীতিমালা বা নিবন্ধন ছিল না। যুদ্ধেরও নিয়ম থাকে, কিন্তু এটি ছিল নিয়মহীনতা। ঊর্ধ্বতনদের কাছে এ বিষয়ে শৃঙ্খলা আনার অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি বলে জানান তিনি।
অনেক ফিলিস্তিনি জীবিত ছাড়া পেলেও, ইসরায়েলি সেনাদের গুলিতেই কয়েকজনের মৃত্যু হয়। এক ঘটনায় সাঁজোয়া যান থেকে নামা এক ফিলিস্তিনিকে বেতারবার্তায় সতর্ক করার পরও অন্য সেনারা ভুলবশত গুলি করে হত্যা করেন। এরপর অনেক ক্ষেত্রেই সুরক্ষা সরঞ্জাম ছাড়া সেনাদের পোশাক পরিয়ে তাদের সামনে পাঠানো হতো।
নিচুতলার সেনাদের উদ্যোগে অবসান
মেজর পদমর্যাদার ওই কর্মকর্তা জানান, এই চর্চার অবসান কোনো ব্রিগেড বা ডিভিশন কমান্ডারের সিদ্ধান্তে নয়, বরং নিচুতলার সেনাদের প্রশ্ন তোলার কারণেই ঘটে। গ্রানেভিচ জানান, তিনি যখন এক ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডারকে ‘শাউইশ’ আছে কি না জানতে চান, তখন তিনি তা নিতে অস্বীকৃতি জানান। একটি বেনামি ব্রিগেড শিন বেতের সঙ্গে যাচাই করে নিশ্চিত হয় যে আটক ব্যক্তিরা সন্ত্রাসী নন এবং এরপর তারা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে।
গ্রানেভিচ জানান, সেনাদের পোশাকে আটক ফিলিস্তিনিদের হামাস নিয়ন্ত্রিত এলাকায় ছাড়া সম্ভব ছিল না বলে কাছের দোকান থেকে সাধারণ পোশাক ও জুতা কিনে ছয়জনকে নেৎজারিম করিডোরের কাছে মুক্তি দেওয়া হয়।
সেনাবাহিনীর প্রতিক্রিয়া
প্রামাণ্যচিত্রটি প্রচারের আগে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এটি সেন্সর করার কথা বলেছিলেন এবং বিরোধীদলীয় নেতা আভিগদোর লিবারম্যান এটি প্রচার না করার আহ্বান জানান। যদিও এর আগেও হারেৎজ, নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস এবং একটি ব্রিটিশ প্রামাণ্যচিত্রে ‘মসকিটো প্রটোকল’ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন কান-কে বলেন, বাহিনী তাদের মূল্যবোধ, আইন ও সেনাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ঘটনা থেকে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে শিক্ষা নেওয়া হবে। একইসঙ্গে তিনি হামাসের বিরুদ্ধে বেসামরিক এলাকা, হাসপাতাল ও স্থাপনা ব্যবহারের অভিযোগ পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী জানিয়েছেন, সমুদ্রসৈকত কক্সবাজার থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ের সমন্বয়ে পর্যটন শিল্পের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, ‘সাগর থেকে পাহাড়ের পর্যটন সম্ভাবনাকে একীভূত করে সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার আওতায় পর্যটকরা পাহাড়ি অঞ্চল ও আশপাশের জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন অবস্থান করতে পারবেন।’
তিনি আরও জানান, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির অবাস্তবায়িত ধারাগুলো আন্তরিকভাবে বাস্তবায়ন করতে চায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সভায় সাজেকে চলমান সংকট নিরসনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপপরিচালক রুহুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। তিনি উল্লেখ করেন, চুক্তির যেসব ধারা এখনও বাস্তবায়িত হয়নি, সেগুলো বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক। বিগত সরকারের সদিচ্ছার অভাবে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
পাহাড়ের পানি সংকট নিরসনসহ স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে বনাঞ্চল সৃষ্টি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় থেকে পাথর উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান।
কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, রাঙামাটিসহ পাহাড়ে মানসম্মত ও গুণগত শিক্ষাব্যবস্থার পদক্ষেপ এবং শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের লোকবল সংকট দূর করতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হবে। পাহাড়ের অনাবাদি ও পরিত্যক্ত জমিতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এসব কৃষিপণ্য পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
এছাড়া স্বাস্থ্যসেবা উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স ও ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কাপ্তাই হ্রদের নাব্যতা ফেরাতে ক্যাপিটাল ড্রেজিংয়ের বিষয়ে গুরুত্বারোপ করে জেলা প্রশাসন ও পানিসম্পদ বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন মন্ত্রী সাচিং প্রু।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজেকের চলমান সংকট নিয়ে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানের কাছে পরিস্থিতির বর্ণনা জানতে চান।
দীপেন দেওয়ান জানান, তারা সরেজমিন এলাকায় গিয়ে অবরোধের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে চারটি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে অপর দাবিটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর হওয়ায় আলোচনায় সমঝোতা সম্ভব হয়নি। সংকট নিরসনে আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকের সমস্যা সমাধানে চেষ্টা চলছে। একটি পক্ষের কর্মসূচির কারণে সড়ক অবরুদ্ধ থাকলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী। এর আগে বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে রাঙামাটি যান। তিন পার্বত্য জেলায় তার ছয় দিনের সফরের অংশ হিসেবে ২৫ ও ২৬ নভেম্বর রাঙামাটিতে একাধিক কর্মসূচিতে যোগ দেন। গত ২১ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ