ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকাগামী দুই ট্রেনের যাত্রা শুরু, যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা: হিলিবাসীর স্বপ্ন পূরণ


ঢাকাগামী দুই ট্রেনের যাত্রা শুরু, যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা: হিলিবাসীর স্বপ্ন পূরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে। ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দিত। নতুন এ যাত্রার সূচনা উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে হিলি রেলস্টেশনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন যাত্রীরা। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এ সময় বলেন, "হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তনগর ট্রেন নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।" তিনি আরও বলেন, ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এটি এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ডেসকোর প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগ

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, "হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সেই দুর্ভোগ অনেকটাই কমবে।" তিনি যোগ করেন, "হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত।"

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, "আমাদের দিনাজপুর-৬ আসনের এমপি ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।" তিনি আরও বলেন, "ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।"

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবিতে তাঁরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাজে যাতায়াত আরও সহজ হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় হিলিবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে হিলির যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে হত্যা, আহত একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে হত্যা, আহত একজন

রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের কারণে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে আরো একজন যাত্রী আহত হয়েছে। রোববার সকাল ৮টা ২০ মিনিটের সময় উপজেলার জিগারতল এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং অপরজন একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। উভয়েই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এই বিরোধের ফলস্বরূপ কন্ডাক্টর দুই যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। এ সময় আতিকুল ইসলাম নামের একজন যাত্রীও আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বাসটি জব্দ করা হয়েছে এবং চালক, হেলপার ও কন্ডাক্টর পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


গাজীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে

গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের কারণে দুবাই প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকান পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রবাসীর আত্মীয় বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর এবং দুটি দোকানসহ এই বাড়িটি কিনেছিলেন। ঘরগুলোতে স্থানীয় বিভিন্ন গার্মেন্টস্ কারখানার শ্রমিকদের জন্য ভাড়া দেওয়া হয়েছিল এবং একটি দোকানে খাবার হোটেল পরিচালিত হচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন মুহূর্তের মধ্যে পেছনে থাকা বসতবাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

আগুনের ফলে প্রত্যেকটি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম এ বিষয়ে বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমাদের ইতিহাসের নির্মম ঘটনাবলি: ৭ নভেম্বরের গুরুত্ব বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


আমাদের ইতিহাসের নির্মম ঘটনাবলি: ৭ নভেম্বরের গুরুত্ব বিশ্লেষণ

ইতিহাসের ঘটনাবলি মূল্যায়ন বা বিশ্লেষণের জন্য কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, যা অভিন্ন মতামত বা একই দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। বরং, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, সেভাবেই ঘটনার মূল্যায়ন হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি বিশেষ ঘটনা; এ কারণে এদেশের জাতীয়তাবাদী রাজনীতিবিদরা একভাবে এটি মূল্যায়ন করেন, অন্যদিকে আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো সম্পূর্ণ ভিন্নভাবে মূল্যায়ন করে। এই কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই দিবসের ছুটি বাতিল হয়, আর জাতীয়তাবাদীরা ক্ষমতায় এলে ছুটি পুনর্বহাল হয়।

যেমন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রথমে সরকারিভাবে দিবসটি পালন বন্ধ করে। এরপর কেবল পালন বন্ধই করেনি, ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিল করে দেয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দিবসটির ছুটি পুনর্বহাল করেছে এবং ১৫ আগস্টের শোক দিবসের ছুটি বাতিল করেছে।

এদিকে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আওয়ামী লীগ কেবল ছুটি বাতিল করেই ক্ষান্ত থাকেনি, বরং ৭ নভেম্বরকে সৈনিক হত্যা দিবস হিসেবে প্রচার করার চেষ্টা করেছে। যেমন, চব্বিশের গণবিপ্লবকে একইভাবে পুলিশ হত্যা দিবস হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করছে। আবার, এই দলটি ক্ষমতায় থাকাকালে বিডিআরের অফিসারদের হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্র আড়াল করতে বিডিআর জওয়ানদের শাস্তি দিয়েছে; কিন্তু অফিসার হত্যা দিবস পালন করেনি। এর মানে হলো, আওয়ামী লীগ নিজের জন্য যা নৈতিক মনে করে, অন্যের জন্য তা অনৈতিকভাবে বিবেচনা করে।

যাহোক, প্রায় দুই দশক পর বিএনপির শাসনামলে নতুন এক আঙ্গিকে দিবসটি পালিত হয়েছে, যা নতুন প্রজন্মকে নতুনভাবে ইতিহাস জানার সুযোগ সৃষ্টি করেছে। কারণ ফ্যাসিবাদী শাসনামলে নতুন প্রজন্ম একটিমাত্র বয়ান শুনে এসেছে, যা বিকৃত ইতিহাস ছাড়া আর কিছুই ছিল না। যদিও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উক্তিটি সবসময় প্রযোজ্য। তিনি বলেছেন, ‘আপনি কিছু সময়ের জন্য সব মানুষকে বোকা বানাতে পারেন এবং কিছু মানুষকে সবসময় বোকা বানাতে পারেন; কিন্তু আপনি সব মানুষকে চিরকাল বোকা বানিয়ে রাখতে পারবেন না।’ তাই অর্ধশতাব্দীর পর এই দিবসের তাৎপর্য ভিন্ন এক মাত্রা লাভ করেছে এবং নতুন প্রজন্ম সত্যের পথে হাঁটার সাহস পেয়েছে।

সত্যের পথে হাঁটতে হলে আমাদের ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলির আনুপূর্বিক বিশ্লেষণ প্রয়োজন। অর্থাৎ ৭ নভেম্বরের আগে এবং পরের ঘটনাবলির চুলচেরা বিশ্লেষণ করতে হবে। প্রথমে এই সত্যটি বুঝতে হবে, বাংলাদেশের মানুষ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য যুদ্ধ করেছিল। কারণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পশ্চিম পাকিস্তানের শাসকচক্র সরকার গঠন করতে দেয়নি। বরং বাংলাদেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করার উন্মাদনায় মেতে উঠেছিল। তাই এদেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

কিন্তু স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা সরকার গঠন করার পর অঙ্গীকার ভঙ্গের যে রাজনীতি উপহার দিয়েছিল, সেটি ছিল হতাশাজনক। আমি নিজে ব্যক্তিগতভাবে যা দেখেছি বা অনুভব করেছি, তা ছিল অঙ্গীকার ভঙ্গের নতুন ইতিহাস। যদিও আমি সেই দিনটির কথা কখনো ভুলতে পারব না, যেদিন ঢাকার পতন ঘটেছিল। সেই ’৭১ সালের ১৬ ডিসেম্বর। টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা সেই ছবিটি এখনো চোখের সামনে ভাসছে। সেই কণ্ঠস্বর এখনো কানে বাজে। সেই কণ্ঠস্বর ছিল মেজর হায়দারের। তিনিই প্রথম টেলিভিশন সেন্টারে উপস্থিত হয়ে ঢাকা পতনের খবর প্রচার করেছিলেন। গোটা মহানগরী উল্লাসে ফেটে পড়েছিল। সেদিন পরাজিত পাকিস্তানি সৈনিকরা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছিল। তাদের রাইফেলের নল ছিল মাটির দিকে। তাদের মাথা ঝুঁকেছিল নিচের দিকে, যেন পরাজয়ের লজ্জা লুকাতে চাচ্ছিল।

আকাশে তখন গুলির খই ফুটছিল। মুক্তিযোদ্ধারা মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়ছিল। তাদের সঙ্গে মিশে গিয়েছিল পাকিস্তান আর্মির সহযোগিতাকারীরাও। একপর্যায়ে বোঝা যাচ্ছিল না—কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয়। পরবর্তীকালে এই নতুন যোদ্ধারা ‘সিক্সটিন ডিভিশন’ হিসেবে অভিহিত হয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের সামনে টাকায় আগুন জ্বলছিল। মানুষেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা ভাবছিল, দেশ স্বাধীন হয়েছে, ওগুলো অচল। কিছু কিছু বুদ্ধিমান লোক আগুন নিভিয়ে টাকা কুড়িয়ে নিচ্ছিল।

সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এএম মালেক, যিনি ঠাটা মালেক হিসেবে পরিচিত ছিলেন, তিনি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তখন হোটেলটি আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের অধীনে নিরপেক্ষ অঞ্চল হিসেবে নির্ধারিত ছিল। অন্যদিকে ঢাকা মুক্ত হওয়ার এক দিন পর ১৮ ডিসেম্বর পল্টন ময়দানে বন্দি রাজাকারদের বেয়োনেটের খোঁচায় হত্যা করার দৃশ্য আন্তর্জাতিক খবরে প্রচারিত হয়েছিল। এ ব্যাপারে প্রখ্যাত ইতালীয় সাংবাদিক অরিয়ানা ফ্যালাসির ‘ইন্টারভিউ উইথ হিস্ট্রি’ নামক বিখ্যাত গ্রন্থে এমন একটি বিবরণ পাওয়া যায়, যা বহির্বিশ্বে সদ্য স্বাধীন বাংলাদেশের ভাবমূর্তিকে দারুণভাবে ছোট করে দিয়েছিল। কারণ এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশ্ববাসী মেনে নিতে পারেনি।

এদিকে স্বাধীনতার ২৪ দিন পর ১০ জানুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) সাক্ষী হয় এক ঐতিহাসিক ঘটনার। সেটি ছিল শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। যে স্থানে তিনি ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণ দিয়েছিলেন, সেই একই স্থানে বিজয়ীর বেশে তার সেই প্রত্যাবর্তন কম বড় ঐতিহাসিক ঘটনা ছিল না। ওই সময়টায় তিনি বীরের বেশেই স্বদেশে ফিরছিলেন। মনে হচ্ছিল সত্যিকারের নায়ক আসছেন। তখন লন্ডনের বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ তাকে ‘বাংলার মুকুটবিহীন সম্রাট’ বলে অভিহিত করেছিল।

যদিও পরবর্তীকালে তার হৃদয়বিদারক পরিণতির পর বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খান সাপ্তাহিক বিচিত্রায় এক নিবন্ধে লিখেছিলেন, ‘তিনি ছিলেন রূপকের রাজা। সত্যিকারের মুকুটের ভার তাই তিনি সইতে পারেননি। উপরন্তু সেই ভারে ন্যুব্জ হয়েছেন। রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো দুঃশাসনের অচলায়তন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’

যাহোক, ১০ জানুয়ারির সেই বিশাল সংবর্ধনা সভা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। সেদিন হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়েছিলেন। আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে রেসকোর্স ময়দানে ঢুকে ঠিক মঞ্চের সামনে দিয়ে টিএসসি হয়ে হাতিরপুল গিয়েছিলাম। উপস্থিত জনতা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আকাশ-বাতাস প্রকম্পিত করে তুলেছিল। মনে হচ্ছিল, এই মানুষগুলো সীমাহীন স্বপ্ন নিয়ে সেই সমাবেশে উপস্থিত হয়েছে। তারা সত্যিকার অর্থেই শেখ মুজিবের নেতৃত্বে একটি সোনার বাংলার স্বপ্ন দেখছিল, যেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে অবারিত। যেখানে সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা হবে নিশ্চিত। যেখানে ’৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস হবে না। যেখানে ‘সোনার বাংলা শ্মশান কেন’ পোস্টারের অঙ্গীকার অনুযায়ী চালের দাম হবে সেরপ্রতি আট আনা। কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো, যার বিবরণ বিশাল—অল্প কথায় শেষ করা সম্ভব নয়।

বাস্তবে যা ঘটল, তা হলো আওয়ামী লীগ নেতারা অতীতের সব অঙ্গীকার বিস্মৃত হয়ে দুঃশাসনের অচলায়তন প্রতিষ্ঠা করতে শুরু করেন। বলা যায়, নিবর্তনমূলক শাসনের বিভীষিকা সারা দেশের মানুষকে গ্রাস করেছিল। সেটি ছিল অরওয়েলের দুঃস্বপ্নের মতো। শ্বেতসন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছিল মালিবাগের এক আওয়ামী লীগ নেতার সাদা জিপ ও পুলিশের কিছু কর্মকর্তা। মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ভূলুণ্ঠিত হয়েছিল সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা। উগ্র ধর্মনিরপেক্ষতা অনুসরণ করার কারণে ‘ইসলাম’ শব্দটি নির্বাসিত হয়েছিল; নির্বাসিত হয়েছিল কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার অঙ্গীকার। গুম-খুনের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। সে কারণে প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন তখন ‘দৈনিক বাংলা’য় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ শীর্ষক উপসম্পাদকীয় লিখেছিলেন।

সব পত্রিকা বন্ধ করে সরকারের অধীনে চারটি দৈনিক পত্রিকা রাখা হয়েছিল। অথচ স্বাধীনতার আগে আওয়ামী লীগ নেতারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাসহ একটি স্বৈরাচারী শাসনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সব অঙ্গীকার বিস্মৃত হয়ে সংবিধানের ব্যবচ্ছেদ ঘটিয়ে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার ঘটনায় জনগণের মধ্যে নেমে এসেছিল সীমাহীন হতাশা; সৃষ্টি হয়েছিল এক শ্বাসরোধকর পরিস্থিতি।

যেমনটা এনায়েতুল্লাহ খান তার ‘শেখ মুজিবের উত্থান-পতন’ প্রবন্ধে উল্লেখ করেছেন; তিনি লিখেছেন, ‘কিন্তু যারা প্রাণ দিল, ষড়যন্ত্রের রাজনীতিকে পদাঘাত করে নির্দ্বিধায় অস্ত্র তুলে নিল, যারা দেশপ্রেমের অঙ্গীকারে রক্ত দিয়ে মাতৃভূমির ঋণ শোধ করল—তাদের রক্তমাংস-হাড়ের বিনিময়ে তিনি গড়তে চেয়েছিলেন এক অলৌকিক ক্ষমতার দেউল। সেখানে দেবতা একক, পূজারি নেই। মানুষকে বাদ দিয়ে শুরু হলো বিগ্রহের রাজনীতি, পুতুলের খেলা। পরদেশি পটুয়ার হাতে সৃষ্টি হলো পুতুলের রাজা শেখ মুজিবুর রহমান। আমার কথা নিষ্করুণ জানি, কিন্তু ইতিহাস আরো বেশি নির্মম।’

মূলত আওয়ামী লীগ নেতারা শক্তি প্রয়োগের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে পন্থা অবলম্বন করেছিলেন, তা ছিল সম্পূর্ণ বাস্তববিবর্জিত। কারণ এই শক্তি প্রয়োগের ধারণা তাদের দ্রুত জনবিচ্ছিন্ন করে ফেলেছিল। তারা ঘটনার মূল্যায়ন করার চেষ্টা করেনি কখনো। ভাবা যায়, যে দলটি ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি সামরিক নেতৃত্বের অধীনে ৩০০ আসনের মধ্যে ২৯৩ আসনে বিজয়ী ছিল, সেই দলটিকে কেন স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির আশ্রয় নিতে হয়েছিল? কেন এত অল্প সময়ের মধ্যে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পর্কে আওয়ামী লীগ নেতারা কখনোই মূল্যায়ন করার চেষ্টা করেননি। বরং ১৯৭৪ সালের ৯ ফেব্রুয়ারি ‘বিশেষ ক্ষমতা আইন’ নামে একটি নিবর্তনমূলক আইন জারি করা হয়, যার মাধ্যমে সরকার যেকোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করার ক্ষমতা লাভ করেছিল। এসব বিষয় থেকে এটা বোঝা গিয়েছিল—জনমত কেন পাল্টে যাচ্ছে, তা মূল্যায়ন করে শুধরানোর পথে না হেঁটে সরকার বিক্ষুব্ধ হয়ে ওঠা মানুষকে জব্দ করতে ওই আইন জারি করেছিল।

কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কারণ আমরা দেখতে পেলাম ১৯৭৪ সালের ২৯ জুন, যেদিন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছিলেন, সেদিন পুরোনো বিমানবন্দর অর্থাৎ তেজগাঁও বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ভুট্টোকে স্বাগত জানিয়েছিল। এ পরিস্থিতি দেখে সরকার বেশ অবাক হয়েছিল। ভুট্টো যখন ফেরত যান, তখন বঙ্গভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় কারফিউ জারি করা হয়েছিল। আমরা তা দেখেছি এবং গভীরভাবে পর্যালোচনা করার চেষ্টা করেছি। কিন্তু কেন জনগণ এভাবে জুলফিকার আলী ভুট্টোকে সংবর্ধনা জানাতে ঝাঁপিয়ে পড়েছিল, সে ব্যাপারে আওয়ামী লীগ নেতারা কখনো পর্যালোচনা করে দেখেননি; বরং জনমতকে উপেক্ষা করে শক্তি প্রয়োগের মাধ্যমে সব সমস্যা সমাধান করাকে শ্রেয়তর পন্থা হিসেবে বেছে নিয়েছিলেন। আর সে কারণেই সারা বাংলাদেশে রক্ষী বাহিনীর নির্যাতন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। এত কিছুর পরও আওয়ামী লীগ নেতারা নিশ্চিন্ত হতে পারছিলেন না। তাই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশালি শাসন কায়েম করা হয়েছিল।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল ছিল যে, বাংলাদেশে তাদের চ্যালেঞ্জ করতে পারে, এরকম কোনো শক্তি কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শেখ মুজিবুর রহমানও তাই ভাবতেন। সে কারণেই একবার তিনি বলেছিলেন, ‘আমি আলেন্দে নই, আর বাংলাদেশের মানুষকে আমি ভালোভাবে চিনি।’ উল্লেখ্য, সালভাদর আলেন্দে ছিলেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৭৩ সালের সেপ্টেম্বরে তিনি সামরিক অভ্যুত্থানে নিহত হন। সম্ভবত শেখ মুজিবুর রহমান সুইজারল্যান্ডের মতো নিয়মিত সেনাবাহিনী-বিহীন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভাবতেন (যদিও সুইজারল্যান্ডে চার ঘণ্টার নোটিশে কয়েক লাখ সৈন্য মোতায়েন করা সম্ভব)। তাই তিনি বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী গঠনের ব্যাপারে মনোযোগী ছিলেন না। সে কারণেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল রেখে শক্তিশালী রক্ষীবাহিনী গঠন করেছিলেন। তাই হয়তো তিনি ভাবতেন, এই দুর্বল সেনাবাহিনী থেকে তার প্রতি কোনো চ্যালেঞ্জ আসবে না। আর সে ধারণা থেকেই হয়তো সেনাবাহিনীর মধ্যে গোয়েন্দা তৎপরতাও তেমন ছিল না। তিনি নিশ্চিত ছিলেন, সেনাবাহিনী থেকে কোনো চ্যালেঞ্জ আসবে না। তাই হয়তো তিনি বলেছিলেন, ‘আমি আলেন্দে নই।’ আর বাস্তবতা হলো, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থানেই তিনি সপরিবারে নিহত হন এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত রক্ষাকবচ হিসেবে বিবেচিত রক্ষীবাহিনী সামান্য প্রতিরোধ গড়ে তোলা তো দূরের কথা, নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল।

শেখ হাসিনাও প্রায় একই পথ অনুসরণ করেছিলেন। তিনি পিতার মতো একদলীয় শাসন কায়েম না করলেও সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের সব স্তরকে দলীয়করণ করার মাধ্যমে তৈরি করেছিলেন নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী; ভেবেছিলেন, তাকে চ্যালেঞ্জ করার কেউ অবশিষ্ট নেই। তাই তিনি একদমই চিন্তা করতে পারেননি যে, ছাত্র-জনতার ভেতর থেকে একদিন চ্যালেঞ্জ আসবে। অথচ তিনি নিজেই জানেন, ’৬৯ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটেছিল কীভাবে। সেই আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা অগ্রভাগে ছিলেন। একইভাবে ১৯৯৬ সালে তার (শেখ হাসিনা) নিজের নেতৃত্বে আন্দোলনের মুখে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। তিনি ভালো করে জানেন, ১৯৯০ সালে কীভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের চোটে স্বৈরশাসক জেনারেল এরশাদ সরকারের পতন ঘটেছিল। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ওই রকম দৃষ্টান্ত থাকা সত্ত্বেও শেখ হাসিনা কেন ছাত্র-জনতাকে চ্যালেঞ্জ ভাবেননি, সেটাও এক বিস্ময়কর ব্যাপার। এক্ষেত্রে হয়তো সেই ঐতিহাসিক উক্তিটিই হয়তো সত্য যে, ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া।

সুতরাং আমাদের ইতিহাসের এ রকম পটভূমিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সর্বশেষ চব্বিশের গণবিপ্লব আমাদের এই শিক্ষা দিচ্ছে যে, অঙ্গীকার ভঙ্গ ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে এবং থাকবেই।

এই যে ’৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর ৩ নভেম্বর খালেদ মোশাররফের সামরিক অভ্যুত্থান, সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করা, একই দিনে কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগের চার নেতার হত্যাকাণ্ডের ঘটনা এবং অতঃপর ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে বিশেষভাবে গুরুত্ব বহন করে। কারণ এসব ঘটনা একেকটা টার্নিং পয়েন্ট। আমার মনে আছে, যেদিন ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থান ঘটে, তার পরের দিন তার মা ও ভাই আওয়ামী লীগ নেতা রাশেদ মোশাররফের নেতৃত্বে রাজধানীতে একটি মিছিল বের হয়। পরদিন ইত্তেফাকের প্রথম পাতায় তিন কলামে তা প্রকাশিত হয়েছিল। এই ছবি প্রকাশিত হওয়ার পরপরই সারা দেশের মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে, বাংলাদেশে ভারতপন্থি একটি পাল্টা অভ্যুত্থান ঘটেছে। এই পরিস্থিতিতে শ্বাসরোধকর একটি অবস্থা তৈরি হয়। মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছটফট করছিল। এরই মধ্যে ঢাকায় খবর রটে যায়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা ঢাকা অভিমুখে মার্চ করছে। ঠিকই দম আটকানো চার দিনের মাথায় বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা ঢাকায় এসে পৌঁছায় এবং ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়।

আমরা তখন গুলবাগে থাকতাম। হঠাৎ রাত ৩টা নাগাদ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান শুনে ঘুম থেকে জেগে উঠি। চারদিক একটু ফর্সা হয়ে উঠলে ঘর থেকে বের হই। মেইন রাস্তায় গিয়ে দেখি রাজপথে হাজার হাজার মানুষ আনন্দ প্রকাশ করছে। তারা ট্যাংকের ওপর উঠে নাচানাচি করছিল। মালা পরিয়ে দিচ্ছিল ট্যাংকের গলায়। বেলা বাড়তেই মিষ্টি বিতরণ করা হচ্ছিল দেদার। কোনো সংগঠন ছাড়া মানুষের স্বতঃস্ফূর্ত এই জোয়ারের দৃশ্য ছিল অভূতপূর্ব। আমার মনে হচ্ছিল, ১৫ আগস্ট সান্ধ্য আইন জারি থাকার কারণে মানুষ রাস্তায় ব্যাপকভাবে নামতে পারেনি। হয়তো সেদিনেরই বিস্ফোরণ ঘটেছে ৭ নভেম্বর। আর এই দিবসটিই হয়ে উঠেছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার টার্নিং পয়েন্ট। যদিও পরবর্তীকালে জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থান, জেনারেল মইন ইউর ওয়ান-ইলেভেন ও শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের ফলে তা বারবার ব্যাহত হয়েছে, তা সত্ত্বেও এদেশের জনগণের অন্তর থেকে গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেনি কখনো। তাই সংঘটিত হয়েছে জুলাই বিপ্লব। আর জুলাই বিপ্লব আরেকটি চার্জিং পয়েন্ট—সেটা যদি রাজনীতিবিদরা উপলব্ধি করতে না পারেন, তাহলে আরেকটি বিপর্যয় দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

লেখক: সিনিয়র সাংবাদিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

মানুষের জীবনে হঠাৎ করে ভয়, আতঙ্ক, অস্বস্তি অথবা দুঃস্বপ্নের মতো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। বিশেষত ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে ওঠার মুহূর্তটি অনেকের জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় একজন মুমিনের প্রথম আশ্রয় হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলা। কারণ, সব ধরনের অনিষ্ট থেকে প্রকৃত নিরাপত্তা দেওয়ার ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।’

অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের আমার কাছে উপস্থিত হওয়া থেকে আশ্রয় চাই।’ (আবু দাউদ, হাদিস : ৩৮৯৩;  তিরমিজি, হাদিস : ৩৫২৮)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%